বয়স মাত্র ১২। দেশ-দুনিয়া সম্পর্কে এখনো তেমন কিছুই জানা হয়নি। তবে খেলার মাঠে এসে চোখ কাড়ল সুমাইয়া ইমরোজ। কাল জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে শুরু হওয়া কোরিয়া কাপ তায়কোয়ান্দোতে সোনা জিতল সাতক্ষীরার কিশোরী তোমার বয়স এত কম! তা তায়কোয়ান্দো খেলায় এলে কীভাবে?সুমাইয়া ইমরোজ: আমি আসলে ছোটবেলা থেকে ভাবছি, (এখনো তো অনেক ছোটই, কী পাকা কথা!) পুলিশ, আর্মি বা এ জাতীয় কিছু হতে। সে জন্য মার্শাল আর্ট জাতীয় খেলা খেলতে চাইতাম। অন্য দিকে না গিয়ে তায়কোয়ান্দো খেলছি। শুরুটা কীভাবে?সুমাইয়া: আমি সাতক্ষীরার নবায়ন গার্লস স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ি। তো আমাদের স্কুলে তাইকুন্ডু (তায়কোয়ান্দো) খেলার জন্য চিঠি গিয়েছিল। মাস ছয়েক ধরে আমি এটা অনুশীলন করছি স্কুলে। বিভিন্ন প্রতিযোগিতায় খেলছি। স্কুলের বন্ধুরা কী বলে তোমার তায়কোয়ান্দো খেলা দেখে?সুমাইয়া: ওরা আমার কাছে তাইকুন্ডু দেখতে চায়। মাঝে মাঝে বিরক্ত করে। যখন স্কুলে নাচগানের অনুষ্ঠান হয়, আমি কিছু করে দেখাতে চাইলে সবাই বলে, ‘তোমার অন্য কিছু করতে হবে না, তাইকুন্ডু দেখাও।’ আমার কথা শুনতেই চায় না। তায়কোয়ান্দো তো শারীরিক একটা খেলা। ব্যথাট্যথা লাগে না?সুমাইয়া: আগে লাগত। তবে এখন আর খারাপ লাগে না। অভ্যাস হয়ে গেছে। আগে ভয়ও পেতাম। সেই ভয়ও এখন আর আমার নেই। এখানে এসে আমার সব কেটে গেছে। তা হলে তো খুব ভালো। তুমি অনেক দিন খেলতে পারবে...সুমাইয়া: আমি চাই এই খেলাটা অনেক দিন খেলতে। অন্য কোনো খেলা আমি বুুঝিও না। পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি, আর ফাঁকে ফাঁকে তাইকুন্ডু খেলি। এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, আমার খুব নার্ভাস লাগছে। কারণ ভাবিনি, ঢাকায় এসে এভাবে সোনা জিতে যাব। তোমার এলাকার মেয়েরা খেলাধুলা করে? সুমাইয়া: অনেকে করে, অনেকে আবার করে না। স্কুলের স্যারেরা সহযোগিতা না করলে খেলাধুলা করা কঠিন। আমার শিক্ষকেরা আমাকে অনেক সহযোগিতা করেন। আমার এখন পরীক্ষা চলছে। স্যারেরা বলেছেন, আমি সাতক্ষীরা ফিরে গেলে আমার জন্য আলাদা পরীক্ষা নেবেন। বাবা-মা কী বলেন? তাঁদের সহযোগিতা না পেলে তো খেলতে পারতে না...সুমাইয়া: সেটা তো না বললেও চলে। আমার মা-বাবা খেলার ব্যাপারে খুব উৎসাহী। মা তো আমাকে নিয়ে ঢাকা এসেছেন। বাবা পৌরসভায় চাকরি করেন। আমার নার্সারিতে পড়া একটা ছোট বোন আছে। সে অনেক ছোট হলেও তারও খেলাধুলায় খুব আগ্রহ। আজ তুমি কী জিতলে? সুমাইয়া: (অনেকক্ষণ ভেবে) অনূর্ধ্ব-৩০ কেজিতে গোল্ড জিতেছি। তিনটা ম্যাচ খেলেছি। আর কিছু জানি না...(লাজুক হাসি)। তোমার কোনো প্রিয় খেলোয়াড় আছে? সুমাইয়া: (এবার মহা দুশ্চিন্তা) বড়দের কথা তো আমি বলতে পারব না। অন্য খেলা দেখিও না, বুঝিও না। আচ্ছা যাক, ঢাকায় কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগে?সুমাইয়া: ঢাকায় এলাম এবার নিয়ে দুবার। মিরপুরে চিড়িয়াখানা আছে না, ওটা বেশি ভালো লাগে।