‘সবার জন্য সুখ-স্বাচ্ছন্দ্য’ মতাদর্শ ছড়িয়ে দিতে চায় ভুটান
সম্পদের সীমাবদ্ধতা আছে, সেই সঙ্গে আছে পরিবেশের বৈরিতা। এসব কাটিয়ে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আবার সমুন্নত রাখা চাই হাজার বছরের ঐতিহ্য। ‘সবার জন্য সুখ-স্বাচ্ছন্দ্য’ মতাদর্শ সামনে রেখে প্রাচীন সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার চমৎকার মেলবন্ধন ঘটিয়েছে ভুটান। দেশের চিরাচরিত কৃষ্টি আর সংস্কৃতি সমুন্নত রাখার পাশাপাশি পরিবেশের বিপর্যয় ঠেকাতে সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। এরই ফল হিসেবে কয়েক বছর আগে প্রখ্যাত সাময়িকী বিজনেস উইক এশিয়ার সবচেয়ে এবং বিশ্বের শীর্ষস্থানীয় অষ্টম দেশ হিসেবে ব্রিটেনের ইউনিভার্সিটি অব লিস্টারশায়ারের এক জরিপে ‘পৃথিবীর সুখী মানচিত্র’র স্বীকৃতি পেয়েছে ভুটান। ‘সবার জন্য সুখ ও স্বাচ্ছন্দ্য’ (গ্রস ন্যাশনাল হ্যাপিনেস জিএনএইচ) যে মতাদর্শের ভিত্তিতে দেশকে এগিয়ে নিচ্ছে, তারই ভিত্তিতে এবার দক্ষিণ এশিয়ার জনগণের সমৃদ্ধি চায় ভুটান। ষোড়শ সার্ক সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভুটান এবার জিএনএইচকে তাদের অন্যতম প্রস্তাব হিসেবে তুলে ধরবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থিনলে দর্জি গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ভুটান এ বিষয়টি দক্ষিণ এশিয়ার অন্য দেশের নেতাদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। এ মতাদর্শের ভিত্তিতে দেশের উন্নয়ন কর্মকাণ্ড চালালেও আমরা কখনোই এ বিষয়ে আঞ্চলিকভাবে কথা বলিনি। তাই এ বিষয়টি নিয়ে এবার আলোচনা করতে চাই।’ভুটানের জ্যেষ্ঠ এ কর্মকর্তা জানান, এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তাঁরা গুরুত্ব দেবেন।২৮ ও ২৯ এপ্রিল থিম্পুর গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ষোড়শ শীর্ষ সম্মেলন। এর আগে ২৬ ও ২৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী, ২৫ এপ্রিল পররাষ্ট্রসচিব এবং ২৪ এপ্রিল দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এবার শীর্ষ সম্মেলনে পরিবেশ ও বাণিজ্যসংক্রান্ত একাধিক চুক্তি সইয়ের কথা রয়েছে। বর্ণিল সাজে ভুটান: শীর্ষ সম্মেলনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হিমালয়ের পূর্ব প্রান্তে অবস্থিত দেশটি বর্ণিল সাজে সেজেছে। মূল অনুষ্ঠান যতই এগিয়ে আসছে, ততই সাজ সাজ রব পড়ছে রাজধানী থিম্পুতে। বিমানবন্দর থেকে থিম্পু ও ফুন্টশোলিং থেকে থিম্পু পুরোটা পথেই সদস্য দেশের নেতাদের প্রতিকৃতি, পতাকা, রং-বেরঙের ফেস্টুনে সাজানো হয়েছে। মোড়ে মোড়ে অতিথিদের স্বাগত জানাতে তৈরি হয়েছে বর্ণিল তোরণ। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের সমাবেশ আয়োজন নিয়ে তাই একধরনের উত্তেজনা আর শিহরণে দিন পার করছেন আয়োজকেরা। এ ব্যাপারে ভুটানের তথ্যমন্ত্রী লিওনপো নন্দলাল রাই গতকাল বুধবার এ প্রতিবেদককে জানান, শীর্ষ সম্মেলনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাজ সাজ রব পড়েছে থিম্পুতে। এবারই প্রথম দক্ষিণ এশিয়ার নেতাদের সবচেয়ে বড় সমাবেশ আয়োজনে গর্বিত সবুজ পাহাড়ে ঘেরা দেশটির মানুষ। সদস্য দেশ, পর্যবেক্ষক আটটি দেশ ও একটি জোটের প্রায় সাড়ে ৪০০ সরকারি প্রতিনিধি আর এ অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড় শ গণমাধ্যমকর্মী বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ভুটান।দূর দেশে ঘরের ছোঁয়া: সার্ক শীর্ষ সম্মেলনের সময় প্রতিবারই হোটেলে অবস্থান করেন অতিথিরা। এবার ভুটানে তাঁদের একেবারে অন্য আবহে কাটবে। হোটেল নয়, এবার তাঁরা রাত কাটাবেন সার্ক পল্লিতে। নাম শুনেই গ্রামের কথা ভাবার কারণ নেই। থিম্পুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা মতিথাংয়ে বিশেষভাবে পাহাড়ের ঢালে নির্মিত হয়েছে সার্ক পল্লি। গত মঙ্গলবার বিকেলে ঘুরে দেখার সময় চোখে পড়েছে লাল-রঙের ছাদ আর কমলা রঙের ভুটানের নির্মাণশৈলিতে নির্মিত ১৪টি দোতলা বাড়ি। প্রতিটি সদস্য দেশের জন্য দুটি বাড়ির একটিতে শীর্ষ নেতারা ও অন্যটিতে থাকবেন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য কর্মকর্তারা। প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা বাড়ির সামনে উড়ছে সে দেশের পতাকা। আর বাড়ির দুই পাশের পথের ধারে লাগানো হয়েছে নানা রকম ফুলগাছ ও ছোট পাইনের গাছ। প্রতিটি বাড়ির সামনেই আছে নির্ধারিত গাড়ির জন্য বারান্দা। শোয়ার ঘর, বসার ঘরের পাশাপাশি প্রতিটি বাড়িতেই থাকছে একটি রান্নাঘর। যদিও নেতাদের খাবার-দাবার আনা হবে বাইরে থেকে। মার্বেলশোভিত বাড়ির নিচতলার সবুজ সোফার সঙ্গে মিলিয়ে জানালায় ঝুলছে লেবু রঙের সবুজ পর্দা। দেয়ালগুলোতে শোভা পাচ্ছে চিত্রকর্ম।