আমাদের দেশে নারী নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পত্রিকার পাতা খুললেই নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, খুন এসব চোখে পড়ে। এসবের যেন কোনো প্রতিকার নেই। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন আইনজীবী ও সাংসদ তারানা হালিম প্রথম আলো: সম্প্রতি প্রকাশিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দেশে নারীর প্রতি সহিংসতা আগের তুলনায় অনেক বেড়েছে। এর পেছনে আসল কারণ কী?তারানা হালিম: নারীর প্রতি সহিংসতা সব সময়ই ছিল। কিন্তু তার প্রকাশ ছিল কম। পত্রপত্রিকায় নারী নির্যাতনের খবর কম আসত। নারীরা মনে করতেন, নির্যাতনের খবর প্রকাশ করলে তার সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। তাঁর সম্মানহানি হবে। এখন নারীরা আগের তুলনায় সচেতন হচ্ছেন; শিক্ষিত হচ্ছেন। নিজের পায়ে দাঁড়াচ্ছেন। অনেকে আয় করছেন। তাঁরা মনে করছেন, তাঁদের ওপর এই নির্যাতনের কথা বাইরে বলার সময় হয়েছে। নির্যাতন নিশ্চুপভাবে মেনে নেওয়াটা অন্যায়। আর্থিক নিরাপত্তা বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েরা প্রতিবাদী হচ্ছে। আত্মনির্ভরশীল হওয়ায় তাঁরা আর নির্যাতনটা মেনে নিচ্ছেন না। এ ছাড়া লোকজন আগের চেয়ে সচেতন হয়েছে। ফলে পত্রিকাগুলোতে নির্যাতনের খবর অনেক বেশি আসছে। প্রথম আলো: কোথাও কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটলে অনেক সময় দেখা যায়, আশপাশের লোকজন এগিয়ে আসে না। তাদের কি উচিত নয়, এই নির্যাতনের কথা সবাইকে জানানো? তারানা হালিম: বিদেশে একটা বিষয় আছে। দরজায় কড়া নাড়ুন। যখন কারও বাড়িতে নারী নির্যাতনের ঘটনা ঘটে, তখন তার প্রতিবেশী তার বাড়িতে গিয়ে কড়া নাড়ে। ওই বাড়ির কেউ দরজা খুলক আর না খুলুক বাড়ির পুরুষটি অন্তত সচেতন হয়, পাশের বাড়ির লোকটি জানে যে এখানে নির্যাতনের ঘটনা ঘটছে। একটু হলেও সে ভয় পায়। তবে আমি মনে করি, যে নির্যাতিত হচ্ছে তাকেই মুখ খুলতে হবে। অন্যদেরও মুখ খুলতে হবে, তবে এই মুখ খোলাটা যেন নির্যাতিত নারীর বিপদ ডেকে না আনে। নির্যাতিত নারীটি যাতে নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারে সেভাবেই মুখ খুলতে হবে। প্রথম আলো: সম্প্রতি এক কর্মশালায় উত্থাপিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৮০ শতাংশ নারী মানসিক নির্যাতনের শিকার। এমনকি যেসব নারী উপার্জন করে সংসারে অবদান রাখছেন, তাঁদের মধ্যে ১০ থেকে ২০ শতাংশ মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। এটা কেন?তারানা হালিম: আসলে নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে এমনটা হচ্ছে। সংসারে স্ত্রীর অবদান আছে কি নেই, এটা পুরুষের কাছে বিবেচ্য নয়। অনেক শিক্ষিত পুরুষ মনে করেন, গায়ে হাত না তুললেই কেবল নির্যাতন হয় না। কিন্তু মানসিক নির্যাতনটা একজন নারীর জন্য আরও ভয়াবহ ব্যাপার। সন্তানের ওপরও এর ক্ষতিকর প্রভাব পড়ে। তার পরও গ্রামাঞ্চলে দেখা যায় যে রোজগার করা নারীটির ওপর নির্যাতনটা অপেক্ষাকৃত কম হচ্ছে। কিন্তু শহরে শিক্ষিত উচ্চবিত্ত পরিবারে মানসিক নির্যাতনের মাত্রা বেশি।প্রথম আলো: পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মানসিক নির্যাতনের শিকার নারীদের প্রতিকার পাওয়ার ব্যবস্থা আছে। এখন পর্যন্ত এ আইনে মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা হয়েছে কি? তারানা হালিম: খুবই কম। আমার জানামতে, দুটি কি তিনটি মামলা হয়েছে। তবে সেসব মামলা এখনো নিষ্পত্তি হয়নি। এ ছাড়া অনেকে এ আইন সম্পর্কে জানে না। বেশির ভাগ নারী মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে। অথচ পারিবারিক সহিংসতা প্রতিরোধ খুবই চমৎকার একটি সুরক্ষামূলক আইন। এটি শাস্তিমূলক আইন নয়। এ আইনে নারীদের সুরক্ষার সব ব্যবস্থা রাখা হয়েছে।প্রথম আলো: নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে দেশে যেসব আইন আছে, সেসব আইন সম্পর্কে অনেকে ভালোভাবে জানেন না। আপনি কি মনে করেন, এসব আইন সম্পর্কে আরও বেশি করে প্রচার-প্রচারণার প্রয়োজন রয়েছে?তারানা হালিম: অবশ্যই প্রচার-প্রচারণার প্রয়োজন রয়েছে। টেলিভিশনে কিছু কিছু প্রচার হচ্ছে। কিন্তু আমি মনে করি, সবাইকে জানাতে হলে পত্রপত্রিকায় প্রচারণা চালাতে হবে। কারণ, পত্রিকাটা অনেক মানুষ পড়ে। আইনের ভেতরে কী আছে তা বিস্তারিত জানাতে হবে। আজকাল অনেক নারীই জানেন না কোথায় গিয়ে মামলা করতে হবে। মামলা করতে কত টাকা লাগে। এ জন্য প্রচারণা অনেক বেশি জরুরি। এ ছাড়া সবার আগে প্রয়োজন নারীর শিক্ষিত হওয়া। শিক্ষিত হলেই নারী তাঁর অধিকার সম্পর্কে সচেতন হবেন। সচেতন না হলে তাঁদের ওপর নির্যাতনের মাত্রা বাড়তেই থাকবে।প্রথম আলো: নারীরা তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হলেই কি নারীর ওপর নির্যাতন কমে আসবে বলে আপনি মনে করেন?তারানা হালিম: নারীর কিছু সহায়ক জিনিস দরকার। থানাগুলোকে নারীবান্ধব হতে হবে। প্রতিটি থানায় নারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। তাঁরা নারী নির্যাতন প্রতিরোধে সব আইন সম্পর্কে ভালোভাবে জানবেন। বাড়ির পরিবেশ ও কর্মস্থল নারীবান্ধব হতে হবে। প্রশাসন, বিচার বিভাগকে নারীবান্ধব হতে হবে। নারীকেও নারীবান্ধব হতে হবে। তবেই কমে আসবে নারীর ওপর নির্যাতন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও অনেক কিছু করার আছে। নারী নির্যাতন প্রতিরোধে তাঁরাও ভূমিকা পালন করতে পারেন। প্রথম আলো: সম্প্রতি ভারতে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রেখে ধর্ষণবিরোধী একটি আইন পাস হয়েছে। আমাদের দেশে কি এ ধরনের আইন করার সময় আসেনি? তারানা হালিম: নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের ফলে কোনো নারী বা শিশুর মৃত্যু হলে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আর ধর্ষিতার মৃত্যু না হলে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান। তবে আমি মনে করি, মৃত্যুদণ্ড নয়, বরং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান রেখে পূর্ণাঙ্গ ধর্ষণবিরোধী আইন পাস করা উচিত। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মামলার দীর্ঘসূত্রতা। মামলার জট লেগেই আছে। এ জন্য উচিত প্রতিটি ফৌজদারি ও দেওয়ানি মামলার নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেওয়া। আমাদের মাননীয় আইনমন্ত্রী কথা দিয়েছেন প্রতিটি মামলার নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেওয়া হবে। আশা করি, তিনি তাঁর কথা রাখবেন। প্রথম আলো: একজন সাংসদ হিসেবে নারী নির্যাতন প্রতিরোধে আপনি এ পর্যন্ত কী কী উদ্যোগ নিয়েছেন?তারানা হালিম: একজন সাংসদ হিসেবে আমার সবচেয়ে বড় অর্জন হচ্ছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন পাস করানো। আমার স্বপ্ন ছিল, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার গড়ে তোলা। আমার উদ্যোগে সেটা হয়েছে। এখন আমার স্বপ্ন হচ্ছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলোকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর সঙ্গে সম্পৃক্ত না রেখে আলাদা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। আমি এখন জাতীয় নারী উন্নয়ন কমিটির সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর চেয়ারপারসন। যৌনকর্মীদের সন্তানদের জন্য প্রতিটি যৌনপল্লির পাশে বিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব দিয়েছি। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে রাজি হয়েছেন। হিজড়াদের জন্য আমি বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছিলাম। এবারের বাজেটে এই বরাদ্দ দেওয়া হয়েছে। হিজড়াদের তৃতীয় সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছি। স্কুলগুলোতে এখন যে দুপুরের খাবার দেওয়া হচ্ছে, সেই ধারণাটাও আমার ছিল। হিন্দু মেয়েদের বিবাহ নিবন্ধনের কথা আমি সংসদে প্রথম তুলেছিলাম। আরেকটা স্বপ্ন আছে, স্কুলগুলোতে পরামর্শক নিয়োগ করা। শিশু-কিশোরদের অনেক সমস্যা আছে। নানা কারণে মেয়েরা আত্মহত্যা করছে, পড়ালেখা ছেড়ে দিচ্ছে। একজন পরামর্শক থাকলে এসব সমস্যার অনেকখানি সমাধান হতো। l সাক্ষাৎকার নিয়েছেন রোকেয়া রহমান