‘সব দায়িত্ব নির্বাচিত প্রতিনিধির ওপর দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের সব দায়িত্ব কেবল নির্বাচিত প্রতিনিধির ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না। সারা পৃথিবীতে রাজনীতিবিদদের ভাবমূর্তি মেঘাচ্ছন্ন। নিজেদের বেতন-ভাতা, সুবিধাদি এবং বিশেষ অধিকার সম্পর্কে এঁরা উদগ্রভাবে সচেতন। নির্বাচনের অর্থ সংগ্রহে নামকরা রাজনীতিকেরা ইউরোপে ধরা খেয়েছেন। বাংলাদেশে এঁরা ধরাছোঁয়ার বাইরে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান গতকাল শনিবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব মন্তব্য করেন। সাভারে দি হাঙ্গার প্রজেক্টের দশম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় ১০ হাজার যুবকের উদ্দেশে ‘জাগো যুববন্ধুরা মুক্তির সংগ্রামে’ শীর্ষক একটি লিখিত বক্তব্যে তিনি দেশের রাজনীতি, গণতন্ত্র, সুশীলসমাজ ও উন্নয়ন প্রসঙ্গে কথা বলেন।বক্তব্যের শুরুতেই এ বছরের নানা সাফল্যের কথা উল্লেখ করেন মুহাম্মদ হাবিবুর রহমান। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং শিশুমৃত্যুর হার কমানোয় প্রধানমন্ত্রীর পুরস্কার লাভ, কলেরা ও যক্ষ্মা রোগ নির্ণয়ে সাফল্য, কৃত্রিম কিডনি তৈরি ও ডায়রিয়া প্রতিরোধে টিকা আবিষ্কার, দেশে-বিদেশে ক্রিকেটারদের সাফল্য, মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় এবং পাটের জিনোম ও খরাবান্ধব ধানবীজ আবিষ্কারে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তাতে তিনি বড় আশা করে যুবসমাজের দিকে তাকিয়ে আছেন বলে জানান। বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রনেতাদের সম্পর্কে সাবেক প্রধান বিচারপতি বলেন, ‘আজকাল দেশের ছাত্র প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দের কেউ কেউ ছাত্রই নয়। শিং ভেঙে ৩২ থেকে ৩৫ বছরের আদু ভাইয়েরা ভিড় জমিয়েছে। দেশের সাধারণ লোক যে ছাত্রদের একসময় সমীহ করত এবং স্নেহ করে ঘরে জায়গির রাখত, তারা এখন ছাত্র নামধারী ব্যক্তিদের সঙ্গ পরিহার করতে চায়। দূর থেকে তারা ভয় পায় চাঁদাবাজ ও ধান্দাবাজ, ফন্দিবাজ দুর্বৃত্তদের।’সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘রাষ্ট্রের কর্তব্যকর্মের কিছু ভার সুশীল সমাজের ঘাড়ে এসে পড়েছে। সুশীল সমাজের আওতায় সমাজহিতৈষী, দেশ-শুভানুধ্যায়ী থেকে আত্মকেন্দ্রিক স্বার্থপর দালাল-মুৎসুদ্দি সবাই স্থান করে নেয়। এরা অনেকে বাইরের দেশের সম্মানে “ইজ্জতপ্রাপ্ত”। এদের মধ্যে ভালো-মন্দ সবাই আছে—ভূমিদস্যু থেকে কোটি কোটি টাকার কর-ফাঁকিবাজ বাজিকরেরাও। স্বেচ্ছায় কোটি কোটি টাকা আপসে বান্ধব সরকারের হাতে তুলে দিয়ে আইন-নির্ধারিত দণ্ড-জরিমানা থেকে এরা সহজে পরিত্রাণ পায়। ঋণগ্রস্ত ফতুর-মুফলিস কৃষককে ভিটেমাটি উচ্ছেদ করতে সরকারের দাবি আদায় আইন নিরপেক্ষভাবে তৎপর থাকে। নিঃসহায়দের বিরুদ্ধে আইন কদমে চলে, বিত্তবানদের ক্ষেত্রে আইন চলে দুলকি চালে ঢিমেতালে।’ মুহাম্মদ হাবিবুর রহমান সম্মেলনে অংশ নেওয়া প্রায় ১০ হাজার যুবকের উদ্দেশে সাধারণ মানুষের হাত ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ থেকে ১২ বছর আগে এক মানব উন্নয়ন কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ সালের সর্বোচ্চ মানব উন্নয়ন স্তরে পৌঁছুতে বাংলাদেশের আরও ১৩৭ বছর লাগবে, আর তত দিনে পৃথিবী এগিয়ে যাবে আরও ৪২ বছর। আমাদের সামনে এক কঠিন পরীক্ষা। প্রায় দেড়-দুই শ বছরের পিছিয়ে পড়া থেকে এক দ্রুত উল্লম্ফন-প্রক্রিয়ায় পার হয়ে আমাদের একবিংশ শতাব্দীর অগ্রযাত্রায় শামিল হতে হবে।’ অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান দেশগড়ায় উজ্জীবকদের ভূমিকার প্রশংসা করে বলেন, সততা, ত্যাগ ও ঐক্যের এখন খুব অভাব। অথচ এগুলোর গুণেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার স্বপ্ন এখন জাতির জন্য বড় প্রয়োজন হয়ে পড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান উজ্জীবকদের দেশবাসীকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার বলেন ক্ষুধা, অশিক্ষা, মানুষের অধিকার হরণ, দুর্নীতির বিরুদ্ধে উজ্জীবকেরা কাজ করে আসছেন। তাঁদের দেশের সর্বত্র আরও ব্যাপকভাবে কাজ করার অনুরোধ জানান তিনি। উজ্জীব পুনর্মিলনের আহ্বায়ক ফাহমিদা নবী বলেন, আমরা দেশ গড়তে যে অনেক কিছুই করতে পারি, তা নয় মাসের মুক্তিযুদ্ধে করে দেখিয়েছি। অনুষ্ঠানে উজ্জীবকেরা প্রতি দিন অন্তত একটা ভালো কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। উজ্জীবকেরা দেশাত্মবোধক গান, জারি গান ও নৃত্য পরিবেশন করেন।