‘সবই দেখি পুরোপুরি ভিন্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে যাওয়ার আগে ভেবেছিলেন একরকম, গিয়ে দেখেন অন্য রকম। রক্ষণশীল ইরানে মেয়েদের খেলাধুলার দুয়ার এখন উন্মুক্ত। ঢাকায় মহিলা এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব খেলতে এসে সেই অভিজ্ঞতাই কাল বর্ণনা করলেন ইরান মহিলা দলের পর্তুগিজ কোচ হেলেনা কস্তা। শেখ জামাল ধানমন্ডি মাঠে দাঁড়িয়ে বললেন আরও অনেক প্রসঙ্গেই ইরানকে সবাই রক্ষণশীল দেশ হিসেবে জানে। সে দেশে কাজ করার অভিজ্ঞতা কেমন আপনার?হেলেনা কস্তা: আমি গত অক্টোবরে ইরানে যাওয়ার আগে আর সবার মতোই ভেবেছিলাম, কী জানি কী হবে। ইরান তো রক্ষণশীল দেশ। পর্তুগালের টিভিতেও একই রকম প্রচারণা দেখেছিলাম। কিন্তু ইরানে গিয়ে আমার ধারণাই পাল্টে গেছে। সবই দেখি পুরোপুরি ভিন্ন। সেখানে মেয়েদের খেলাধুলায় কোনো বাধাই নেই। মেয়েরা খেলাধুলায় আসছে আগের চেয়ে অনেক বেশি।  এমনিতে ওখানকার সাধারণ মানুষ মেয়েদের খেলাধুলাকে কীভাবে নিয়েছে?হেলেনা: সবাই দারুণভাবে গ্রহণ করেছে। পরিবার, সরকার, ক্রীড়ামন্ত্রী নিজে, ফেডারেশন সহায়তা করছে। এমনকি দিন পনেরো আগে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা (আয়াতুল্লাহ আল খামেনি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, মেয়েদের খেলাধুলার প্রসারে সবাই যেন সহায়তা করে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে যারা খেলছে, তারা যেন বেশি সহায়তা পায়। সেই ভাষণের পর দেখেছি, ইরানে মেয়েদের খেলাধুলার ব্যাপারে সবাই আরও বেশি আন্তরিক এখন।  আপনি কি মনে করেন মহিলা ফুটবলে ইরান কোনো একদিন এশিয়ার সেরা হতে পারবে?হেলেনা: (হাসি) হয়তো পারবে। তবে অনেক পথ পেরোতে হবে। এসব চিন্তা অবশ্য এখনই করছে ইরান। আস্তে আস্তে একটা কাঠামো কিন্তু দাঁড়িয়ে গেছে। তাই বাড়ছে প্রত্যাশাও। ঢাকার এই বাছাইপর্ব উতরে আমরা আশা করছি চূড়ান্ত পর্বে যেতে পারব। চেষ্টা করব পর্তুগিজ ধারায় ইরানের মেয়েদের খেলাতে। প্রসঙ্গক্রমে বলি, ইরানে এখন মেয়েদের ফুটবলে তিনটি বিভাগ আছে। সুপার লিগে খেলে ১২টি দল, তারপর প্রথম বিভাগে ১০ ও দ্বিতীয় বিভাগে ৮টি। এ থেকেই বুঝতে পারছেন, ইরান এগোচ্ছে।  আপনি ইরানের দায়িত্ব নেওয়ার আগে কাতারে কাজ করেছেন শুনেছি। তা ইরান আর কাতারের সঙ্গে কী পার্থক্য দেখলেন?হেলেনা: অনেক পার্থক্য। আমি বছর তিনেক কাতারের মহিলা দলের প্রধান কোচ ছিলাম। কাতারে আসলে মেয়েদের ফুটবলের কোনো অবকাঠামোই ছিল না। আমি গিয়ে কিছু দাঁড় করিয়েছি। অন্যদিকে ইরানে আমি অনেক কিছুই মানে একটা কাঠামো পেয়েছি। মেয়েদের সবগুলো দলেরই টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবেও কাজ করছি।  হিজাব পরে ইরানের মেয়েরা ফুটবল খেলছেন। ভিন্ন একটা সংস্কৃতি। আপনি ইউরোপিয়ান। তো এই মেয়েদের সঙ্গে একাত্ম হতে আপনার কোনো সমস্যা হয়েছে?হেলেনা: মোটেও না। প্রথম প্রথম ভাষাগত একটু সমস্যা হতো। কিন্তু এখন আর হয় না। আমি কী চাই বা কী বলছি সবই ওরা বুঝতে পারে। এই মেয়েরা বেশির ভাগই বিশ্ববিদ্যালয়পড়ুয়া। সবাই শিক্ষিত। একটা জিনিস লক্ষ করেছি, ওদের তেমন কোনো চাহিদা নেই। ফেডারেশন থেকে আর্থিক সহায়তা পায় না। তবে ক্লাব থেকে পায়। ওতেই ওরা চালিয়ে নেয়।  আপনার নিজের কথা বলুন। এই পেশায় কী করে এলেন? হেলেনা: আমি পর্তুগিজ মহিলা লিগে খেলতাম। ছিলাম স্ট্রাইকার। হাঁটুর চোটের কারণে ক্যারিয়ার লম্বা হয়নি। তারপর শারীরিক শিক্ষার ওপর ডিগ্রি নিয়েছি। সমন্বয়কারী হিসেবে পর্তুগালের বিখ্যাত ক্লাব বেনফিকার সঙ্গে কাজ করেছি। স্কাউট হিসেবে ছিলাম সেল্টিকের সঙ্গেও।  আপনি পর্তুগিজ বলেই বলছি। আপনার প্রিয় খেলোয়াড় নিশ্চয়ই রোনালদো?হেলেনা: নো নো নো, রোনালদোকে ভীষণ পছন্দ করি, যেমন করি মরিনহোকে। তবে আমার প্রিয় খেলোয়াড় বার্সেলোনার জাভি হার্নান্দেজ। কারণ সে মাঝমাঠে খেলে এবং খেলাটা দারুণভাবে তৈরি করে।