সবার ‘ছুটি’ হয়ে গেছে। এক বছর চুক্তি বাড়ায় বিদেশি কোচিং স্টাফের মধ্যে থেকে গেছেন শুধু তিনি। জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান ট্রেনার গ্রান্ট লুডেন কন্ডিশনিং ক্যাম্প দিয়ে আগামী ৪ জুন থেকেই আবার নেমে পড়ছেন কাজে। নতুন মিশনে দলের সবার ফিটনেস যতটা সম্ভব বাড়ানোর প্রতিজ্ঞা তাঁর বিদেশি কোচিং স্টাফের মধ্যে আপনার চুক্তিই কেবল বাড়ল। নিশ্চয়ই খুব খুশি...গ্রান্ট লুডেন: আমার খুবই ভালো লাগছে যে বোর্ড আমাকে আরেকটা সুযোগ দিয়েছে। আমার সামর্থ্যের ওপর আস্থা রেখে তারা আমার চুক্তি আরও এক বছর বাড়িয়েছে। নতুন কোচ এখনো আসেনি। ৪ জুন থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে তো আপনিই সর্বেসর্বা...লুডেন: (হাসি) দ্য মেইন ম্যান...। তবে আমার বিশ্বাস, বোর্ড কোচ এবং অন্যান্য সাপোর্ট স্টাফ হিসেবে সঠিক লোকই বেছে নেবে। তার আগে আগামী ছয় সপ্তাহ আমরা শুধু কন্ডিশনিং ক্যাম্পই করব। কোনো স্কিল ট্রেনিং হবে না। ব্যাটিং-বোলিং কিছুই না। শুধু জিম ওয়ার্ক এবং রানিং করব। আপনি ট্রেনার হওয়ার পর এই প্রথম এত লম্বা সময় ধরে কন্ডিশনিং ক্যাম্প হবে। এটাকে কীভাবে দেখছেন?লুডেন: আমি দুই বছর এখানে আছি এবং এবারই প্রথম মৌসুম শুরুর আগে এ রকম ক্যাম্প করার আদর্শ সময় পেলাম। ছেলেরা লম্বা ছুটিতে ছিল। তার আগে ছয় সপ্তাহের ক্যাম্পটা তাদের ফিটনেস বাড়াতে সাহায্য করবে। ক্যাম্পের শুরুতে ফিটনেস টেস্ট করে সবার ফিটনেসের বর্তমান অবস্থাটা দেখা হবে। ছয় সপ্তাহ পর আরেকটা ফিটনেস টেস্ট করে তাদের উন্নতিটা বোঝার চেষ্টা করব। এ রকম ক্যাম্প আগে কেন করতে পারেননি?লুডেন: গত দুই-তিন বছর ছেলেরা ধারাবাহিকভাবে খেলে গেছে। সে কারণেই ফিটনেস বাড়ানোর জন্য লম্বা সময় নিয়ে এ ধরনের ট্রেনিং করানো যায়নি। শুধু সেটাই দেখছি, যাতে ফিটনেস ঠিক থাকে। কিন্তু এত লম্বা সময় ধরে শুধু ফিটনেস ক্যাম্প। ছেলেরা ক্লান্ত হয়ে পড়বে না তো?লুডেন: তা হবে না। আমরা ধাপে ধাপে কাজগুলো করব। তিন দিন পরপর বিশ্রাম দেওয়া হবে ওদের। আমি চাই, নতুন কোচ এসে যেন সবাইকে পুরোপুরি ফিট দেখে, সবাই যেন তৈরি হয়ে যায় তার আগেই। ছুটির সময়টাতেও কি খেলোয়াড়েরা যাঁর যাঁর মতো ফিটনেস নিয়ে কাজ করেছেন?লুডেন: বিশ্বের যে প্রান্তেই থাকুক, এ রকম একটা ছুটির পর খেলোয়াড়েরা একটু ওজন বাড়িয়েই ফেরে। শরীরে আড়ষ্টতা থাকে। তবে দলের বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গেই আমার যোগাযোগ ছিল। সবাই নিশ্চয়তা দিয়েছে, ফিটনেস ধরে রাখার জন্য তারা কিছু না কিছু করছে। অস্ট্রেলিয়া সিরিজ শেষে আমিও তাদের সেটাই বলেছিলাম। ছুটিতে যাওয়ার আগে আপনি কি তাঁদের কোনো নির্দেশনা দিয়েছিলেন?লুডেন: আমি তাদের অ্যাকটিভ রেস্ট নিতে বলেছি। আসলে ছুটিতে ওরা কে কোথায় থাকে, সেখানে কী সুযোগ-সুবিধা আছে, এসব তো আমি বুঝি। আমি তাই চেয়েছি, ওরা মাঝেমধ্যে রানিং করুক, হাঁটুক...এ রকম কিছু না কিছু করুক। তার পরও যতটুকু জানি, অনেকে জিম ওয়ার্ক করেছে। সবাই মোটামুটি ভালো অবস্থাতেই আছে। তবে যেটা বলেছি, পৃথিবীর সব জায়গাতেই ছুটি কাটিয়ে খেলোয়াড়েরা কিছু বাড়তি ওজন নিয়ে ফেরে। বাংলাদেশ দলে সবচেয়ে ফিট খেলোয়াড় এখন কে?লুডেন: সর্বশেষ যখন ফিটনেস টেস্ট নিই, সব মিলিয়ে জুনায়েদ সিদ্দিকই ছিল সবচেয়ে ফিট। স্ট্রেংথ, রানিং—এসবে জুনায়েদকেই সবচেয়ে ভালো অবস্থায় পেয়েছি। অন্যদিকে মুশফিকুর রহিম আবার দলের মধ্যে শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী। তবে আগামী এক বছরে আমার লক্ষ্য, দলের সবাইকেই যতটা সম্ভব শক্তিশালী করে তোলা (হাসি)।