‘সফল আয়োজনই করলাম আমরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা ছিল অনেক। তার পরও সব বাধা জয় করে বাংলাদেশ গেমস আয়োজন করল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গতকাল শেষ হওয়া এই গেমসের নানা দিক নিয়ে কথা বললেন বিওএর মহাসচিব ও কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা আপনার চোখে সামগ্রিকভাবে গেমসটা কেমন হলো?সৈয়দ শাহেদ রেজা: সফল একটা গেমসই আমরা করলাম। প্রস্তুতি ছিল মাত্র তিন মাসের। কিছু ত্রুটিবিচ্যুতি থাকতেই পারে। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো গেমসটা ভালোভাবে শেষ হয়েছে। লোকজনের মধ্যে উৎসাহ ছিল, উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে সর্বত্র। মিডিয়াসহ সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। সবাই খুব সহযোগিতা করেছে, নইলে এই অল্প সময়ে গেমস করতে পারতাম না। গেমসের সবচেয়ে বড় প্রাপ্তি বলবেন কোনটাকে? শাহেদ রেজা: ১১ বছর গেমসটা না হওয়ায় অনেক ভালো ভালো খেলোয়াড় হারিয়ে গেছে। এই সময়ে আমরা কোনো খেলোয়াড় তৈরি করতে পারিনি। অবশেষে বৃত্তটা আমরা ভাঙতে পেরেছি, অনেক নতুন প্রতিভা বেরিয়ে এসেছে এই গেমসে। খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল বেশ ভালো। এটাই সবচেয়ে বড় পাওয়া। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ গেমস আয়োজনের ধারাবাহিকতা থাকবে তো?শাহেদ রেজা: অবশ্যই ধারাবাহিকতা থাকবে। ২০১৭ সালে পরবর্তী গেমস হবে। আমি যত দিন এই দায়িত্বে আছি, বাংলাদেশ গেমস আর বাক্সবন্দী হবে না। আমি না থাকলেও আশা করি, বিওএ এই আয়োজনগুলো নিয়মিত করবে।  ক্রীড়াবিদেরা নিজ নিজ ঠিকানায় ফিরে গেছেন। তাঁদের প্রতি আপনার কোনো বার্তা আছে?শাহেদ রেজা: ক্রীড়াবিদদের আমি একটা কথাই বলব, গেমস শেষে বাড়ি গিয়ে বসে থাকতে হবে না। সারা বছর যাতে মাঠে থাকা যায়, সেই পরিকল্পনা নেব।  কী ধরনের পরিকল্পনা নেবেন—একটু কী ধারণা দেওয়া যায়?শাহেদ রেজা: সবে গেমস শেষ হলো, এখন আমরা ফেডারেশনগুলোর সঙ্গে বসব। খেলোয়াড়দের নিয়ে মূল কাজটা তো ফেডারেশনই করে। বিওএ এখানে সহায়ক শক্তি। আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যাব। বাৎসরিক একটা ক্যালেন্ডার করব। সবাই যেন আগেই জানতে পারে কখন কোন খেলা। বাংলাদেশে বিওএর দিকেই ফেডারেশনগুলো তাকিয়ে থাকে। ফেডারেশনকে স্বাবলম্বী করতে বিশেষ কোনো চিন্তা আছে?শাহেদ রেজা: দেখুন, স্বাবলম্বী হওয়ার চেষ্টাটা ফেডারেশনকেই করতে হবে। বিওএর এখানে সহায়তা করবে। এশিয়ান গেমস বা অলিম্পিকে গোল্ড আমি তো নিজে পারফর্ম করে আনতে পারব না। এটা খেলোয়াড়দেরই আনতে হবে। এ জন্য ফেডারেশনগুলোর কাজ করা দরকার।  এই গেমসে কিছু সম্ভাবনাময় নবীন খেলোয়াড় বেরিয়ে এসেছে। তাঁদের গড়ে তুলতে বিওএ উদ্যোগ নেবে বলে আশা করছেন সবাই। আপনি নিজে কী ভাবছেন?শাহেদ রেজা: এরই মধ্যে নতুন রেকর্ড গড়া খেলোয়াড়দের বিওএর পক্ষ থেকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছি আমরা। এ ঘোষণার পর ভারোত্তোলনে দেখলাম, রেকর্ড গড়ার জন্য খেলোয়াড়েরা বাড়তি ওজন তোলার চেষ্টা করেছে। এই যে ইনসেনটিভ, এতে খেলোয়াড়েরা ভবিষ্যতের জন্য আরও উৎসাহ পাবে। পাশাপাশি নবীন প্রতিভা এগিয়ে নিতে প্রয়োজনে প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোসহ সব করা হবে।  নির্দিষ্ট করে যদি বলেন, এই গেমসে কোন জায়গায় আপনি সবচেয়ে বেশি তৃপ্ত?শাহেদ রেজা: আমার তৃপ্তি সব জায়গাতেই। ছোট ফেডারেশনগুলোর খেলায়ও গিয়ে দেখেছি, অনেক খেলোয়াড়, অনেক কর্মকর্তা। একটা জমজমাট অবাহ। সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে। প্রতিদ্বন্দ্বিতার অভাব নেই। এত অল্প সময়ে সবাই এত সুন্দরভাবে আসবে, খেলবে, এতটা আমি ভাবতে পারিনি। প্রতিটি ফেডারেশন তাদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে, এতে আমি তৃপ্ত। এর মধ্যে একটু কালির ছিটে বোধ হয় কাবাডিতে মারামারি। এটা কি এড়ানো যেত মনে করেন?শাহেদ রেজা: কাবাডির ব্যাপারটা বিচ্ছিন্নভাবে হয়ে গেছে, এটা দুঃখজনক। এসব সুষ্ঠুভাবে আয়োজনের মূল দায়িত্ব ফেডারেশনের। আমরা ফেডারেশনের কাছে রিপোর্ট চেয়েছি, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সর্বাত্মক চেষ্টা আমরা করব।