‘সবার জন্য ছাপচিত্র’ মেলা ঢাকা আর্ট সেন্টারে
ধানমন্ডি এলাকার রবীন্দ্রসরোবরের সামনেই ঢাকা আর্ট সেন্টার। এখানে ২০১০ সালের পয়লা জানুয়ারি যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। গতকাল রোববার ছিল এর দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ছাপচিত্র মেলার। বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার জন্মদিন ছিল গতকাল পয়লা জানুয়ারি। তাঁর জন্মদিন উপলক্ষে মেলার নামকরণ করা হয়েছে ‘কিবরিয়া ছাপচিত্র মেলা’। পুরো আর্ট সেন্টার সাজানো হয়েছে লোকজ আবহে; ঠিক যেন বাংলার আবহমান লোকজ মেলা। রোববার পৌষের স্নিগ্ধ বিকেলে এ মেলার উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। আর্ট সেন্টারের পৃষ্ঠপোষক শিল্পী রফিকুন নবী এতে সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন শিল্পী কালিদাস কর্মকার, আবুল বারাক আলভী ও রশীদ আমীন।নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, সবার মধ্যে ছাপচিত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ মেলার মূল প্রতিপাদ্য করা হয়েছে ‘সবার জন্য ছাপচিত্র’। মেলায় দেশের ১২টি প্রিন্ট মেকিং বা ছাপচিত্র প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাপচিত্র বিভাগ, ইউডার ছাপচিত্র বিভাগ, আতেলিয়ার ৭১, কসমস আতেলিয়ার ৭১, শূন্য আর্ট স্পেস, বর্ণিকা হোম স্টুডিও, বাংলাদেশ প্রিন্ট মেকার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টস, রাজশাহীর বরেন্দ্র প্রিন্ট মেকিং গ্রুপ এবং ঢাকা আর্ট সেন্টারের কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও।মেলায় স্বল্পমূল্যে সব শিল্পীর ছাপচিত্র বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে প্রদর্শিত হচ্ছে বরেণ্য শিল্পীদের ছাপচিত্র ও ছাপচিত্র তৈরির প্রক্রিয়া। তিন দিনের এই মেলা ৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।মেলা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষক শিল্পী আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দেশে এ ধরনের মেলা এই প্রথম শুরু হলো। বিদেশে এ ধরনের আয়োজন হয়ে থাকে। শিল্পকলাকে বিপুলসংখ্যক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছাপচিত্র মেলা অগ্রণী ভূমিকা রাখতে পারে। তা ছাড়া এই মেলা থেকে সারা দেশের ছাপচিত্র মাধ্যমে যাঁরা কাজ করছেন, তাঁদের মধ্যে যোগাযোগ সৃষ্টি হলো। পরস্পরের কাজ দেখার সুযোগ মিলল, এটিও শিল্পীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।’ বর্ণিকা হোম স্টুডিওর শিল্পী সোহেল প্রাণন বলেন, ‘গ্রামীণ মেলার আবহে আয়োজিত এ ছাপচিত্র মেলা খুবই চমৎকার একটি আয়োজন। এই মেলার প্রস্তুতি নিয়ে আমরা একটি কর্মশালার আয়োজন করেছি। অন্য শিল্পীরাও বিশেষ উৎসাহ নিয়ে কাজ করেছেন। সুলভে সংগ্রাহকেরা শিল্পকর্ম সংগ্রহের সুযোগ পাবেন। শিল্পসম্মত জনরুচি সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া প্রয়োজন।’উদ্বোধনী দিনে মেলায় শিল্পানুরাগী দর্শকের সংখ্যাও ছিল বিপুল। এখানে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার মধ্যে দেশের বিশিষ্ট শিল্পী থেকে নবীন শিল্পীদের মূল ছাপচিত্র সংগ্রহ করা যাবে।