‘সন্দেহের বশে’ আরও এক ব্লগার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আসিফ মহিউদ্দীনকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে দুই দিনে চারজন ব্লগারকে গ্রেপ্তার করা হলো। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কারও বিরুদ্ধেই মামলা হয়নি। সবাইকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহমূলকভাবে (ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী)। ৫৪ ধারাতেই তিনজনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। গত সোমবার গ্রেপ্তার হওয়া তিন ব্লগার হলেন সুব্রত অধিকারী, মশিউর রহমান ও রাসেল পারভেজ। এদিকে ব্লগারদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী এবং সংহতি সমাবেশে অংশ নিয়েছেন শিক্ষক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও অনলাইন-কর্মীরা।কোনো মামলা ছাড়াই ‘ব্লগার গ্রেপ্তার অভিযান’ সম্পর্কে সরাসরি মুখ খোলেননি কোনো পুলিশ কর্মকর্তা। তবে আরও কিছু ব্লগারকে গ্রেপ্তার করা হবে বলে জানান তাঁরা।ডিবির উপকমিশনার (ডিসি) মোল্যা নজরুল ইসলাম বলেন, আসিফসহ চার ব্লগারকেই ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তি, ইসলাম ও মহানবী (সা.)-এর অবমাননার অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে শেরেবাংলানগর থানায় একটি মামলা করা হবে। তিনজনকে সাত দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।ডিবির ডিসি জানান, বেলা আড়াইটার দিকে সেগুনবাগিচায় বোনের বাসা থেকে আসিফকে আটক করে নিয়ে আসে ডিবি। পরে তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়।তবে আসিফের বড় বোন ইডেন কলেজের শিক্ষিকা জাহিদা মেহরুন নেছা প্রথম আলোকে বলেন, হামলার শিকার হওয়ার পর থেকেই আসিফ তাঁর আরেক বোন জুয়েলা জেবুন্নেসার বাসায় থাকছিলেন। গতকাল ভোর থেকে ডিবি ওই বাসায় তিনবার যায়। পরে তাঁর বোন জুয়েলা দুপুরের দিকে নিজের গাড়িতে করে আসিফকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যান। ব্লগার আসিফকে গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় নিজ কার্যালয়ের সামনে হত্যার চেষ্টা চালানো হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার চারজন জঙ্গি সংগঠন আল-কায়েদার আদর্শে বিশ্বাসী বলে জানান ডিবির কর্মকর্তারা। একই আদর্শের অনুসারীরাই গত ১৫ ফেব্রুয়ারি রাতে হত্যা করে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে।এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ব্লগে লেখার কারণে আসিফকে আটক করেছিল ডিবি। তখন তাঁকে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।প্রতিবাদ-বিক্ষোভ: বাংলা বিভাগের শিক্ষার্থী সুব্রত অধিকারীসহ গ্রেপ্তার হওয়া সব ব্লগারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে তাঁরা এ কর্মসূচি পালন করেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে আধাঘণ্টা অবস্থান করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে সভায় উপাচার্য বিষয়টি দেখার আশ্বাস দেন।অর্থনীতি বিভাগের শিক্ষক শফিকুজ্জামান বলেন, ‘সরকার প্রথম থেকে গণজাগরণ মঞ্চকে সমর্থন দিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে এ পদক্ষেপ নেবে, আমরা তা কল্পনাও করতে পারি না। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতির ওপর আঘাতের অভিযোগ আনা হয়েছে। কিন্তু যখন মসজিদে আগুন দেওয়া হয়েছে, কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো কি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া নয়?’ তিনি অভিযোগ করেন, সরকার পক্ষান্তরে হেফাজতে ইসলামকে সমর্থন দিয়েছে।বাংলা বিভাগের শিক্ষক রফিকুল্লাহ খান বলেন, বায়ান্ন সালে যাঁরা ভাষা আন্দোলন করেছিলেন, তাঁদের নাস্তিক বলা হয়েছিল। বাষট্টি সালে যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁদেরও নাস্তিক বলা হয়েছিল।গতকাল বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হয় শিক্ষক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও অনলাইন-কর্মীদের সংহতি সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, কথার জবাব কথা দিয়ে দিতে হবে আর লেখার জবাব দিতে হবে লেখা দিয়ে। লেখার জবাবে গ্রেপ্তার মেনে নেওয়া যায় না। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রীকে পরিষ্কারভাবে বলতে চাই, রিমান্ডে নেওয়া ব্লগারদের নির্যাতন করা হলে সারা দেশে আগুন জ্বলবে।’ তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ তো দূরের কথা, এ দেশকে অ্যানালগ অবস্থাতেও আর রাখতে চাচ্ছে না। মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আনু মুহাম্মদ বলেন, ভোটের রাজনীতি কতটা কদর্য হতে পারে, সেটাই বাংলাদেশের রাজনীতিতে এই সময় দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ বলেন, সরকার ভয় পেয়েছে। রাজনৈতিক জটিলতায় পড়ে ব্লগাররা গ্রেপ্তার হয়েছেন। আসিফ মহিউদ্দীনের বড় বোন জাহিদা মেহেরুন্নেসা বলেন, ‘আসিফ ধর্মান্ধদের কোপে মারাত্মকভাবে আহত। ও (আসিফ) মারাই যেত। আল্লাহ নিজ হাতে রক্ষা করেছেন। ও এখনো নিজ হাতে খেতে পারে না এবং ঘাড় ঘোরাতে পারে না।’ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় স্বার্থে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের অন্যতম সংগঠক বাকি বিল্লাহর সঞ্চালনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, ইতিহাস বিভাগের শিক্ষক সোনিয়া নিশাত আমিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ বক্তব্য দেন।