কাল ঘোষিত সাবেক তিন অধিনায়কের নতুন নির্বাচক কমিটির প্রধান তিনি। সঙ্গে পেয়েছেন মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে। প্রায় চার বছর নির্বাচক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে বললেন আকরাম খান এত দিন নির্বাচক ছিলেন, এখন প্রধান নির্বাচক। কেমন লাগছে?আকরাম খান: এটা অনেক বড় একটা সম্মানের ব্যাপার আমার জন্য। নির্বাচক কমিটিতে প্রায় চার বছর ধরে আছি, প্রধান নির্বাচক হব কখনো চিন্তা করিনি। পত্রপত্রিকায় আমার সম্ভাবনার কথা পড়েছি, এ ছাড়া কিছু শুভাকাঙ্ক্ষীও আমাকে আভাস দিয়েছিলেন। বোর্ড সভাপতি এবং বোর্ড সদস্যদের ধন্যবাদ যে ওনারা আমার ওপর আস্থা রেখেছেন। ফারুক আহমেদ এবং রফিকুল আলমের নেতৃত্বাধীন গত দুই নির্বাচক কমিটিতেই থাকার সুবাদে আপনি প্রায় চার বছর ধরে দল নির্বাচন-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। এই চার বছরের অভিজ্ঞতা থেকে কী শিখেছেন?আকরাম: ফারুক ভাইয়ের সঙ্গে আমি শেষ তিন মাস কাজ করেছি, একটি কি দুটি মিটিং করেছি ওনার সঙ্গে। রফিক ভাইয়ের সঙ্গে প্রায় চার বছর। আমি এই দুজনের কাছ থেকেই অনেক কিছু শিখেছি। দল যখন ভালো করে তখন নির্বাচকদের কথা কেউ বলে না। কিন্তু দল খারাপ করলে পুরো দোষই নির্বাচকদের ওপর আসে এবং সেটা জেনেই কিন্তু আমি এখানে এসেছি। বিতর্ক থাকবেই, সমালোচনা থাকবেই। এসব আমাদের মেনে নিতে হবে। সন্তুষ্টিটা পুরোপুরি নিজের ওপর। অন্য নির্বাচকদের সঙ্গে প্রধান নির্বাচকের কাজের পার্থক্য কী?আকরাম: বাসায় অভিভাবকের যে ভূমিকা, প্রধান নির্বাচকের ভূমিকাও অনেকটা সে রকম।্রসবকিছুই বোঝাপড়ার মধ্যে হয়, তার পরও অনেক সময় প্রধান নির্বাচককে কিছু বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে হয়। নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) আমার সিনিয়র। এখানেও সবকিছু আলোচনার মাধ্যমেই হবে। প্রধান নির্বাচক বলে আমাদের মধ্যে কিছু থাকবে না। সর্বশেষ নির্বাচক কমিটির সময় দল নির্বাচনে বোর্ডের হস্তক্ষেপের কথা শোনা গেছে। দায়িত্ব গ্রহণের আগে কি বোর্ডের কাছ থেকে সেসব বিষয় পরিষ্কার হয়ে নেবেন?আকরাম: বোর্ড আমাদের কিছু শর্ত দেবে, যেটা আমাদের মানতে হবে। সঙ্গে আমাদেরও কিছু শর্ত বা অনুরোধ থাকবে যেটা দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। আমাদের লক্ষ্য দেশের জন্য কিছু করা, ওনারাও দেশের ভালোই চান। বোর্ডের নীতি আমাদের মানতে হবে। আবার আমাদের সম্মানটাও বোর্ডের দেখতে হবে।্রআমরা নিজেদের ছোট হতে দেব না, আবার কারও প্রতি অন্যায়ও করব না। সঙ্গী হিসেবে নির্বাচক কমিটিতে যাঁদের পেলেন তাঁদের ব্যাপারে আপনার মূল্যায়ন কী?আকরাম: নির্বাচক কমিটিতে যে দুজনকে পেয়েছি ক্রিকেটার হিসেবে এবং মানুষ হিসেবেও তাঁদের ভাবমূর্তি খুবই ভালো।্রএদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান। মনে হয় না এর আগে আর কোনো প্রধান নির্বাচক এত ভালো কমিটি পেয়েছে। তাঁরা দুজনই বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। দুজনের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি। নান্নু ভাই আমার আইডল ছিলেন। ওনার প্রতি আলাদা একটা শ্রদ্ধা সব সময়ই আছে। আর নান্নু ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধা, আমার বিশ্বাস, একই রকম শ্রদ্ধা আমার প্রতি সুমনেরও (হাবিবুল বাশার) আছে। তাঁদের সঙ্গে কাজ করতে আমার অনেক সুবিধা হবে। প্রধান নির্বাচক হিসেবে নির্দিষ্ট কোনো টার্গেট কি আছে?আকরাম: সত্যি বলতে কি বিশ্বের আট নম্বর দলের সঙ্গেও কিন্তু আমাদের তফাৎটা অনেক বেশি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এর কথা বাদই দিলাম। আমার টার্গেট খুবই সহজ-সরল। আমি বেশি মনোযোগ দেব একাডেমি, অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের ওপর। জাতীয় দলে প্রতিষ্ঠিত কোনো খেলোয়াড়কে কোনো কারণে যদি না পাওয়া যায়, তাদের জায়গায় ভালো ব্যাকআপ খেলোয়াড় যেন থাকে। পার্থক্যটা যেন কম থাকে। এ ছাড়া প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ থেকেও যদি আমরা ২-৩টা নতুন প্রতিভা বের করে আনতে পারি, নিজেদের কাজে সন্তুষ্টিটা বেড়ে যাবে।