সেই ১৯৯৫ সালে জাতীয় দলে ঢুকে টানা ২০০৭ পর্যন্ত খেলেছেন ইসা মিয়া। মাঝখানে অভিমানে খেলা ছেড়ে দিয়েছিলেন। কাল শুরু হওয়া জাতীয় হকিতে ফরিদপুরের হয়ে আবার মাঠে নেমেছেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার। বললেন, যত দিন পারেন ঘরোয়া হকিতে খেলে যাবেন অনেক দিন পর মাঠে ফিরলেন। কেমন লাগছে?ইসা মিয়া: হ্যাঁ, চার বছর পর ঢাকায় খেলতে এলাম। সর্বশেষ ২০০৭ সালে খেলেছিলাম জাতীয় হকিতে। এরপর আজ (কাল) খেললাম। অনেক দিন পর মাঠে নেমে খুব ভালো লাগছে। ফরিদপুর একসময় হকির উর্বর ক্ষেত্র ছিল। কিন্তু এখন সেখান থেকে সেভাবে খেলোয়াড় উঠে আসছে না কেন?ইসা: খেলোয়াড় আসবে কোত্থেকে! খেলাধুলা নেই, লিগ নেই। নিয়মিত লিগটা যদি অন্তত হতো, তাহলে খেলার মধ্যে থাকত সবাই। ভালো মানের খেলোয়াড় পাওয়া যেত। আপনার দুই সহোদর মুসা মিয়া ও ইয়ামিন মিয়াও কি খেলছেন এবার?ইসা: এই দলে মুসা খেলছে। তবে ইয়ামিনের ইনজুরি বলে ওকে আমরা বিশ্রাম দিয়েছি। দলবদল আর প্রিমিয়ার লিগের জন্য আন্দোলন করতে হয় খেলোয়াড়দের। এসব শুনে কেমন লাগে আপনার?ইসা: খুবই খারাপ লাগে। কিছুদিন আগে যখন খেলোয়াড়েরা আন্দোলন করেছে, আমি তখন ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। তবে ওদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। এখনো কি জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন?ইসা: বয়স হয়ে গেছে। ফিটনেস ধরে রাখাটা কঠিন। জাতীয় দলে খেলার আশা তাই ছেড়ে দিয়েছি। হকি আগের মতো জনপ্রিয় নেই। এ কারণে মাঝে রাগ করে খেলাই ছেড়ে দিয়েছিলাম। খেলা ছেড়ে দিয়ে সময় কাটাতেন কীভাবে?ইসা: খেলা নেই বলে বসে থাকলে তো চলবে না। ঠিকাদারি ব্যবসায় নেমে পড়লাম। এখনো ব্যবসা করছি। ছোট ভাইয়ের গার্মেন্টসের ব্যবসা আছে। আপনারা তো বর্তমান চ্যাম্পিয়ন, শিরোপা নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন?ইসা: হ্যাঁ, আশা তো করি, এবারও চ্যাম্পিয়ন হব। একসময় বাছাই-প্রক্রিয়ায় ফরিদপুরের জেলা দলে ঢুকতে হতো হারুন, নান্নুদের মতো খেলোয়াড়দের। সেই ফরিদপুরকেই এখন খেলোয়াড় ‘হায়ার’ করতে হয়!ইসা: সবাই হায়ার করে খেলোয়াড় এনেছে তাই আমরাও এনেছি। বাস্তবতা হলো, এখন আগের মতো খেলোয়াড় উঠে আসছে না। আগেই বলেছি, খেলা না থাকলে খেলোয়াড় তৈরি হবে কীভাবে? লিগ হলে খেলোয়াড় তৈরি হতো। খেলা নেই বলে সবাই পেটের ধান্দায় ব্যস্ত হয়ে পড়েছে। আপনার শখ নাকি কবুতর পোষা?ইসা: দারুণ শখ। বলতে পারেন হকির পরই কবুতর আমার প্রিয়। ছোটবেলা থেকেই কবুতর পুষি। যখন প্রথম ঢাকায় আসি তখন কাঁটাবন, ঠাটারীবাজার ঘুরে ঘুরে কবুতর কিনতাম। কতগুলো কবুতর আছে? ইসা: আমার প্রায় দু-তিন লাখ টাকার কবুতর আছে। ম্যাগপাই বল, হলুদ বল, কালো বল, সিরাজি, লখ্যা, লোটন—নানা জাতের প্রায় দেড় শ কবুতর পালছি। একটা বড় বাড়ির মধ্যে কবুতরগুলো থাকে। এখন এটা আমার একটা ব্যবসা হয়ে গেছে। গত দুই মাস আগেও একসঙ্গে এক লাখ টাকার কবুতর বিক্রি করেছি। এগুলো সংগ্রহ করেন কোত্থেকে?ইসা: ভারতে খেলতে গিয়ে একবার কবুতর কিনে এনেছিলাম। এখন দেশের মধ্যেই বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে কিনে আনি।