‘সন্তান হারানোর বেদনা কেবল মা-ই বোঝেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজন মা সবটুকু ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলেন। সেই সন্তান হারানোর বেদনা কেবল মা-ই বোঝেন। ওরা আমার অবুঝ শিশুকে নরপশুর মতো হত্যা করেছে। তাই হত্যাকারীদের এমন শাস্তি দিতে হবে, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।’ গত ৩১ আগস্ট এভাবেই সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান গাইবান্ধার খামারপীরগাছা গ্রামের নিহত হওয়া শিশু তাসিনের মা কামরুন নাহার। তিনি হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, ‘আমার সন্তানের স্মৃতি এখনো চোখের সামনে ভাসছে। অথচ আসামির লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।’ শিশুটির বাবা আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার এক মাস পার হয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে পারছে না। উল্টো আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।’ তিনি আরও বলেন, পুলিশ রহস্যজনকভাবে গ্রেপ্তার করা তিনজন আসামিকে রিমান্ডে নিয়েও তাদের কাছ থেকে হত্যার পরিকল্পনাকারীর তথ্য ও রহস্য উদ্ধারে কোনো প্রচেষ্টা চালায়নি। এদিকে গত ২৮ আগস্ট গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও গাইবান্ধা উন্নয়ন নেটওয়ার্ক যৌথভাবে তাসিন হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে। এতে বক্তব্য দেন তাসিনের বাবা আমিনুল ইসলাম, মা কামরুন নাহার, নজরুল ইসলাম, উন্নয়ন নেটওয়ার্কের এম আবদুস সালাম, শাহাদত হোসেন, জনউদ্যোগের প্রবীর চক্রবর্তী, সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান, সম্পাদক মিহির ঘোষ, জি এম চৌধুরী প্রমুখ। সম্মেলনে বক্তারা মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত, অবিলম্বে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করে তাদের ফাঁসির দাবি জানান। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন মামলাটি ভিন্নখাতে প্রবাহের অভিযোগ অস্বীকার করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।গত ২৭ জুলাই গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে ১০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে একই গ্রামের জাহিদ, পাভেল ও রুবেল চার বছরের শিশু তাসিনকে অপহরণের পর গলা টিপে হত্যা করে। ওই দিন রাতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।