জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর এতেই সুযোগ হয়ে গেল আগামী বছর চীনে অনুষ্ঠেয় যুব অলিম্পিকে খেলার। দলের এমন পারফরম্যান্সের নেপথ্য কারিগর বিকেএসপির কোচ কাওসার আলী। জাতীয় দলের সাবেক খেলোয়াড় টেলিফোনে সিঙ্গাপুর থেকে বললেন দলের সাফল্যের রহস্য যুব এশিয়া কাপে টানা পাঁচ ম্যাচে জয়। সরাসরি যুব অলিম্পিকে খেলার সুযোগ পেল বাংলাদেশ। এতটা কি আশা করেছিলেন?কাওসার আলী: আমি সব সময়ই আশাবাদী একজন মানুষ। এমন একটা ফল বাংলাদেশের হবে, সেই আত্মবিশ্বাস ছিল। এরপর যখন সিঙ্গাপুর, মালয়েশিয়াকে হারিয়ে দিল আমাদের ছেলেরা, কোরিয়ার মতো বড় দলকেও হারাল, তখন আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেল। এশিয়ার বড় বড় সব নাম জাপান-কোরিয়া। এদের উত্তরাধিকারীদের হারানোটা কীভাবে দেখছেন?কাওসার: আমরা একটা একটা করে ম্যাচ জিতেছি। আমাদের আত্মবিশ্বাস একটু একটু করে বেড়েছে। ধাপে ধাপে আমরা এগিয়েছি। আমাদের ছেলেদের যে ভালো খেলার ক্ষমতা আছে, সেটার বহিঃপ্রকাশই এই ফল। টুর্নামেন্টটা ফাইভ ‘এ’ সাইড। খেলার নিয়মকানুনেও সাধারণ হকির চেয়ে একটু ভিন্ন। এখানে একজন খেলোয়াড়ের স্কিল কীভাবে মূল্যায়ন করবেন?কাওসার: একজন খেলোয়াড়ের স্কিল ভালোই যাচাই করা যায় এই ফরম্যাটে। খেলাটা কিন্তু খুবই মজার। ১২ মিনিট করে তিন ধাপে হয় একটি ম্যাচ। মাঝে দুই মিনিট করে বিরতি থাকে। ৫ জন করে খেলে। পেনাল্টি কর্নার নেই। তবে পেনাল্টি স্ট্রোক আছে। এটা আসলে ইউরোপের ইনডোর হকির আদলে করা হয়েছে। সবাই খেলে খুব মজা পেয়েছে। কোন দলের বিপক্ষে খেলতে বেশি সমস্যা হয়েছে বাংলাদেশের?কাওসার: শুরু থেকেই জাপানকে নিয়ে বেশি ভয়ে ছিলাম। সেমিফাইনালে সেই জাপানকেই পেলাম। ওরা খুব লড়াই করেছে। তবে শেষ পর্যন্ত আমরাই জিতেছি। এই দলের সবাই তো বিকেএসপির ছাত্র। সাফল্যের কারণ কি এটাও?কাওসার: হ্যাঁ, এ কারণেই আমাদের ফল ভালো হয়েছে। ওরা সবাই একই সঙ্গে ট্রেনিং করে। ফিটনেসও ওদের সবার একই রকম। বিকেএসপির নিয়মমাফিক অনুশীলনের কারণেই মূলত আমরা এত ভালো করেছি। বাংলাদেশের খেলা দেখে অন্য দেশের খেলোয়াড়-কর্মকর্তারা কেমন প্রশংসা করল?কাওসার: সবাই বাংলাদেশের খেলার প্রশংসা করেছে। সবাই মুগ্ধ। পাকিস্তানের দলটির কোচ হয়ে এসেছেন সাবেক খেলোয়াড় তাহির জামান। উনি বললেন, তোমরা হকিতে এত উন্নতি করেছ, দেখে খুবই ভালো লাগছে। দেখে নিয়ো, তোমরাই চ্যাম্পিয়ন হবে। তাহলে চ্যাম্পিয়ন হওয়ার আশা করছেন?কাওসার: পাকিস্তান যেভাবে খেলছে এই টুর্নামেন্টে তাতে আমি আশাবাদী, আমরাই জিতব। ছেলেরা আগের ম্যাচগুলোর মতো যদি খেলতে পারে, তাহলে পাকিস্তানকে হারাতে পারব। সবাই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। এই দলটিকে নিয়ে কী পরিকল্পনা আছে আপনার?কাওসার: প্রথম সারির কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথমবার কোয়ালিফাই করলাম, এটা আমাদের বিরাট অর্জন। আর এর পরই রয়েছে বড় চ্যালেঞ্জ। এই দলের অনেকেই হয়তো আগামী বছর বয়সের কারণে অলিম্পিকে খেলতে পারবে না। তবে আমাদের হাতে আরও খেলোয়াড় আছে। অলিম্পিকে ভালো করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রবাসী বাঙালিদের সমর্থন কেমন পাচ্ছেন?কাওসার: এখানকার প্রবাসীরা প্রতিদিন খেলা দেখতে আসে। আজও হাজার খানেক দর্শক এসেছিল। এখন আমরা এক প্রবাসী ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। ওদের আতিথেয়তা আর ভালোবাসায় আমরা মুগ্ধ। ওরা বলছেন, বাংলাদেশের ছেলেরা এত ভালো খেলবে, সেটা তাঁরা আশা করেননি। ওদের জন্য আমরা গর্বিত। সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূতও খেলা দেখতে মাঠে এসেছিলেন। ছেলেদের অনেক প্রশংসা করলেন।