বিশ্বকাপ শেষে এখন নতুন ক্লাব মৌসুম শুরুর অপেক্ষা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়েরাও তাকিয়ে সেদিকেই। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের খেলোয়াড়দের বিশ্বজয়ের অনুভূতি আর ক্লাব ফুটবলের প্রস্তুতির কথা জানিয়েছেন ফাইনালের জয়সূচক গোলদাতা আন্দ্রেস ইনিয়েস্তা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিতেই ডুবে আছেন এখনো?আন্দ্রেস ইনিয়েস্তা: আমাদের সবার জন্যই একটা সপ্তাহ খুব দারুণ কেটেছে। রেফারির শেষ বাঁশি বাজানোর পর থেকেই শুরু। এরপর ট্রফি উঁচিয়ে ধরা এবং মাদ্রিদে পৌঁছানো...সবকিছু যেন স্বপ্নের মতো। ফাইনালে করা গোলটি নিয়ে কিছু বলুন...ইনিয়েস্তা: একজন মানুষের জীবনে সবচেয়ে সুন্দর অনুভূতির একটি এটা। আমি সেসের (সেস ফ্যাব্রিগাস) পাসটির জন্য অপেক্ষা করে ছিলাম। পাসটি খুব দ্রুতই এসে গেল এবং ওখানে আমি এতটাই একা ছিলাম যে মনে হচ্ছিল, আমি হয়তো অফসাইডে আছি। কিন্তু বলটা দারুণভাবে নিয়ন্ত্রণ করলাম এবং মারার সময়ই মনে হচ্ছিল, এটা জালে ঢুকবেই। স্পেনের এই দলটা তো মনে হচ্ছে, সবকিছু ঠিকঠাকভাবেই করতে পারছে...ইনিয়েস্তা: আমি মনে করি, এই দলে খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য বিরাট ব্যাপার। দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমরা আমাদের মূলনীতিতে অটল ছিলাম। আমাদের যে পাসিং দর্শন, সেটাই এই সাফল্য এনে দিয়েছে। দলের সবাই একে অন্যকে খুব ভালো চিনি। স্পেনের এই সোনালি প্রজন্ম আর আগের দলগুলোর মধ্যে পার্থক্য কী?ইনিয়েস্তা: আমরা চাপের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি। আমরা জানতাম, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, ফেবারিট তকমাটায় কোনো কাজ হয় না। আপনাকে সেটা প্রমাণ করে দেখাতে হয় এবং বুঝিয়ে দিতে হয় কেন সবাই এমন চোখে দেখছে। আমরা যেমন আমাদের মতো করেই খেলেছি, প্রয়োজন ছিল এটাই। আমরা খুব ভালোভাবে বল পায়ে রেখেছি, একে অন্যকে সাহায্য করেছি। একটার পর একটা ধাপ যখন পার হচ্ছিলেন, কী মনে হচ্ছিল তখন?ইনিয়েস্তা: প্রথমত, আমরা নিজেদের বলেছিলাম, যদি শতভাগ না দিতে পারি তাহলে যেকোনো দলের বিপক্ষেই ভুগতে হতে পারে। আমাদের সাফল্যের মূল মন্ত্রই ছিল পরিশ্রম করায় অনীহা না থাকা। তবে প্রথম রাউন্ড পেরোনোর পর ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। স্নায়বিক চাপটা বেড়ে গিয়েছিল। কোচ (ভিসেন্তে দেল বস্ক) আমাদের মনোযোগ ঠিক রাখায় মূল ভূমিকা রেখেছেন। আমাদের কাছে তাঁর পিতৃসুলভ একটা ভাবমূর্তি ছিল। কিছু কৌতুক আর ঠাট্টা-রসিকতা করে নিরুদ্বেগ থাকাটাও ছিল গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে জার্মানির কাছে জয়টা কি ফাইনালে মানসিকভাবে এগিয়ে দিয়েছিল?ইনিয়েস্তা: জার্মানরা আমাদের জায়গা দিতে ভয় পাচ্ছিল। ওদের কাছ থেকে আমরা অতটা রক্ষণাত্মক খেলা আশা করিনি। ওরা আমাদের পায়ে বল রাখতে দিয়েছে। আমরা দলগতভাবে দারুণ খেলেছি। এরপর আমরা আর প্রতিপক্ষ নিয়ে ভাবিনি। আমরা জানতাম, এটাই আমাদের সুযোগ। এই জয়টা স্প্যানিশ ফুটবলকে কতটা এগিয়ে নেবে বলে মনে করেন?ইনিয়েস্তা: এটা মানসিকভাবে আমাদের অনেক এগিয়ে দেবে। প্রত্যাশার চেয়ে কম পাওয়ার বদনাম থেকে আমরা মুক্তি পেয়েছি। ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোয় এখন চাপটা তুলনামূলক কম থাকবে। তরুণ খেলোয়াড়দের জন্যও এটা হবে প্রেরণা। বিশ্বের সেরা লিগটা যে আমাদেরই, এটাও প্রমাণিত হয়েছে এতে। আমার মনে হয়, ভবিষ্যতে আরও ভালো কিছু পাওয়ার শুরু এটাই। আপনি দেখলাম সেসকে (ফ্যাব্রিগাস) বার্সেলোনার জার্সি পরিয়ে দিয়েছেন...ইনিয়েস্তা: না, আমি নই। রসিকতাটা আসলে করেছে কার্লোস পুয়োল আর জেরার্ড পিকে। কিন্তু লিওনেল মেসিসহ আপনাদের অনেকেই সেসকে বার্সেলোনায় যোগ দিতে বলেছেন...ইনিয়েস্তা: আমরা এটা আশা করি। ওকে পাওয়ার ইচ্ছার কথা আমাদের অনেকেই বলেছে। ওকে পেলে আমরা খুব খুশিই হতাম। এটা শুধু আমাদের বন্ধুকে সতীর্থ হিসেবে পাব বলে নয়, ক্লাবের জন্যও এটা দারুণ হবে।