ঘরোয়া হকির বিক্ষুব্ধ সময়ে তাঁর আসা। পরশু এসেই কাল জাতীয় দলের অনুশীলন শুরু করেছেন নাভিদ আলম। বাংলাদেশ হকি দলের নতুন প্রধান কোচের লক্ষ্য একটি সুন্দর আগামী। মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শেষে সেসব নিয়েই বললেন সাবেক এই পাকিস্তানি ডিফেন্ডার বাংলাদেশ জাতীয় দল নিয়ে প্রথম দিন কাজ করলেন। অভিজ্ঞতা কেমন?নাভিদ আলম: সবে এলাম, সবকিছু দেখতে হবে। সব খেলোয়াড় এবং ফেডারেশনের সঙ্গে কথা বলা দরকার। জিমি কেবল জার্মানি থেকে ফিরেছে। কয়েকজন খেলোয়াড়ের পরীক্ষা আছে। আশা করছি, তিন-চার দিনের মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করতে পারব। ১৪ বছর পর বাংলাদেশে এলেন। এই সময়ের বাংলাদেশের হকি নিয়ে ধারণা আছে আপনার?নাভিদ: বাংলাদেশের হকি সম্পর্কে সবাই জানে। যদিও শীর্ষ পর্যায়ে বাংলাদেশ খেলে না। তবু কিছু না কিছু তো জানিই। সিঙ্গাপুরে অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ-পাকিস্তান দলের খেলা দেখেছি। ভালোই লেগেছে। দেখুন, আমরা এশিয়ান এবং এশিয়ানরা বিশ্ব হকিতে ধুঁকছে। তবে আমার কোচিংয়ে বাংলাদেশের হকি উপকৃত হবে আশা করি। বাংলাদেশের সঙ্গে আপাতত ছয় মাসের চুক্তি করলেন। নতুন দায়িত্বে আপনার লক্ষ্য কী?নাভিদ: এশিয়া কাপের ৫০ দিন বাকি, এখন এই এশিয়া কাপ নিয়েই কাজ করব। আমাদের ভারত, পাকিস্তানের মতো দলের সঙ্গে খেলে হারের ব্যবধানটা ছোট রাখতে হবে। এ জন্য খেলোয়াড়দের কাছে সত্যিকারের লড়াই চাই মাঠে। বাংলাদেশ সম্প্রতি বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে চীনের মতো দলকে হারিয়েছে। এটা নিশ্চয়ই জানেন।নাভিদ: এটা এখন অতীত। ভুলে যান। এমন দলের বিপক্ষে আমি সারা রাত ঘুমিয়ে মাঠে নেমে খেলে জিতে উঠেছি। চীন ভালো দল, ঠিক আছে। কিন্তু আমি চাই বড় দলের সঙ্গে খেলতে। যেমন ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া। এই দলগুলোর সঙ্গে ভালো করতে হবে। আপনি ঢাকা লিগে একবার খেলে গেছেন। সেই স্মৃতিটা কেমন ছিল?নাভিদ: ১৯৯৯ সালে ঊষায় খেলতে এসেছিলাম। কিন্তু চোট পেয়ে পাঁচ-ছয়টির বেশি ম্যাচ খেলা হয়নি। তখন হারুন (বর্তমান জাতীয় দলের কোচ মাহবুব হারুন), মামুনদের (মামুনুর রশিদ) সঙ্গে খেলেছি। বাংলাদেশ আমার জন্য তাই নতুন নয়। দ্বিতীয়বার এসে এখানে তো পরিচিত অনেককেই দেখছি (হাসি)। বাংলাদেশের শীর্ষ খেলোয়াড়েরা এখন দলবদলের দাবিতে দৌড়ঝাঁপ করছেন। এই অবস্থায় আপনি তাঁদের কীভাবে উজ্জীবিত করবেন?নাভিদ: আমি চাইব, সরকার ও ফেডারেশন যেন খেলোয়াড়দের নির্ভার রাখে। খেলায় মনোযোগ দিতে বলব খেলোয়াড়দের। সেটাই তাদের কাজ। আমি পাকিস্তান জাতীয় দলে খেলেছি। কাজেই আমি জানি, খেলোয়াড়দের দায়িত্ব কী। কঠোর পরিশ্রম করে দেশকে কিছু দিতে হবে খেলোয়াড়দের। হকি ফেডারেশনে এখন কোনো নির্বাচিত বা ঐকমত্যের কমিটি নেই। একটা অন্তর্বর্তীকালীন কমিটি কর্মকাণ্ড চালাচ্ছে। এটা নিয়ে যদি কোনো সমস্যা হয়...?নাভিদ: ফেডারেশনে কে আছে, বা কে এখন চালাচ্ছে, তা আমার দেখার বিষয় নয়। আমি খেলোয়াড়দের নিয়ে কাজ করব, তাদের নিশ্চয়ই উদ্বুদ্ধ করব। তবে উদ্বুদ্ধ করার প্রক্রিয়াটা গোপনই থাক। আপনি জিমির কথা বললেন। বাংলাদেশের আর কোনো খেলোয়াড়কে চেনেন?নাভিদ: আমি সব খেলোয়াড়কে সমানভাবে সম্মান করি। তবে কে জিমি, কে চয়ন—এটা আমি দেখব না। পারফর্ম করেই আমার দলে আসতে হবে। বলতে পারেন, বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে খুব অল্প ধারণা নিয়ে এখানে এসেছি আমি। আপনার খেলোয়াড়ি ও কোচিং জীবন সম্পর্কে কিছু বলুন...নাভিদ: ১৯৯৪ বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান দলে খেলেছি। ৯৮ বিশ্বকাপের পর খেলোয়াড় কাম কোচ হিসেবে কাজ শুরু। হল্যান্ড ও বেলজিয়ামে কাজ করে ২০০১ সালে চীনের কোচ হই। বছর চারেক সেখানে ছিলাম। ওই সময় পাকিস্তানকে হারিয়েছিল চীন।