খেলা দেখার ক্লান্তি কাটানোর জন্য এক মাস ছুটি কাটিয়ে এসেও কাজ সেই খেলা দেখা। কাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসার আগে জাতীয় ফুটবল দলের ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ বাফুফে ভবনে বসে হতাশা নিয়ে বললেন, ‘খেলা দেখাটা আর উপভোগ করতে পারছি না।’ ছুটি কেমন কাটালেন?রবার্ট রুবচিচ: ভালো ভালো, খুব ভালো। এই এক মাস স্ত্রী হেলেনা আর ৭ বছরের মেয়ে সিয়ারাকে সময় দিয়েছি। দুনিয়ার আর সবকিছু থেকেই দূরে ছিলাম। এমনকি ৩০০ মাইল দূরে আমার মায়ের সঙ্গেও দেখা করতে যাইনি। এক ভাই আছে বাচ্চাদের ট্রেনিং করায়, তার সঙ্গে এক দিন দেখা হয়েছে। তা-ও একই শহরে বলে। তার মানে বাংলাদেশে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন?রুবচিচ: আমি গত ৮ মাস এখানে অনেক ফুটবল ম্যাচ দেখেছি। লিগ বা টুর্নামেন্ট চলার কারণে খেলোয়াড়দের বেশি দিন হাতে পাইনি। তাই বাড়িতে গিয়ে ভাবলাম, এই এক মাস স্ত্রী-সন্তানকেই সময় দিই। ওখানে স্থানীয় লিগের ম্যাচও দেখেননি?রুবচিচ: এক দিন একটা মাত্র ম্যাচ দেখেছি। আমি আগে যে ক্লাবের কোচ ছিলাম সেই রিকা ক্লাবের খেলা ছিল জাগরেবের সঙ্গে। এটা স্থানীয় সর্বোচ্চ লিগের ম্যাচ। কিন্তু ম্যাচটা দেখে হতাশ হয়েছি। ভেরি ব্যাড ম্যাচ। কেন ভালো লাগল না?রুবচিচ: এখন এক মৌসুম দেশে খেলার পরই ক্রোয়েশিয়ার তরুণ ফুটবলরাদের কিনে নিয়ে যায় ইউরোপের বিভিন্ন ক্লাব। দেশের ফুটবল মেধাশূন্য হয়ে পড়ছে। ক্রোয়েশিয়ার লিগটাও ম্যাড়মেড়ে হয়ে যাচ্ছে। মাঠে আগের মতো দর্শকও নেই। ওখানকার ফুটবল মহলে আপনার ভালো পরিচিতি আছে শুনেছি। তা এবার যাওয়ার পর আপনার বন্ধুরা কী বলল?রুবচিচ: ওহ্, ওখানে সবাই আমার কাছে বাংলাদেশের কথা জিজ্ঞেস করেছে। আমি বাংলাদেশের হেড কোচ বললে ওরা বেশ কৌতূহল দেখায়। অনেক কাগজে আমার বাংলাদেশ অভিজ্ঞতা নিয়ে রিপোর্টিংও হয়েছে। রেডিও স্টেশন থেকে ফোন এসেছে প্রচুর। আপনার সতীর্থ কোচদের কারও সঙ্গে দেখা হয়েছে?রুবচিচ: ক্রোয়েশিয়ান জাতীয় দলের বর্তমান কোচ স্লাভেন বিলিচ আমার বন্ধু। তার সঙ্গে দেখা করতে পারিনি। এখন মন্টেনেগ্রোর কোচ যিনি, তার সঙ্গেও খুব ভালো আলাপ আছে আমার। এবার ফেরার পথে এয়ারপোর্টে তার সঙ্গে দেখা। অনেক কথা হলো। ঢাকায় ৬ সেপ্টেম্বরে আর্জেন্টিনা-নাইজেরিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এই আয়োজনের কথা শুনেছেন?রুবচিচ: কই না তো! এই মাত্র শুনলাম আপনার কাছে। আমি ইন্টারনেটও দেখতাম না। ছুটি মানে ছুটি। যা-ই হোক, ঢাকায় আর্জেন্টিনা আসা মানে তো বাংলাদেশের ফুটবলের জন্য বিশাল ব্যাপার। তবে আমার জন্য নয় ম্যান (হাসি)! আমার জাতীয় দলের সঙ্গে তো খেলবে না মেসির আর্জেন্টিনা। তবে হ্যাঁ, শুনে খুবই খুশি লাগছে। মাঝখানে ফরাশগঞ্জ যে অঘটন ঘটিয়ে স্বাধীনতা কাপ জিতল, এটাও তাহলে শোনেননি?রুবচিচ: এটা অবশ্য শুনেছি। মহসিনের কাছে ফোন করেছিলাম (ব্যক্তিগত স্টাফ), সে বলেছে। ফরাশগঞ্জের ওই জয়টা চমক, তবে ফ্লুক নয়। ওরা ভালো ফুটবল খেলে। বাফুফে অন্য কাজ দিতে না পারায় এখন তো খেলা দেখেই সময় কাটাবে। জাতীয় দল নিয়ে আপনার পরিকল্পনা কী?রুবচিচ: পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচের জন্য অন্তত দিন দশেক সময় চাই। ওতেই চলবে আশা করি। তবে কিছু পজিশন নিয়ে চিন্তায় আছি। অনেকের ফর্ম ভালো নয়। সাইডলাইনে বসে আছে শুনেছি। শেষ প্রশ্ন। বাড়ি যাওয়ার সময় মেয়ের জন্য কী নিয়ে গেছেন ঢাকা থেকে?রুবচিচ: ঢাকার একটা খেলনা রিকশা নিয়েছি। আর মহসিন একটা পাঞ্জাবি দিয়েছে ওর জন্য। ভবিষ্যতে স্ত্রীর জন্যও পাঞ্জাবি নেব। পরে একসময় দেশে গিয়ে আমরা তিনজনই পাঞ্জাবি পরে হাঁটব ওখানকার রাস্তায়। দারুণ হবে না ব্যাপারটা!