‘সন্ত্রাসীদের’ সহযোগিতা করতে সিরিয়ায় ইসরায়েলের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকার আজ রোববার দাবি করেছে, দেশটিতে হামলা চালিয়ে ইসরায়েল এটাই প্রমাণ করলো যে, তারা সিরিয়ার সরকারের বিপরীতে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে। বিসিসি জানায়, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতিসংঘে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসরায়েলের হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।সিরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, গত রাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একটি গবেষণাকেন্দ্র ও কয়েকটি স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে যায়। তবে ইসরায়েল বলছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে সিরীয় সরকারের পাঠানো বোমার একটি চালানই ছিল তার হামলার লক্ষ্য। দ্বিতীয় দিনের মতো ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব লিগ।সিরিয়া বলছে, সরকারকে উত্খাতের জন্য যেসব গোষ্ঠী সেনাবাহিনীর সঙ্গে লড়ছে, তাদের বেশির ভাগই আল-কায়েদার মতো জঙ্গি দলের সঙ্গে সম্পৃক্ত এবং এরা ‘সন্ত্রাসী’।ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র দাবি করেছে, গত শুক্রবার রাতে ইসরায়েল সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ক্ষেপণাস্ত্রের একটি চালান ধ্বংস করেছে।বিবিসি বলছে, ইসরায়েল সিরিয়ার গৃহযুদ্ধে একরকম জড়িয়ে পড়েছে।জাতিসংঘে পাঠানো সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল সিরিয়ার তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এগুলো হলো, জামরায়ার একটি গবেষণাগার, দামেস্কের আল দিমাস এলাকার একটি বিমানবন্দর ও মাইসালুনের একটি স্থাপনা।বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার সেনাবাহিনীর ওপর ইসরায়েলের গর্হিত আক্রমণ এটা স্পষ্ট করেছে যে, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও আল নুসরা ফ্রন্টকে মদদ জোগাচ্ছে ইসরায়েল।’ সিরিয়ায় আল-কায়েদার যে শাখাটি কাজ করছে, সেটি আল নুসরা নামে পরিচিত। এটি প্রকাশ্যে সিরীয় সরকারের বিরুদ্ধে লড়ছে।ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েল যে সুযোগ সন্ধানী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের উদগাতা ও কর্তা, সে বিষয়ে এখন আর কোনো সন্দেহ নেই। সিরিয়া অনেক দিন ধরে এটাই দেখে আসছে। এবার ইসরায়েল নিজ দেশ থেকে তার যুদ্ধাস্ত্র ব্যবহার করে সিরিয়া ও তার জনগণের ওপরে হামলা চালাতে শুরু করেছে।’ ইসরায়েলের হামলার পর সিরিয়ার মন্ত্রিপরিষদ আজ এক জরুরি সভায় বসে। সভা শেষে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ওমরান আল জোবি এ বিবৃতিটি পড়ে শোনান। তিনি বলেন, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের জন্য অশনিসংকেত এবং এর ফলে আরও অনেক বিপদ ঘনিয়ে আসতে পারে।বিরাট বিস্ফোরণআজ দামেস্কের উত্তর-পশ্চিম দিকে অনেকগুলো বড় বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর ওইসব স্থান থেকে কমলা ধোঁয়া উঠতে দেখা গেছে। জামরায়ার গবেষণাগার যে স্থানে অবস্থিত, সেখানে অনেক ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা ছিল। দামেস্কের সাংবাদিক আলা ইবরাহিম বিবিসিকে বলেন, গৃহযুদ্ধ হওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলা।