চোখে-মুখে রাজ্যের হতাশা নিয়ে মিক্সড জোনে এলেন। পাশেই পাকিস্তান অধিনায়ক সানা মীর উচ্ছ্বাসভরা কণ্ঠে জানাচ্ছেন তাঁর দলের সোনা জয়ের অনুভূতি। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে রুপা জিতেও বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনকে বলতে হলো স্বপ্নভঙ্গের কথা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন...সালমা: কষ্ট পাওয়াই স্বাভাবিক। আশা ছিল, দেশে ফিরব সোনা নিয়ে। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় সত্যিই খুব কষ্ট পাচ্ছি। সেমিফাইনাল পর্যন্ত তিন ম্যাচে সহজে জিতেছেন। সোনা জয়ের ব্যাপারেও আপনাদের আত্মবিশ্বাসী মনে হয়েছে। সমস্যাটা কোথায় হলো?সালমা: সমস্যা আসলে তেমন কিছু ছিল না। তবে আমাদের ওপর সবার প্রত্যাশা ছিল। এটা চাপ হয়ে গেছে বলব না। তবে একটু মানসিক অস্থিরতায় ভুগছিলাম। যা-ই হোক, এটা খেলারই অংশ। ভারত, শ্রীলঙ্কা না থাকায় আপনাদের রুপা জয় অবধারিত ছিল। সোনা জিততে না পারা তো একরকম ব্যর্থতাই। আপনার কী মত?সালমা: ব্যর্থতা কিনা জানি না। তবে সোনা জিতলে বেশি ভালো লাগত। আমাদের চিন্তাভাবনায় সব সময়ই ছিল সোনা। ফাইনালে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। আসল দিনেই কেন এমন বাজে পারফরম্যান্স!সালমা: কী যে হয়ে গেল বুঝতেই পারলাম না। আজ (কাল) ভালো খেলিনি আমরা। তা ছাড়া আম্পায়ারের দুটি সিদ্ধান্ত আমাদের খেলাটা এলোমেলো করে দিয়েছে। কোন দুটি সিদ্ধান্তের কথা বলছেন?সালমা: পিংকির (ফারজানা হক) আর রুমানার এলবিডব্লু। ব্যাট-প্যাড হয়েছে, লেগ স্টাম্পের বাইরে ছিল বল। তবু আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন। ওরা ভালোই ব্যাট করছিল। ২০ ওভারে মাত্র ৯২ রান করলেন আপনারা। এই রান করে জয়ের আশা ছিল?সালমা: লড়াই করা সম্ভব ভেবেছিলাম। কিন্তু ওরা খুব ভালো ব্যাটিং করেছে। কিছু করার নেই। পাকিস্তান খুব প্রফেশনাল দল। কত রান করলে জেতা সম্ভব ছিল? আপনাদের ম্যাচ পরিকল্পনাই তো বোঝা যায়নি।সালমা: ১২০ করলে ভালো ফাইট হতো। সে হিসাবে ৩০ রান কম করেছি। পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারিনি। কখন মনে হয়েছে ম্যাচটা হারছেন?সালমা: ৯২ রান করার পরই মন বলছিল, আমরা হেরে গেছি। শুরুর দিকে ওদের উইকেট নিতে পারলে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল। সেটাও হলো না। কী আর করব! আমরা সবাই হতাশ। গত কয়েক দিন আপনাদের কথাবার্তায় বোঝা গেছে, পাকিস্তানকে হারানো বড় কোনো ব্যাপার না। সেই পাকিস্তানি মেয়েরা কোন জায়গায় আপনাদের চেয়ে এগিয়ে আছে?সালমা: ওরা সব দিক দিয়েই আমাদের চেয়ে এগিয়ে। আমাদের আসলে অনেক ম্যাচ খেলতে হবে। আমরা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়া অন্য টেস্ট প্লেয়িং দেশগুলোর সঙ্গে খেলেনি। কাজেই আমাদের বড় দলের সঙ্গে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। এটার কোনো বিকল্প নেই। চীন, জাপান, হংকং তো আপনাদের দিকে সমীহের চোখে তাকাত। ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে?সালমা: কথা হয়নি। ওরা তো ইংরেজি বোঝে না।