‘সন্দেহজনক’ উপকরণ নিয়ে প্রশ্নবোধক তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসক্রিম ও চকলেট তৈরিতে ব্যবহূত পাম কারনেল অয়েলের একটি সন্দেহজনক চালান বিক্রেতার কাছে ফেরত পাঠানোর জন্য বলা হলেও তা ব্যবহারের জন্য ক্যান্ডি প্ল্যান্টে পাঠানোর অভিযোগ উঠেছে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার বিরুদ্ধে। মিল্ক ভিটার ঢাকা দুগ্ধ কারখানা যাচাইয়ের পর তা ফেরত দিতে বলেছিল। মিল্ক ভিটা সূত্র জানায়, ৬ জুন পাঁচটি ড্রামে করে ৯৫০ কেজি পাম কারনেল অয়েলের একটি চালান মিরপুরে মিল্ক ভিটার কেন্দ্রীয় গুদামে আসে। পরদিন তার নমুনা সংগ্রহে সেখানে যান মিল্ক ভিটার ঢাকা দুগ্ধ কারখানার মাননিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা। কর্মকর্তারা প্রতিটি ড্রামের গায়ে যেখানে পণ্যের গুণগত মান ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে, সেখানে লাল রঙের প্রলেপ দেখতে পান। পাশাপাশি ড্রামের গায়ে মুদ্রিত লেখার ওপর সাদা কাগজে লিখে লাগানো পণ্যের বিবরণ দেখতে পান। তাই ওই পাম কারনেল অয়েলকে ‘সন্দেহজনক পণ্য’ উল্লেখ করে তা বিক্রেতার কাছে ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গুদাম কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা না করে গুদামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আবুল কালাম আজাদ সব অয়েল আইসক্রিম ও চকলেট তৈরিতে ব্যবহারের জন্য তেজগাঁওয়ে মিল্ক ভিটার ক্যান্ডি প্ল্যান্টে পাঠিয়ে দেন। এই কারখানায় শুধু সামান্য পরিমাণ চকলেট উৎপাদন করা হয়। নিয়ম হচ্ছে, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কেনার পর এই উপকরণটিকে ঢাকা দুগ্ধ কারখানার মাননিয়ন্ত্রণ শাখা থেকে সনদ নিতে হয়। উপকরণটির মান ঠিক আছে কি না, তা ব্যবহারোপযোগী কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তা ব্যবহার করা হয়। আর যেসব উপকরণ এখানে পরীক্ষা করা সম্ভব হয় না, সেগুলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) পাঠিয়ে পরীক্ষা করাতে হয়।মিল্ক ভিটার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ড্রামভর্তি পাম কারনেল অয়েল সম্পর্কে সন্দেহ হওয়ায় মাননিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা নমুনা সংগ্রহের পর একে ‘সন্দেহজনক পণ্য’ উল্লেখ করে প্রতিবেদন তৈরি করেন। মাননিয়ন্ত্রণ শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান শনিবার প্রতিবেদনটি ঢাকা দুগ্ধ কারখানার দায়িত্বে থাকা উপমহাব্যবস্থাপক আবু মো. শরিফুল ইসলামের কাছে জমা দেন। প্রতিবেদনে ওই পাম কারনেল অয়েল কী করা হবে, সে বিষয়ে নির্দেশনা জানতে চাওয়া হয়।এর পরিপ্রেক্ষিতে ওই দিনই দুগ্ধ কারখানা থেকে প্রতিবেদনটি কেন্দ্রীয় গুদামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আবুল কালাম আজাদের কাছে পাঠানো হয়। এসব সন্দেহজনক পাম কারনেল অয়েল যে প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হয়েছে তার কাছে ফেরত দিতে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।সূত্র জানায়, আবুল কালাম আজাদ এ উপকরণ বিক্রেতার কাছে ফেরত না পাঠিয়ে মিল্ক ভিটার একটি কাভার্ড ভ্যানে (ভ্যান নং-৭৩২) করে ব্যবহারের জন্য তেজগাঁওয়ের ক্যান্ডি প্ল্যান্টে পাঠিয়ে দেন। ওই ভ্যানের গেট পাস নম্বর-১১৯২৩। গুদাম থেকে কোনো উপকরণ ক্যান্ডি প্ল্যান্টে পাঠাতে হলে একটি চালানপত্র দিতে হয়। ওই কারনেল অয়েল পাঠানোর চালান নম্বর-১২৯১২০। নকল স্টিকারযুক্ত পাম কারনেল অয়েলের এই চালানটির বিষয়ে ক্যান্ডি প্ল্যান্টের ব্যবস্থাপক রেহানা রহমানও জানতে পারেন। মিল্ক ভিটার কর্মকর্তারা জানান, চকবার আইসক্রিমের ওপরের চকলেটের খোলসটা (কাভারচার) তৈরিতে ব্যবহূত হয় পাম কারনেল অয়েল। কোকো পাওডার ও পাম কারনেল অয়েলের মিশ্রণে চকলেটের খোলসটি তৈরি হয়। আবার মিল্ক ভিটার তৈরি চকলেট তৈরিতেও এই কারনেল অয়েল ব্যবহূত হয়। মিল্ক ভিটার আইসক্রিম তৈরি হয় মিরপুরের দুগ্ধ কারখানায়। আর কারনেল অয়েল ও কোকো পাওডারের মিশ্রণটি তৈরি হয় তেজগাঁওয়ের ক্যান্ডি প্ল্যান্টে। মিশ্রণ তৈরির যন্ত্র কেবল ওই প্ল্যান্টেই আছে।এ বিষয়ে জানতে তেজগাঁওয়ে ক্যান্ডি চকলেট প্ল্যান্টের ব্যবস্থাপক রেহানা রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।জানতে চাইলে গুদামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রথম আলোর কাছে দাবি করেন, উৎপাদনের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে ওই কারনেল অয়েল তেজগাঁও ক্যান্ডি প্ল্যান্টে পাঠানো হয়েছে। সেখানে এই কারনেল অয়েল দিয়ে পরীক্ষামূলকভাবে আইসক্রিম ও চকলেট তৈরি হবে। এসব পণ্যের মান খারাপ না হলে উৎপাদন চালিয়ে যাওয়া হবে। জানতে চাইলে মিল্ক ভিটার পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আলতাফ হোসেন রোববার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে আমরা পরীক্ষামূলকভাবে কোনো পণ্য তৈরি করি না।’ তিনি বলেন, পণ্য ও উপকরণের মাননিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয়ভাবে মাননিয়ন্ত্রণ কমিটি আছে। তারা দেখবে মান ঠিক আছে কি না। এ জন্য প্রয়োজনে বিসিএসআইআর থেকে এই পাম কারনেল অয়েল পরীক্ষা করিয়ে আনা হবে।