‘সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জেতা’
তাঁকে বলা যায় ধারাবাহিকতার প্রতিশব্দ। ব্রাজিলের হয়ে ২৫ গোল করেছেন মাত্র ৩৬ ম্যাচে, গত কনফেডারেশনস কাপে জিতেছেন ‘গোল্ডেন বুট’ ও ‘সিলভার বল’। বিশ্বকাপেও ‘গোল্ডেন বুটের’ অন্যতম দাবিদার। তবে ইংল্যান্ড থেকে প্রকাশিত ফোর ফোর টু সাময়িকীকে লুইস ফ্যাবিয়ানো জানালেন আরও বড় স্বপ্নের কথা বিশ্বকাপে আপনার প্রত্যাশা কী?লুইস ফ্যাবিয়ানো: আমার প্রত্যাশা সব সময় সেরাটাই থাকে। বিশ্বকাপটা দুর্দান্ত কাটাতে চাই, সাহায্য করতে চাই ব্রাজিলকে বিশ্বকাপ জিততে।গত কয়েক বছরে ব্রাজিলের হয়ে আপনার এমন বিস্ময়করভাবে গোল করে যাওয়ার রহস্য কী?ফ্যাবিয়ানো: আমার ধারণা, এই অসাধারণ ফর্মটা যাচ্ছে আমার ওপর কোচ ও সহযোগীরা বিশ্বাস রেখেছেন বলে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্যতম। নিজের প্রতিও আমার বিশ্বাস আছে। এতগুলো গোল করতে পেরেছি, কারণ প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও আকাঙ্ক্ষাটা আমার আছে। ২০০৭ সাল পর্যন্ত দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি, হারানো সময় পুষিয়ে দেওয়ার ইচ্ছাটা কতটুকু কাজ করেছে?ফ্যাবিয়ানো: আপনারা যা-ই বলুন, আমি নিজে মনে করি না মোটেও কোনো সময় হারিয়েছি। ২০০৭ সাল পর্যন্ত দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। কিন্তু আমার ধারণা জীবনের সবকিছু সঠিক সময়েই হয়, ২০০৭ সালটাই ছিল জাতীয় দলে আমাকে প্রতিষ্ঠিত করার সেরা সময়। কাজেই কোনো সময় হারিয়েছি বলে আমি মনে করি না। আমার ভাবনা, স্রেফ দলকে সাহায্য করা এবং ইতিহাসে জায়গা করে দেওয়া। ব্রাজিলের ফরোয়ার্ড লাইনকে একা নেতৃত্ব দেওয়া নিয়ে কী ভাবছেন? প্রথাগত একজন স্ট্রাইকিং সঙ্গীর ভূমিকাটাই কি আপনার পছন্দ, নাকি সামনে অনেক জায়গা নিয়ে খেলা?ফ্যাবিয়ানো: নিজের মতো করে সামনে খেললেই আমার ভালো লাগে, কারণ ব্রাজিলের অনেক অ্যাটাকিং মিডফিল্ডার আছে, যারা কখনোই আমাকে একা ছেড়ে দেয় না। কিন্তু আমি ঠিক বলতে পারব না কোনটা আমার পছন্দ, কারণ জাতীয় দলে আমি দুটো পদ্ধতিতেই খেলেছি এবং দুটোতেই আমি স্বচ্ছন্দ। লোকে যখন বলে ‘দুঙ্গার অধীনে ব্রাজিল রক্ষণাত্মক’, আপনি কী বলেন?ফ্যাবিয়ানো: আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি। আমাদের দল সব সময়ই বল পায়ে রেখে খেলে...সব সময়...এবং প্রতিটি ম্যাচেই আমরা এগিয়ে থাকার চেষ্টা করি। আমরা অর্বাচীন নই, আমরা জানি, খেলায় অপ্রত্যাশিত কিছু না দেখতে চাইলে ভালো রক্ষণকাজটাও জরুরি। বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করার স্বপ্ন দেখেন?ফ্যাবিয়ানো: শুনুন, আমি বলি, আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা। তবে দ্বিমতও করব না, জয়সূচক গোল করতে আমার ভালো লাগবে, সেটা হবে আরও বিশেষ কিছু। কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমাকে যদি একটা বেছে নিতে বলা হয় আমি বিশ্বকাপটাই বেছে নেব, জয়সূচক গোল করা নয়। দক্ষিণ আফ্রিকায় কনফেডারেশনস কাপ জেতাটা কি আপনাদের সাহায্য করবে? স্টেডিয়াম ও ভক্তদের কাছে আপনার প্রত্যাশা কী?ফ্যাবিয়ানো: কনফেডারেশনস কাপটা সত্যিই দারুণ কাজে দেবে, কারণ দক্ষিণ আফ্রিকার আবহাওয়াটা আমরা বুঝতে পেরেছি এবং প্রথম অনুভূতিটা ছিল দুর্দান্ত। স্টেডিয়ামগুলো ভালো ছিল, অনুশীলন শিবিরগুলোও ছিল দারুণ। আমি নিশ্চিত, দক্ষিণ আফ্রিকায় ভক্তরা আমাদের ভালোভাবেই স্বাগত জানাবে। বিশ্বকাপে সবচেয়ে বেশি তাকিয়ে আছেন কোনটির দিকে?ফ্যাবিয়ানো: শিরোপা। আমি শিরোপা জিততে চাই। শিরোপার জন্য আমি নিজের যেকোনো লক্ষ্য বিসর্জন দিতেও রাজি আছি। অন্য কোন দলকে নিয়ে আপনার বেশি ভয় এবং কেন?ফ্যাবিয়ানো: অনেক আছে, কিন্তু তালিকার শীর্ষে স্পেনকেই রাখতে হবে। কারণ ওদের দলটা দারুণ, খেলছেও অসাধারণ। এর পরই ইংল্যান্ড, ওদের দলটাও ভালো। জার্মানি ও ইতালির কথাও বলতে হবে, ওরা প্রতি বিশ্বকাপেই ফেবারিট।