অবশেষে অপেক্ষার অবসান। অভিষেক সিরিজের পরই বাদ পড়ে জাতীয় দলে ফিরলেন পাঁচ বছর পর। এবার কি পারবেন জায়গাটা ধরে রাখতে? শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন আস্থা রাখছেন গত কয়েক বছরে সঞ্চিত অভিজ্ঞতায় পাঁচ বছর পর আবার জাতীয় দলে। খুব রোমাঞ্চিত নিশ্চয়ই?মোশাররফ হোসেন: আসলেই খুব ভালো লাগছে। সবচেয়ে কাকতালীয় হলো আমি আমার সর্বশেষ ওয়ানডে ম্যাচটা খেলেছিলাম ২০০৮ সালের ১৪ মার্চ। আবার দলে ডাক পেলাম ঠিক ১৩ মার্চ। এটা অন্য রকম একটা অনুভূতি দিচ্ছে। তা ছাড়া জাতীয় দলে সুযোগ পাওয়া সব সময়ই বিশাল ব্যাপার। আমি হয়তো পারফরম্যান্সের ধারাবাহিকতারই পুরস্কার পেয়েছি। আশা করেছিলেন এবার সুযোগ পাবেন?মোশাররফ: আমার মনে হয়, ২-৩ বছর ধরেই আমি ধারাবাহিকতা রক্ষা করে খেলতে পারছি। ঘরোয়া যেকোনো খেলায় নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি। কাজেই সব সময়ই আশা ছিল আমি সুযোগ পাব। কিন্তু এর আগেও অনেকবার দল ঘোষণার আগে আপনাকে নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত সুযোগ পাননি। শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দল ঘোষণার আগেও সেটা হয়েছে...মোশাররফ: হ্যাঁ, একটু খারাপই লেগেছে তখন। এ রকম একটা সুযোগ মিস হলো...আবার কবে সুযোগ আসবে কে জানে! তবে আমি আশা ছাড়িনি। বিশ্বাস ছিল, ধৈর্য ধরলে আর ভালো খেলে গেলে যেকোনো সময় সুযোগ আসতে পারে। প্রত্যাবর্তন সিরিজটা শ্রীলঙ্কায়। সুযোগ পেলে ভালো খেলার ব্যাপারে কতটা আশাবাদী?মোশাররফ: একটু কঠিনই হবে আমার জন্য। দেশের মাটিতে খেললে অনেক সুবিধা থাকে। পরিচিত উইকেট, নিজেদের পরিবেশ। তা ছাড়া শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলাটা আমাদের জন্য সব সময়ই কঠিন। তার পরও চেষ্টা করব। পরিশ্রম করলে সবই সম্ভব। অভিষেক সিরিজে তো খুব একটা ভালো ছিল না পারফরম্যান্স। তিন ওয়ানডে খেলে মাত্র ১ উইকেট। এবার কি বিশেষ কোনো লক্ষ্য থাকবে?মোশাররফ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেবার প্রস্তুতি ম্যাচটাতে ভালো বল করেছিলাম। তিনটা উইকেট ছিল। তবে হ্যাঁ, ডেব্যু ভালো হয়নি আমার। আসলে কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গিয়েছিল সিরিজটা। এবার অবশ্য সে তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি এই পাঁচ বছরে অনেক ম্যাচ খেলেছি। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ডে গিয়ে ক্লাব ক্রিকেট খেলেছি। এই অভিজ্ঞতা আমার খেলার মান কিছুটা হলেও ভালো করেছে আশা করি। ঘরোয়া ক্রিকেট বা ইংল্যান্ডে গিয়ে খেলার এই অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে কি ভূমিকা রাখতে পারে?মোশাররফ: আমি মনে করি, বিপিএলে খেলার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করবে। ঘরোয়া ক্রিকেটে যাদের বিপক্ষে খেলি তাদের সবাইকে চিনি। জানি কাকে কীভাবে বল করতে হবে। কিন্তু বিপিএলে বল করেছি আন্তর্জাতিক ক্রিকেটারদের বিপক্ষে। তাদের আউট করেছি। বলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই এখানে ছিল। টেস্ট সিরিজটা দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ দল। সতীর্থদের এমন পারফরম্যান্সও নিশ্চয়ই আপনার আত্মবিশ্বাস বাড়াবে?মোশাররফ: অবশ্যই। গল টেস্টে দল ভালো খেলায় আমার জন্য বাড়তি সুবিধাই হলো। বাজে ফর্মে থাকা কোনো একটা দলের সঙ্গে গিয়ে যোগ দিয়ে মানিয়ে নেওয়া অনেক সময় কঠিন হয়। সবাই হতাশ থাকে, মন খারাপ থাকে। এখন ব্যাপারটা সে রকম নয়। শ্রীলঙ্কায় সবাই খুব আত্মবিশ্বাসী। ফুরফুরে মেজাজে আছে। এমন পরিবেশে গিয়ে আমারও নিশ্চয়ই খুব ভালো লাগবে।