‘সবাইকে বলব আত্মবিশ্বাস রাখতে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ বিশ্বকাপের আগে কেনিয়ায় একটি প্রস্তুতি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ৮১ করেছিলেন ৫০ বলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো সেটিই বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। নাজিমউদ্দিন কথা বললেন সেই ইনিংস আর নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মনে পড়ে পাকিস্তানের বিপক্ষে ওই ইনিংসটার কথা?নাজিমউদ্দিন: সব মনে পড়ে। আমার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ ছিল ওটা, পাকিস্তান মনে হয় ১৮০-র মতো (১৯১) করেছিল। আমরাও কাছাকাছি গিয়েছিলাম (১৬১)। আগের ম্যাচেই কেনিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল আমার, ৪৩ (৩৭ বলে) রান করে ম্যাচসেরা হয়েছিলাম ওই ম্যাচে। আপনার ইনিংসটির কথা বলুন, শোয়েব-আসিফদের খেলতে নার্ভাস লাগেনি?নাজিমউদ্দিন: সত্যি বলতে নার্ভাস লাগছিল। শোয়েবকে তো এর আগে শুধু টিভিতেই দেখেছি, প্রচণ্ড জোরে বল করত। এত দ্রুতগতির বল আগে খেলিনি, ভাবছিলাম, ওর বল খেলতে পারব তো! আসিফও ভালো বোলার, আরও দুজন পেসার ছিল (ইয়াসির আরাফাত ও রাও ইফতিখার আনজুম), আফ্রিদি ছিল। নার্ভাস লাগছিল। শোয়েবের দ্বিতীয় বলে পুল করে চার মারার পর আত্মবিশ্বাস বাড়ল। আরও কয়েকটা বল খেলার পর মনে হলো, ওদের খেলা এমন অসম্ভব কিছু নয়। শোয়েবকে তো একটা ছয়ও মেরেছিলেন...নাজিমউদ্দিন: হুমম....মিড উইকেট দিয়ে পুল করে। ৫টা ছয় মেরেছিলাম, এক ওভারেই দুটি (ইফতিখার আনজুমকে)।  জীবনের সেরা ইনিংস কী ওটাই?নাজিমউদ্দিন: টি-টোয়েন্টিতে অবশ্যই। তবে জীবনের সেরা বলব না, প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো কিছু ইনিংস আছে। শোয়েব-আসিফদের বিপক্ষে ঝড় তুলেছিলেন, পাকিস্তানের এই দলের বোলিং আক্রমণও দুর্দান্ত। বাংলাদেশ দলের প্রতি আজ কী বার্তা থাকবে?নাজিমউদ্দিন: শুভকামনা থাকবে অবশ্যই। আমি সবাইকে বলব আত্মবিশ্বাস রাখতে। আমার মনে হয়, শুরুটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ৬ ওভারে ৫৫-৬০ রান তুলতে হবে। এ জন্য টপ-অর্ডারের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। শুরুতে উইকেট হারিয়ে ফেললে পরে গুছিয়ে নিলেও দেখা যায় বড়জোর ১২০-৩০ হয়, এই রান নিয়ে খেলা মুশকিল। আমার মনে হয়, ১৫০-৬০ করতে পারলে আমরা ওদের হারিয়েও দিতে পারি। আপনার প্রসঙ্গে আসি...এমন শুরুর পরও টিকতে পারলেন না (৭ টি-টোয়েন্টি ও ৭ ওয়ানডে), আক্ষেপ হয় না?নাজিমউদ্দিন: আক্ষেপ তো আছেই...শুরুটা এত ভালো হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই সব কেমন জানি ওলট-পালট হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটাই আসলে আমার ক্যারিয়ার অনেকটা পিছিয়ে দিয়েছে। বিশ্বকাপে ৪ ম্যাচ খেলেও রান পাইনি, মানসিকভাবে খুব আপসেট হয়ে পড়েছিলাম, যেটার প্রভাব পড়ে ওয়ানডেতে। আমি এখনো ভেবে পাই না, বিশ্বকাপে কেন এমন হয়েছিল! বয়স তো এখনো এমন কিছু হয়ে যায়নি (২৬), দলে ফেরার লক্ষ্য আছে নিশ্চয়ই?নাজিমউদ্দিন: ফেরার স্বপ্ন তো দেখিই। পরিশ্রম করছি। চেষ্টা করছি ধারাবাহিকভাবে ভালো খেলার। জাতীয় লিগ চলছে, এরপর প্রিমিয়ার লিগ আছে, বিপিএল আছে। দেখা যাক... এবারের জাতীয় লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ রান আপনার (৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৪টি ফিফটিসহ ৫১১), জানেন সেটা? নির্দিষ্ট কোনো লক্ষ্য আছে লিগে?নাজিমউদ্দিন: পঞ্চম রাউন্ড শেষে আমি শীর্ষে, এটা জানতাম। আজ ৬৪ করেছি...। নির্দিষ্ট লক্ষ্য...মুখে যদি বলি আগের চেয়ে ভালো ব্যাট করছি, তাহলে তো লাভ নেই। পারফর্ম করে যেতে হবে। যতটা সম্ভব ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে চাই। সেটা পারলে সুযোগ নিশ্চয়ই আসবে।