‘সবচেয়ে কাঙ্ক্ষিত’ সালমান
সম্প্রতি ভারতে ২০১১ সালের ‘সবচেয়ে কাঙ্ক্ষিত’ ৫০ জন পুরুষের তালিকা তৈরির লক্ষ্যে একটি অনলাইন ভোটিংয়ের আয়োজন করেছিল টাইমস। সেখানে সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন ‘দাবাং’-খ্যাত বলিউডের অভিনেতা সালমান খান।২০০৯ সালের ‘সবচেয়ে কাঙ্ক্ষিত’ পুরুষের তালিকায় অষ্টম স্থান দখল করেছিলেন বলিউডের অভিনেতা সালমান খান। এর পরের বছর দ্বিতীয় স্থান আর ২০১১ সালের সেরা ৫০ কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় সবার ওপরে নিজেকে প্রতিষ্ঠা করলেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা।২৩ বছর আগে ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সালমান খানের। প্রথম ছবিতে খুব বেশি সাফল্য না পেলেও পরের বছর ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন প্রাণচাঞ্চল্যে ভরপুর এই অভিনেতা। ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও বগলদাবা করেছিলেন। সেই থেকে আজ অবধি অন্তত ৮৫টি ছবিতে অভিনয় করেছেন। সর্বশেষ তাঁর অভিনীত ‘বডিগার্ড’ ছবিটি পেয়েছে অভাবনীয় সাফল্য। শুধু অভিনয় প্রতিভার কারণেই নয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব, দেহাবয়ব ও মায়াবী চেহারা দিয়ে তিনি জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তের হূদয়।উল্লেখ্য, ‘সবচেয়ে কাঙ্ক্ষিত’ পুরুষের তালিকার সেরা দশের মধ্যে সালমানের পরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে রণবীর কাপুর, হূতিক রোশন, জন এব্রাহাম, মহেশ বাবু, মহেন্দ্র সিং ধোনি, শাহরুখ খান, শহিদ কাপুর, ইমরান খান ও অর্জুন রামপাল।