‘সবার দেওয়া দায়িত্ব পালন করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে সময়টা তিন মাস। তা হোক, মোহামেডানের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক পদে এক দিনের জন্য আসাও বড় দায়িত্ব কুতুবউদ্দিন আহমেদের জন্য। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কাল মোহামেডানের শীর্ষ পদে মনোনীত হওয়ার পর মুখোমুখি হলেন নানা প্রশ্নের মোহামেডানের সাংগঠনিক প্রধান পদে আসার অনুভূতি কেমন?কুতুবউদ্দিন আহমেদ: আমি মনে করি, আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। মোহামেডান ক্লাবের অগণিত সমর্থক, সাবেক খেলোয়াড়, কর্মকর্তা, সবার দেওয়া এই দায়িত্ব আগামী দিনে পালন করতে হবে। সবাইকে নিয়ে চলবেন বলছেন। কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন?কুতুবউদ্দিন: মোহামেডানকে লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা, ক্লাবে আর্থিক সচ্ছলতা আনা, আর্থিক ব্যাপারে স্বচ্ছতা রাখার ব্যাপারে প্রাধান্য থাকবে। ফুটবলে এখন আমাদের নতুন দল গড়তে হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে সবচেয়ে ভালো দল গড়ার চেষ্টা চালাব। দলের দুর্বল দিকগুলো বিদেশি খেলোয়াড় এনে ভরাট করতে চাইব। সবচেয়ে বড় কাজ সম্ভবত ক্লাবকে লিমিটেড কোম্পানিতে রূপ দেওয়া?কুতুবউদ্দিন: হ্যাঁ, ওটা বড় দায়িত্ব। ক্লাবকে লিমিটেড কোম্পানি করার জন্য আজকের (কাল) সভায় আমাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটা শেষ করাই হবে আমার বড় কাজ। মোহামেডানে তো অনেক গোষ্ঠীদ্বন্দ্ব। এটা কীভাবে নিরসন করবেন? মোহামেডানে টাকার জন্য খেলোয়াড় বিদ্রোহের মতো ঘটনা আপনার সময় ঘটবে না, এটা কি আশা করা যায়?কুতুবউদ্দিন: মোহামেডান একটা পরিবার। এর সদস্যসংখ্যা অনেক। মনোমালিন্য থাকে এবং থাকবে। এটা অস্বাভাবিক কিছু নয়। তবে ক্লাবকে কেন্দ্র করে আমরা সবাই এক। ক্লাবের উন্নতির জন্য, সমর্থকদের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য, একযোগে কাজ করবে সবাই এই আমার আশা। বিদ্রোহের যে কথা বললেন, তিন মাসে সব করে ফেলব, এটা তো সম্ভব নয়। তবে আমি প্রক্রিয়াটা শুরু করে যেতে পারব নিশ্চয়ই। আপনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব, সেখানেই পর্যাপ্ত সময় দিতে পারেন না ব্যস্ততার কারণে। মোহামেডানকে কীভাবে সময় দেবেন?কুতুবউদ্দিন: অলিম্পিকে সময় দিতে পারি না ঠিক নয়। অভিযোগ যেই করুক, এটার উত্তর হচ্ছে, ধরুন বিল গেটসের কথা। কিংবা বাটা শু কোম্পানির চেয়ারম্যানকে কখনো কেউ দেখেছেন? অথচ সারা পৃথিবীতে তারা ব্যবসা করে বেড়াচ্ছে। লোকসান না দিয়ে লাভ করে। সারা দুনিয়ায় এখন চলছে পেশাদারি। পেশাদারি ছাড়া আপনি ২৪ ঘণ্টা বসে থাকলে শুধু ক্লাবই চলবে, আর কিছু চলবে না।  তার মানে আপনি মোহামেডানে পেশাদারি আনতে চান। আর একটা প্রশ্ন, বিওএর মহাসচিব পদে থেকে কোনো ক্লাবের শীর্ষ পদে আসতে কোনো আইনি বাধা আছে?কুতুবউদ্দিন: আইনি বাধা থাকলে মোহামেডানের দায়িত্ব নিতাম না। প্রথম প্রশ্নের উত্তরে বলি, আমরা মোহামেডানে পেশাদারি এবং বিকেন্দ্রীকরণ চাই। যেমন ফুটবল-ক্রিকেট-হকি কমিটি নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই প্রসঙ্গে বলি, মোহামেডানে অতীতে আমরা যে খেলাগুলোয় অংশ নিতাম, এখন নিই না, এমন খেলাসহ আরও কিছু খেলায়ও অংশ নিতে চাইব আমরা। লিমিটেড কোম্পানি করার কথা ৫-৬ বছর ধরে শোনা যাচ্ছে। আসলে কবে নাগাদ এটা হবে?কুতুবউদ্দিন: এখনই বলতে পারব না। যত তাড়াতাড়ি সম্ভব করা হবে। আমার তিন মাস সময়ের মধ্যেই করতে চাই। এরপর ক্লাবে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। আপনাকে নাকি দীর্ঘ মেয়াদের জন্যই এই পদে আনা হয়েছে? আপনি কী ভাবছেন?কুতুবউদ্দিন: নির্বাচন হোক, তারপর বলা যাবে। আমি নির্বাচন করব কি না, সেটাও এখন বলতে পারব না।