হঠাৎ করেই নামটা হারিয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেটে নেই ২০০৪-এর পর থেকেই, চার বছর ধরে ঘরোয়া ক্রিকেট থেকেও উধাও! কাল শেষ হওয়া বিসিবির পাঁচ দিনব্যাপী লেভেল-২ কোচিং কোর্স দিয়ে আবারও ফিরে এলেন হাসিবুল হোসেন (শান্ত)। ফেলে আসা জীবনের জন্য আফসোস থাকলেও জাতীয় দলের সাবেক এই পেসার আবারও যুক্ত হতে চান ক্রিকেটে লেভেল-২ কোচিং কোর্স দিয়ে এত দিন পর আবার ক্রিকেটের সঙ্গে জড়ালেন। কেমন লাগল?হাসিবুল হোসেন: নতুন অনেক কিছু শিখতে পেরেছি। ভালোই লেগেছে। লেভেল-১ কোর্স করেছিলাম ২০০৭ সালে। লেভেল-১ করার পর সেবারই পেস বোলিং ফাউন্ডেশনে দুই মাস ট্রেনিং করি। এবার লেভেল-২ কোর্স করলাম। এখন সামনের দিকে যদি এগোতে পারি, তো এগোলাম। মাঝখানের সময়টায় তো ক্রিকেটে একদমই ছিলেন না...হাসিবুল: না, একদমই ছিলাম না। ব্যক্তিগত কারণে সরে ছিলাম। এই চার বছরে খেলারই বাইরে চলে গিয়েছিলাম। কিছুই খেলিনি, ক্রিকেটের কোনো কিছুতেই ছিলাম না। তবে খেলা দেখতাম সব সময়। কী মনে করে আবার ফিরলেন? কোনো লক্ষ্য নিশ্চয়ই আছে...হাসিবুল: অনেক দিন বাইরে ছিলাম...খেলা ছাড়া আসলে ভালো লাগে না। খেলার সঙ্গে সব সময় থাকতে ইচ্ছা করে। আমার দেওয়ারও অনেক কিছু আছে। খেলার অভিজ্ঞতা দিয়ে কোচিংয়ে যদি কিছু দিতে পারি, তো ভালো লাগবে। দেশের ক্রিকেটেরও হয়তো লাভ হবে। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে তাহলে...হাসিবুল: হ্যাঁ, কোচিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে। যদি ভালো করতে পারি, তাহলে তো আমার জন্যই ভালো। মাঝের চার বছর কীভাবে পার করেছেন?হাসিবুল: বলতে পারেন ঘরেই বসে ছিলাম। কোনো কিছুর সঙ্গেই ছিলাম না। ক্রিকেটে অনেক প্রতিভা নিয়ে এসেও হঠাৎ হারিয়ে গেলেন। এখন কি মনে হয় প্রতিভার প্রতি অবিচার করেছেন?হাসিবুল: অবিচার তো অবশ্যই করেছি। সমস্যা হলো, আমরা যখন খেলাটা শুরু করি, তখন এতটা সিরিয়াস ক্রিকেট ছিল না। ক্রিকেটের জন্য যে সামনে এত ভালো একটা সময় আসছে, সেটা বুঝতে পারিনি। কেউ সেভাবে বুঝিয়েও দেয়নি। ভালো একটা দিকনির্দেশনা যদি তখন পেতাম, হয়তো বা আমার এই ভুলটা হতো না। খেলোয়াড়ি জীবন তো শেষ, এখন দেখি কোচ হয়ে কিছু করতে পারি কি না। তারকাখ্যাতি হারিয়ে একদমই কোথাও নেই। আফসোস হয়?হাসিবুল: আফসোস তো হয়ই। যদি বুঝতাম যে ক্রিকেট আজ এত ওপরে উঠবে, নিশ্চয়ই আরও সিরিয়াস হতাম। আফসোস এটাই...নইলে জীবনে উত্থান-পতন তো আছেই। সবকিছুর আড়ালে চলে যাওয়ার জন্য ভাগ্যকে দোষ দেবেন, নাকি অন্য কিছু বলবেন?হাসিবুল: ভাগ্য-টাগ্য বলব না। সবই আমার কর্মফল। সিরিয়াসনেস ছিল না। ক্রিকেট থেকে মনোযোগ উঠে গিয়েছিল। মোটিভেশনেরও অভাব ছিল। অনেকে বলে, অনিয়ন্ত্রিত জীবনই আপনাকে পিছিয়ে দিয়েছে। আপনার জীবনটা ঠিক ক্রিকেটারের জীবন ছিল না। অভিযোগটা মানেন?হাসিবুল: ওসব কিছু না। আমি তো বললামই মন উঠে গিয়েছিল। মানুষ কী ধরনের ডিসিপ্লিনের কথা বলে, বুঝতে পারছি না। সবচেয়ে বড় কথা হলো, খেলার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। নতুনরা আসছিল, অনেকে অনেক ধরনের কথা বলছিল। সব মিলিয়ে মন উঠে গিয়েছিল।