‘সন্ত্রাসীরা ঘরে ঢুকে বের হতে বলে’
‘এশার নামাজের পরপর আমরা ক্যাম্পে যে যার মতো ব্যক্তিগত কাজ করছিলাম। ক্যাম্পের পাহারায় ছিল আটজন পুলিশ। ভেতরে ছিলাম আমরা ১৭ কর্মী। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ। খবরটি পাশের ক্যাম্পে জানানোর উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে সশস্ত্র সন্ত্রাসীরা ঘরে ঢুকে পড়ে।’এভাবেই আফগানিস্তানে অপহরণের বর্ণনা দিলেন মাহবুবুর রহমান। গত ১৭ ডিসেম্বর আফগানিস্তানের বাল্ক প্রদেশের মাজার-ই-শরিফ জেলার বাইবোগা এলাকা থেকে অপহূত হওয়া সাত বাংলাদেশির একজন তিনি। তাঁর বাড়ি টাঙ্গাইলের কালিহাতী থানার বাগুটিয়া গ্রামে।প্রথম আলোর কাছে দেওয়া সাক্ষাৎকারে মাহবুব তাঁর অপহূত হওয়া ও মুক্তি পাওয়ার ঘটনা বর্ণনা করেন সম্প্রতি। মাহবুব জানান, ‘সশস্ত্র সন্ত্রাসীরা ঘরে ঢুকে সবাইকে বের হতে বলে। ততক্ষণে আমাদের লোকজন বাথরুম, খাটের নিচসহ যে যেখানে পেরেছে লুকিয়েছে। খাটের নিচে লুকিয়েছিলেন পাবনার আলতাফউদ্দিন। সন্ত্রাসীরা তাঁকে বের হয়ে আসতে বলে। কিন্তু তিনি বের হচ্ছিলেন না। সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তাঁর মাথায় পরপর তিনটি গুলি করে। আমরা সাতজন ধরা পড়ি। ক্যাম্পের পাহারায় নিয়োজিত আফগান পুলিশদের আর দেখিনি।’ ‘অস্ত্রের মুখে সাতজনকে নিয়ে রওনা হয় সন্ত্রাসীরা। জোছনা রাত ছিল। ওরা ছিল সংখ্যায় ১৭-১৮ জন, সবার হাতে ভারী অস্ত্র। পাহাড়ি উঁচু-নিচু পথে হাঁটতে হাঁটতে আমি পানির পিপাসায় কাতর হয়ে পড়ি। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে যায়। রাত আনুমানিক তিনটা। ওদের কাছে পানি চাই। ওরা বলল, পানি নেই। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমাকে দেখাশোনার জন্য ওরা আমাদেরই একজন কুমিল্লার আবুল খায়েরকে রেখে যায়। জ্ঞান ফিরলে আবুল খায়ের আমাকে নিয়ে হাঁটতে থাকেন। পাহাড়ি পথ দিয়ে হেঁটে অনেক দূরে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিই আমরা। ওই বাড়ির লোকেরা আফগান পুলিশে খবর দেন। পুলিশ আমাদের সামহোয়ান কোম্পানির ক্যাম্পে নিয়ে যায়।’ এক নিঃশ্বাসে বলেন মাহবুব। ক্যাম্পে এসে অন্য বাঙালি শ্রমিকদের সঙ্গে থাকেন মাহবুব। তাঁরা সবাই উত্তেজিত ও ক্ষুব্ধ। মাহবুব বলেন, ‘এ অবস্থায় কোম্পানির কর্মকর্তারা বলেন, যেহেতু আমি অপহূত হয়েছি, সেহেতু আমি চাইলে দেশে ফিরে যেতে পারি। এরপর আমি দেশে ফিরে আসি। আমার সঙ্গে আবুল খায়েরসহ চার-পাঁচজন দেশে ফেরে।’ মাহবুব এখন গ্রামে থাকেন। কাজ খুঁজছেন। তিনি জানান, তাঁর সঙ্গে ফেরা আবুল খায়ের দুবাই গেছেন বলে তিনি শুনেছেন। জিম্মি পাঁচজনকে যেকোনো উপায়ে মুক্ত করে আনার আবেদন জানান তিনি।