‘সবচেয়ে বড় পাওয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন ছিল হোম অব ক্রিকেটে খেলার, কিন্তু পাবনা জেলা স্কুল দল স্কুল ক্রিকেটের ফাইনালে না ওঠায় এবার আর সেটা হলো না। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আতিকুর রহমান (শাকিল) প্রতিজ্ঞা করে গেছে, একদিন জাতীয় দলের খেলোয়াড় হয়েই খেলবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যান অব দ্য টুর্নামেন্ট হলে। সাংবাদিকেরা সাক্ষাৎকার নিচ্ছেন। খুব খুশি?আতিকুর রহমান: জীবনের সবচেয়ে বড় পাওয়া এটা। আমি খুবই খুশি। কোনো দিন ভাবিনি, এত মানুষ আমার সঙ্গে কথা বলতে চাইবে...খুবই ভালো লাগছে। টুর্নামেন্টে তোমার পারফরম্যান্স কেমন?আতিকুর: ছয় ম্যাচে ১৯ উইকেট পেয়েছি, ৯৫ রান করেছি। আমি অলরাউন্ডার। পেস বোলিং করি, ব্যাটিংয়ে ফিফথ ডাউনে নামি। কোন ক্লাসে পড়ো তুমি?আতিকুর: ক্লাস টেনে। বাবা কী করেন?আতিকুর: বাবা কাপড়ের ব্যবসা করেন। ক্রিকেট খেলা শুরু করেছ কবে?আতিকুর: চার বছর আগে। প্রথম জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৪ খেলি। পরের বছর আন্তস্কুলে খেলি এবং এর পরের বছরই অনূর্ধ্ব-১৬-তে খেলে বিভাগীয় পর্যায়ে ডাক পাই। পাবনায় দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ খেলে এখন পাবনা মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে খেলি। ক্রিকেট খেলার জন্য পড়ার ক্ষতি হয় নিশ্চয়ই। মা-বাবা কি উৎসাহ দেন?আতিকুর: পড়ার ক্ষতি করে খেলি না। আর আমার আব্বা-আম্মাও খেলার জন্য বকেন না, উল্টো সমর্থন দেন। আমি তাঁদের বলে দিয়েছি, যদি কোনো দিন কিছু হই, ক্রিকেটারই হব। অন্য পেশায় যাব না। তাই তারাও কিছু বলেন না। স্কুলে খেলাধুলার সুযোগ-সুবিধা কেমন?আতিকুর: খেলার সামগ্রী আছে, মাঠ আছে। পরীক্ষা শেষ হলে স্যাররাও খেলতে সুযোগ দেন। নিয়মিত খেলার সুযোগ নেই তাহলে...আতিকুর: প্র্যাকটিস হয়, ম্যাচ খেলা নিয়মিত হয় না। স্কুলের বিভিন্ন ক্লাসের মধ্যে কোনো টুর্নামেন্ট হয় না?আতিকুর: তা হয় না। তাহলে আন্তজেলা স্কুল টুর্নামেন্টের জন্য দলটা কীভাবে গঠন করা হলো?আতিকুর: খেলোয়াড় বাছাইয়ের জন্য অনুশীলন হয়েছিল। সেখানে যারা ভালো করেছে, তাদের নিয়ে কোচ ১৫ জনের একটা দল করেছেন। কোচ মানে কি খেলাধুলার শিক্ষক নাকি ক্রিকেটের জন্য আলাদা কোচ আছেন?আতিকুর: গেম টিচার ছিলেন, সঙ্গে আমাদের এক বড় ভাই মাসুদ স্যার সার্বিকভাবে সহযোগিতা করছেন। তাঁর একটা দল আছে, সেই দলে আমরা খেলি। উনিও জিলা স্কুলের ছাত্র ছিলেন বলে জিলা স্কুলকে খুব ভালোবাসেন। এবার টুর্নামেন্টে কোন পর্যন্ত খেলল তোমাদের দল?আতিকুর: চার বছর ধরে আমরা সেমিফাইনালে এসে হেরে যাচ্ছি। এবারও তাই হয়েছে। স্কুল ক্রিকেটে সুযোগ-সুবিধা কেমন?আতিকুর: সুযোগ-সুবিধা ভালোই। আমার কাছে ভালোই মনে হয়, এই টুর্নামেন্ট যেন সব সময় থাকে। পুরস্কার হিসেবে ট্রফি পেলে, ব্যাট পেলে। এ রকম পুরস্কার এবারই প্রথম?আতিকুর: এবারের টুর্নামেন্টে আগেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। কিন্তু সেগুলোয় পুরস্কার ছিল না। তবে পাবনা লিগে অনেকবার পুরস্কার পেয়েছি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল খেলতে পারলে না। খারাপ লাগছে না?আতিকুর: আমার জীবনের স্বপ্নই হলো একদিন মিরপুরে খেলব। এবার তো সেটা হলো না...। তবে ভবিষ্যতে চেষ্টা করব, আরও ভালো যেন করতে পারি, জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে যেন এখানে খেলতে পারি। তোমার প্রিয় খেলোয়াড় কে?আতিকুর: বাংলাদেশে তামিম ইকবাল, বিদেশে শেন ওয়াটসন।