‘সবাই আমাদের দেখে অবাক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক  পরশু চীন-বধে নেতৃত্ব দিয়ে হয়েছেন ম্যাচ-সেরা। কাল ওমানের বিপক্ষে জয় আনতেও রেখেছেন অগ্রণী ভূমিকা। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে রাসেল মাহমুদ জিমি যেন উজ্জীবিত বাংলাদেশ দলেরই প্রতিচ্ছবি। ওমানের বিপক্ষে ম্যাচের পর দিল্লি থেকে টেলিফোনে এই স্ট্রাইকারের মুখে তবু অনেক আক্ষেপ আপনি তো দারুণ খেলছেন বিশ্ব হকি লিগে। মনে হচ্ছে, জীবনের সেরা ফর্মে আছেন...রাসেল মাহমুদ জিমি: ঠিক সেরা বলব না। তবে অন্যতম সেরা। নিজে ভালো খেলছি। দল ভালো খেলছে। এই জায়গায় এখন পর্যন্ত তৃপ্ত।  অতৃপ্তির জায়গাও তো আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পর ওভাবে পাঁচ গোল হজম...জিমি: হ্যাঁ, আয়ারল্যান্ড ম্যাচটা ওভাবে হারা ঠিক হয়নি। দুই গোলে লিড নিয়ে পাঁচ গোল খাওয়া মেনে নেওয়া কঠিন। আসলে অনভিজ্ঞতার কারণেই আমরা হেরেছি। তবে ওই হার আমাদের আরও বেশি করে জাগিয়ে তুলেছে। এটা পজিটিভ।  র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা চীনের বিপক্ষে জয়টা তো দারুণ কৃতিত্ব। দল কীভাবে তা উদ্যাপন করল?জিমি: উদ্যাপন আর কী করব! আমাদের মিশন তো শেষ হয়নি। আসলে সবাই প্রতিজ্ঞা করেছিলাম, চীনকে ছাড়ব না। ম্যাচটা জিতবই। শুরু থেকে এটা ছিল আমাদের বড় টার্গেট।  আপনাদের মাঠের খেলায় কী ধরনের পরিবর্তন এসেছে এবার?জিমি: আমরা খুব ফাস্ট খেলছি। রানিং ভালো হচ্ছে। অনেক দিন একসঙ্গে থাকায় কম্বিনেশনও ভালো। তা ছাড়া সবাই নিজ নিজ সেরা খেলাটা খেলার চেষ্টা করছে। আগে আমরা হার ঠেকাতে নামতাম। এখন মাঠে নামছি জেতার জন্য। এটাই বড় পরিবর্তন। আপনাদের খেলা দেখে ওখানকার লোকজন কী বলেছে?জিমি: আয়োজক, টেকনিক্যাল লোকজন, অন্য দলগুলোর খেলোয়াড়-কর্মকর্তা—সবাই আমাদের দেখে অবাক। বলছে, তোমরা এত কম আন্তর্জাতিক ম্যাচ খেল, এত কম সুযোগ-সুবিধা, তবু কীভাবে চীনকে হারালে! র‌্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা দলকে হারানো বিরাট ব্যাপারই মনে করছে সবাই।  দিল্লিতে খেলোয়াড় জিমিকে অন্যরা কীভাবে দেখছে? জিমি: এখানে কমবেশি সবাই চেনে আমাকে। অনেক দিন ধরে খেলছি আন্তর্জাতিক অঙ্গনে। ভারতীয় খেলোয়াড়, কোচসহ আরও অনেকেরই প্রশংসা পাচ্ছি। একটা কথা বেশি শুনছি, তুমি এগিয়ে যাও। আরও ভালো খেলো। শুনেছি, দিল্লিতে সব দল এক হোটেলে, আপনারা অন্য হোটেলে। থাকা-খাওয়ার সমস্যা নেই তো?জিমি: সব দল আছে অফিশিয়াল টিম হোটেলে। আমরা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য একটা হোটেলে উঠেছি। আমাদের তো ফান্ড কম। তো চলে যাচ্ছে আর কি! থাকা-খাওয়ার সমস্যা হচ্ছে বলব না, তবে এটা বলতে পারি, অন্যরা আমাদের চেয়ে ভালোভাবে থাকছে। এমনিতে চীনের বিপক্ষে জেতার পর ওদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন?জিমি: (হাসি) ওদের কথা কিছুই বুঝি না, ইংরেজিতে ওরা অচল। তবে শুনেছি, ওরা বলেছে, বাংলাদেশের কাছে হারবে, এটা নাকি একদমই ভাবেনি।  বাংলাদেশ দলের সঙ্গে একজন ট্রেনার, ফিজিও কিংবা একজন ভিডিও বিশ্লেষক পর্যন্ত নেই। সমস্যা হচ্ছে না?জিমি: সমস্যা তো হবেই। অন্য দলগুলোতে ডাক্তার, ফিজিও, ভিডিও অ্যানালিস্টসহ সবই আছে। নেই শুধু আমাদের। এখানে টেন স্পোর্টসে খেলা দেখায়। টেন স্পোর্টস থেকে ম্যাচের ভিডিও নিয়ে পরে আমরা দেখি। প্রতিবারই সাফল্য আনলে প্রশ্ন হয়, সরকারের কাছে এখন চাওয়া কী? এবারও যদি প্রশ্নটা করি...জিমি: ব্যাংককে এশিয়ান হকি ফেডারেশন কাপ জেতার পর জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের প্রত্যেক খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে দিয়েছিল। সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার পর সেটা কমে পাঁচ হাজার টাকা হয়ে যায়! কলকাতা থেকে ট্রেনে এসেছি দিল্লি। সরকারের কাছে চাওয়ার ইচ্ছাই তো আর নেই।