‘সবাই অনেক রোমাঞ্চিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠ শুনে চেনা মুশকিল। কথা বলে বোঝা গেল, সর্দি-কাশি বেশ কাবু করে ফেলেছে বাংলাদেশ অধিনায়ককে। তবে নতুন বছরে মাঠের ক্রিকেটে সহজে হার মানতে চান না। মুশফিকুর রহিম শোনালেন সদ্য বিগত বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি আর নতুন বছরের প্রত্যাশার কথা আরও একটি নতুন বছর। এ বছরে আপনার প্রত্যাশা কী?মুশফিকুর রহিম: যেহেতু আমি ক্রিকেটার, আমার প্রত্যাশা বলুন আর চাওয়া—সব ক্রিকেটকে ঘিরেই। এ বছরটা যেভাবে শেষ করলাম, নতুন বছরটা সেভাবেই শুরু করতে চাই। ২০১২ সাল আমাদের জন্য খুব ভালো গেছে, বিশেষ করে ওয়ানডেতে। এগিয়ে যাওয়ার এ ধারাটা ধরে রাখতে তো চাই-ই, চাই টেস্ট ও টি-টোয়েন্টিতেও ওয়ানডের মতো সাফল্য পেতে। শুধু দেশের মাটিতে নয়, সাফল্য পেতে চাই দেশের বাইরেও। বাংলাদেশের পরবর্তী সিরিজ তো দেশের বাইরেই। ফেব্রুয়ারি-মার্চেই শ্রীলঙ্কা সিরিজ...মুশফিক: এখনো সেভাবে ভাবছি না, তবে মাথায় তো আছেই। অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার টেস্টগুলো দেখছি। শ্রীলঙ্কায় আমরা এর আগে দলগতভাবে খুব একটা ভালো করতে না পারলেও ব্যক্তিগত বেশ কিছু স্মরণীয় পারফরম্যান্স আছে। আশরাফুল ভাইয়ের সেঞ্চুরি আছে। এবার চাই দল হিসেবে ভালো করতে। একজন-দুজন না হয়ে অনেকের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলে সেটার প্রতিফলন ফলাফলেও পড়বে। শ্রীলঙ্কায় বাংলাদেশ কোনো ধরনের ক্রিকেটেই এখনো কোনো ম্যাচ জেতেনি...মুশফিক: শুধু আমাদের নয়, শ্রীলঙ্কায় সব দলেরই কিন্তু রেকর্ড তুলনামূলক খারাপ। ঘরের মাটিতে সব দলই ভালো খেলে, কিন্তু শ্রীলঙ্কানদের ওদের মাটিতে হারানো সম্ভবত সবচেয়ে কঠিন কাজগুলোরই একটি। তবে সবকিছুরই একটা শুরু আছে। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসা ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়ে দেব, এটাও তো কেউ ভাবতে পারেনি। আমাদের ক্রিকেট অনেক এগিয়েছে। নতুন অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, অভিজ্ঞরাও দায়িত্ব নিয়ে খেলছে। এবার অন্য রকম কিছুর আশা করতেই পারি। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে আপনার অভিষেক শ্রীলঙ্কাতেই (২০০৭ সালে), এবার যাচ্ছেন অধিনায়ক হয়ে। নিশ্চয়ই একটা বাড়তি মাত্রা যোগ করছে এটা?মুশফিক: আমার প্রথম টেস্ট ফিফটি ওখানেই (২০০৭ সালে কলম্বোয়, ৮০)। শ্রীলঙ্কার একটা আলাদা জায়গা আমার হূদয়ে তাই আছেই। তবে বাংলাদেশের হয়ে যেকোনো ম্যাচে যেকোনো জায়গায় খেলতে পারাটাই আমার জন্য বড় পাওয়া। শ্রীলঙ্কা সফর যেহেতু সব সময়ই কঠিন, সবার জন্যই বড় চ্যালেঞ্জ। অধিনায়ক হিসেবে, ক্রিকেটার হিসেবে আমি চাইব সেই চ্যালেঞ্জে জয়ী হতে। শ্রীলঙ্কার পরপরই জিম্বাবুয়ে সফর, গত সফরের প্রতিশোধ নেওয়ার সুযোগ!মুশফিক: প্রতিশোধ বলব না আমি। গত জিম্বাবুয়ে সফরে আমরা খুব ভালো ক্রিকেট খেলতে পারিনি। অনেক দিন পর টেস্ট খেলেছিলাম, সেটাও ওদের কন্ডিশনে। যা-ই হোক, সেই সময় আমরা অনেক পেছনে ফেলে এসেছি। দল অনেক ভালো করছে এখন। ৩ টেস্টের সিরিজ হতে পারে জিম্বাবুয়েতে, হলে সেটাও আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। আমার চাওয়া থাকবে জিম্বাবুয়েতে সব ম্যাচ জেতা। ২০১২ সালে মাত্র দুটি টেস্ট খেলতে পেরেছে বাংলাদেশ, ২০১৩ সালে তো বেশ কিছু টেস্ট খেলার সুযোগ আসছে...মুশফিক: এটা আমাদের জন্য খুব ভালো খবর। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা খুব কঠিন, তার পরও আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খারাপ করিনি। সব সময়ই অনেক আফসোস হয় আমাদের, বছরে অন্তত ৭-৮টা টেস্ট খেলার সুযোগ দেওয়া উচিত। এই বছর সেই সুযোগ আসছে, নিজেদের সামর্থ্য প্রমাণ করার সুযোগও এটা। সবাই অনেক রোমাঞ্চিতও। আপনার মতে, ২০১২ সালের সবচেয়ে বড় প্রাপ্তি কোনটি?মুশফিক: খুব কাছে গিয়ে হারলাম, না হলে এশিয়া কাপটাকেই বলতে পারতাম। আমার মতে, সেরা প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। আমার ক্যারিয়ারে, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটেরই সবচেয়ে বড় জয় এটি। আর সেই জয়ে আমি ম্যান অব দ্য সিরিজ, এটাও আমার জন্য অনেক গর্বের। আর ব্যক্তিগত জীবনের কথা যদি বলেন, এবার আমি মাস্টার্স পাস করেছি। অনেক কষ্ট করতে হয়েছে এ জন্য, ত্যাগ স্বীকার করতে হয়েছে। এটাও বড় একটা পাওয়া। সবচেয়ে বড় হতাশা?মুশফিক: অবশ্যই এশিয়া কাপের ফাইনালে অমন হার। ২০১৩ সালে যদি একটি চাওয়ার কথা বলা হয়?মুশফিক: যেটা বললাম, চাই সব ধরনের ক্রিকেটেই দল খুব ভালো করবে। আর তাতে আমার অনেক বড় অবদান থাকবে।