উস্টারশায়ারের ক্রিকেটার তিনি। খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ আর ইংল্যান্ড ‘এ’ দলেও। তবে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসে সময়টা ভালো যাচ্ছিল না মঈন আলীর। প্রথম ৫ ম্যাচে ১০, ৫৯, ২০, ০, ৩২ রান করার পর অবশেষে কাল পেলেন সেঞ্চুরি। কথা বললেন সেই সেঞ্চুরির পর বাংলাদেশের লিগে প্রথম সেঞ্চুরি পেলেন। কেমন লাগছে?মঈন আলী: সেঞ্চুরি সব সময়ই আনন্দের। মিরপুর স্টেডিয়ামে সেঞ্চুরি করেও ভালো লাগছে। আগের ম্যাচগুলোতে মাত্র একটা ফিফটি করেছি, ২০-৩০ করেই আউট হয়ে যাচ্ছিলাম। নিজেকে রানে ফেরাতে একটা বড় ইনিংস দরকার ছিল। ইংলিশ মৌসুম শেষে দুই মাসের মতো বিশ্রামে ছিলাম। এরপর এই কয়টা ম্যাচ খেললাম। এতটা সময় উইকেটে থাকতে পেরে আসলেই ভালো লাগছে। আগের ম্যাচে তো ৩৩৯ রান করেও হেরেছেন আপনারা। সে অভিজ্ঞতার পর কি ২৭৯ রানও ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল?মঈন: গত ম্যাচে হারার পর এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ২৮০ রান অনেক বড় টার্গেট, কিন্তু সেদিনের মতো এ ম্যাচেও উইকেট ভালো ছিল। একটা বড় জুটিতেই ঘুরে যেতে পারত ম্যাচ। তার পরও আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আগের ম্যাচে প্রতিপক্ষ খুব ভালো খেলেছে। আমরাও সম্ভবত ভালো বোলিং-ফিল্ডিং করতে পারিনি। তবে আজ (গতকাল) অনেক ভালো বোলিং করেছে বোলাররা। বাংলাদেশে খেলে কেমন লাগছে?মঈন: এখন পর্যন্ত এখানকার সবকিছুই উপভোগ করছি।্রভালো একটা দলে খেলছি...সব মিলিয়ে খুশি। কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের সঙ্গে খেলার সূত্রেই তো আপনার বাংলাদেশে খেলতে আসা, ওর সঙ্গে বোঝাপড়াটা নিশ্চয়ই দারুণ...মঈন: কাউন্টি খেলার আগে ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ওকে দেখেছি, ওর বিপক্ষে খেলেছি। এরপর কাউন্টিতে একসঙ্গে খেললাম। ও-ই আমাকে এখানে আসতে বলেছে। আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। ইংল্যান্ডেই এটা হয়েছে, এরপর এখানেও একদলে খেলছি। সাকিব ছাড়া তামিম, এনামুল, নাফিস ইকবাল—দলের অনেকের সঙ্গেই ভালো খাতির হয়ে গেছে। অনূর্ধ্ব-১৯, ‘এ’ দলে খেলার পর নিশ্চয়ই জাতীয় দলে খেলারও স্বপ্ন দেখেন। ক্রিকেটে আপনার শুরুটা কীভাবে হয়েছে?মঈন: আমার ভাই (কাজিন) কবির আলী ইংল্যান্ড দলে খেলেছে, কাউন্টিতেও খেলেছে। এ ছাড়া ভাই কাদির আলীও কাউন্টিতে খেলেছে। আমার বাবাও ক্রিকেট খেলতেন, পরে কোচ হয়েছেন। তাদের দেখাদেখিই আমি ক্রিকেট খেলার চেষ্টা করি, ক্রিকেটার হই। ওয়ারউইকশায়ারের অনূর্ধ্ব-১৫ দল দিয়ে শুরু। সেখানে চার বছর খেলার পর চার-পাঁচ বছর ধরে উস্টারশায়ারে খেলছি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে কেমন মনে হচ্ছে?মঈন: খুবই ভালো, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সব দলকেই আমার ভালো মনে হয়েছে। আর সুযোগ-সুবিধার দিক থেকে?মঈন: আমি তো বলব চমৎকার। বগুড়া ও রাজশাহী দুটো জায়গাই ক্রিকেটের জন্য ভালো মনে হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ভালো অবস্থাতেই আছে মনে হলো। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আরও উন্নত হবে সবকিছু। আমার ধারণা, এবারের বিশ্বকাপই এখানকার ক্রিকেটকে অনেক এগিয়ে দেবে। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের তুলনা করবেন কীভাবে?মঈন: দুটো দুই রকম। ওখানে ওয়ানডে ক্রিকেটে বলতে গেলে পুরো ইনিংসই সিম বোলারদের খেলতে হয়। হয়তো সামনে এক-দুজন স্পিনার পাবেন। আর এখানে হয়তো পাঁচ-ছয় ওভার সিমারদের খেলার পর বাকিটা স্পিনারদের বলই খেলতে হয়। তবে এখানকার ক্রিকেটের মানও ভালো। প্রতিভাবান ক্রিকেটার আছে, স্পিনারও অনেক। পরিশ্রম করলে তরুণদের মধ্যে অনেকেই ভালো ক্রিকেটার হতে পারবে।