নেহাতই দুর্ভাগ্য। সহ-অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজ থেকেই কিনা ছিটকে গেলেন অসুস্থতার কারণে! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর প্রথম টেস্টটাও মিস করেছেন মাহমুদউল্লাহ। তবে আশার কথা, সুস্থ হয়ে দিন তিনেক হলো ফিরেছেন অনুশীলনে। টেলিফোনে জানালেন, সুযোগ পেলে প্রস্তুত আছেন দ্বিতীয় টেস্টে খেলার জন্যও শারীরিক অবস্থা এখন কেমন আপনার?মাহমুদউল্লাহ: শারীরিক অবস্থা মাশাল্লাহ ভালো এখন। অনেকটাই ফিট হয়ে গেছি। প্র্যাকটিসও শুরু করে দিয়েছি আজ (গতকাল) তিন দিন হলো। দুর্বলতা আছে কোনো? মাত্রই অসুস্থতা কাটিয়ে ফিরলেন...মাহমুদউল্লাহ: না, সবকিছু ঠিক আছে। ব্যাটিং-বোলিং করছি, রানিং করছি, জিম করছি। কোনো সমস্যা হচ্ছে না। ডেঙ্গু জ্বর হয়েছিল জানি। এ ছাড়া আর কোনো সমস্যা কি ছিল?মাহমুদউল্লাহ: না, ডেঙ্গু জ্বরই হয়েছিল। তবে জ্বরটা প্রাথমিক পর্যায়ে ছিল। এ জন্যই তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি। নইলে তো আরও সময় লাগত। সহ-অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজটাই অসুস্থতার কারণে মিস করছেন। খারাপ লাগে নিশ্চয়ই...মাহমুদউল্লাহ: একটু তো আফসোস হয়েছেই। সহ-অধিনায়কত্ব পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়লাম। প্রথম সিরিজেই খেলতে পারছি না। দলের সবাইকে খুব মিস করছি। ওয়ানডে সিরিজ হারলেও আমাদের দল ভালো খেলছে এখন। প্রথম টেস্টটাও ভালো গেল। টেলিভিশনে খেলা দেখেছেন?মাহমুদউল্লাহ: সব সময়ই দেখেছি। অসুস্থ অবস্থায়ও খেলা দেখেছি। অধিনায়কের সঙ্গে এর মধ্যে কথা হয়েছে টেলিফোনে?মাহমুদউল্লাহ: মুশফিকের সঙ্গে প্রায় সময়ই কথা হতো। এ ছাড়া সবার সঙ্গেই যোগাযোগ আছে। আজ (গতকাল) অধিনায়ক বলেছেন, সুস্থ হলে আপনাকে দলের প্রয়োজন। আপনার কি মনে হয় সুযোগ পেলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন?মাহমুদউল্লাহ: আসলে এ ব্যাপারে এখন পর্যন্ত কথা হয়নি কারও সঙ্গে। এখন আমি এক শ ভাগ ফিট আছি। সুযোগ পেলে দ্বিতীয় টেস্টেই কামব্যাক করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এ ব্যাপারে দল আর নির্বাচকেরাই সিদ্ধান্ত নেবেন। নির্বাচকেরা খোঁজখবর নিয়েছেন আপনার?মাহমুদউল্লাহ: আকরাম ভাইসহ অন্য নির্বাচকেরা ফোন করে খোঁজখবর নিয়েছেন। কেমন আছি জানতে চেয়েছেন। আমি জানালাম, ভালো আছি। সিরিজ চলাকালে মুশফিককে কোনো বিষয়ে পরামর্শ দিয়েছেন?মাহমুদউল্লাহ: খেলা নিয়ে কথা হয়েছে। যতটুকু পরামর্শ দেওয়া যায় দিয়েছি। সব বিষয়েই...। মুশফিকও দোয়া চেয়েছে আমার কাছে। চট্টগ্রাম টেস্ট দেখে কী মনে হলো? দুটো দিন নষ্ট না হলে কি জেতার সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের?মাহমুদউল্লাহ: সুযোগ ছিল একটা। যেভাবে আমরা খেলেছি, যেভাবে সব কাজে লাগিয়েছি...। সানি অভিষেক টেস্টে খুবই ভালো বল করেছে। দুই দিন খেলা না হওয়াটা দুর্ভাগ্যজনক। চট্টগ্রামের পারফরম্যান্সের পর কতটা সহজ হবে ঢাকা টেস্টে খেলা?মাহমুদউল্লাহ: ঢাকার উইকেটের চেয়ে চট্টগ্রামের উইকেটে বরাবরই বেশি টার্নিং থাকে। ঢাকা টেস্টে আমার মনে হয় ব্যাটসম্যানদেরই মূল ভূমিকা থাকবে। এ ছাড়া ফিল্ডারদের কাজও থাকবে। তবে ব্যাটসম্যানদের অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে এবং বড় রান সংগ্রহ করতে হবে। বোলারদের কাজটা তাহলে সহজ হয়ে যাবে। কাল (আজ) ঢাকায় গিয়ে পরশু অনুশীলন করবে বাংলাদেশ দল। আপনাকে কি দেখা যাবে দলের সঙ্গে?মাহমুদউল্লাহ: দেখি...যদি দ্বিতীয় টেস্টের দলে আসি, তাহলে তো অনুশীলন করবই।