‘সকলে বুঝেশুনে কাজ করবেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে আজ কী অবস্থা চলছে, আপনারা সবাই জানেন। সে সম্পর্কে আলোচনা করে আমি এ অনুষ্ঠানের আনন্দ ম্লান করব না। তবে এ অবস্থা চলতে থাকলে শিল্পোৎপাদন, উদ্যোক্তা ও অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে ঠেকবে, আমি শুধু সে সম্পর্কে আপনাদের সচেতন থাকতে বলব। আমি শুধু আপনাদের প্রতি আহ্বান জানাব, সকলে বুঝেশুনে কাজ করবেন।’গতকাল শনিবার সন্ধ্যায় পোশাকশিল্পের মালিকদের উদ্দেশে এসব কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাকশিল্পের বার্ষিক প্রদর্শনী বাটেক্সপো-২০১০-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়া দেশের রাজনৈতিক পরিস্থিতি বা ৩০ নভেম্বরের হরতাল নিয়ে কোনো কথা বলেননি। তিনি এ সময় লিখিত বক্তব্য দেন।পোশাকশিল্প খাতের শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরিকাঠামো মেনে নেওয়ায় শিল্পমালিকদের ধন্যবাদ জানিয়ে সব কারখানায় মজুরিকাঠামো যথাযথভাবে বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শ্রমিকদের প্রতি আরও কল্যাণমূলক পদক্ষেপ নিতে শিল্পমালিকদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।খালেদা জিয়া এ সময় হরতাল সম্পর্কে কিছু না বললেও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি দেশ, উন্নয়ন, আইনের শাসন ও গণতন্ত্রের স্বার্থে হরতাল দিয়েছে। এ হরতালে পোশাকশিল্পের মালিকদের সমর্থনও কামনা করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া পোশাকশিল্পের শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা আবারও চালু করতে সরকারের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে রেশন হিসেবে চালের পাশাপাশি ডাল, আটা, তেল, লবণ দিতেও সরকারের প্রতি আহ্বান জানান।বিরোধীদলীয় নেত্রী বলেন, পোশাকশিল্পে এক ধরনের অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস চলছে। গ্যাস ও বিদ্যুৎ-সংকটের পরিস্থিতিতে এমনিতেই এ শিল্প সংকটের মধ্যে রয়েছে। এর সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এ খাতকে ধরে রাখা যাবে না। পোশাকশিল্প খাতের জন্য শিল্পাঞ্চল পুলিশ গঠনের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘শিল্পাঞ্চল পুলিশ যাতে পোশাকশিল্পে সুষ্ঠু আইনশৃঙ্খলা রক্ষার্থে যথাযথভাবে কাজ করে, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।’মন্দা মোকাবিলায় সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজের সুফল পোশাকশিল্পের উদ্যোক্তাদের কাছে পৌঁছায়নি বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।আমন্ত্রিত অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম পোশাকশিল্প খাতের প্রশংসা করে বলেন, ‘সারা পৃথিবীতে এখন নারীর ক্ষমতায়ন নিয়ে কথা হচ্ছে। পোশাকশিল্পে এই ক্ষমতায়ন হয়েছে। এই শিল্পের ৮৫ শতাংশ শ্রমিক নারী। এ জন্য সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।’স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, বিদ্যুৎ, গ্যাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষমতা হারাচ্ছে। এরই মধ্যে পোশাকশিল্পের কয়েক শ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানকে সহযোগিতা দিতে হবে, নইলে এই রুগ্ণতা ছড়িয়ে পড়বে।বিএনপির ৩০ নভেম্বরের হরতালের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য হরতাল দিয়েছে। কারও কাছ থেকে বিএনপির সবক নেওয়ার প্রয়োজন নেই।’অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী পোশাকশিল্প খাতকে হরতালের বাইরে রাখার আহ্বান জানান। বিজিএমইএর সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনও এ সময় বক্তব্য দেন।