‘সমাস’কে ‘ছমাস’ বলায় বেধড়ক পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসের পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতের কথা অনেকেরই জানা। কিন্তু এবার শিক্ষার্থীদের দোষটা একটু ভিন্ন। আর তাতেই কি-না শিক্ষার্থীদের চরম শাস্তি দিলেন শিক্ষক! হ্যাঁ, ক্লাসের পড়া তাদের হয়েছিল ঠিকই, ঠিক ছিল না শুধু উচ্চারণ। আর একটু ভুল উচ্চারণ করায় ১২ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন বাংলার এক শিক্ষক। আহত ওই শিক্ষার্থীরা হাসপাতাল থেকে চিকিত্সা নিয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয়ে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্রের ক্লাস চলছিল। এ সময় শিক্ষক আশরাফুল আলম হিরণ তাদের ‘সমাস’ পড়াচ্ছিলেন। ওই শিক্ষকের এক প্রশ্নের জবাবে এক শিক্ষার্থী ভুল করে ‘সমাস’ না বলে ‘ছমাস’ উচ্চারণ করে। এতে শিক্ষক আশরাফুল আলম রেগে ওই ক্লাসের ১২ জন শিক্ষার্থীকে বেত দিয়ে বেদম পিটিয়ে আহত করেন।আহত ওই শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করে প্রথম আলো ডটকমকে জানান, শিক্ষকের পিটুনির পর বাড়ি গিয়ে তাঁদের সন্তানেরা অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেকেরই প্রচণ্ড জ্বর শুরু হয়। এ অবস্থায় সন্ধ্যায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। ওই শিক্ষকের এমন নির্দয় আচরণের বিচার দাবি করেন তাঁরা।অভিযুক্ত শিক্ষক মো. আশরাফুল আলম হিরণ মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই ছাত্ররা ক্লাসে আমার সঙ্গে বেয়াদবি করায় আমি তাদেরকে শাসন করেছি।’এ ব্যাপারে মোগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার ভৌমিক বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকেরা বিষয়টি আমাকে জানিয়েছেন। এমন নির্দয়ভাবে ছাত্রদের পেটানো উচিত হয়নি। আজ (বুধবার) বিদ্যালয় পরিচালনা কমিটির সভা ডেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা আমার কাছে এ বিষয়ে অভিযোগ করতে এসেছিল। আমি তাঁদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি।’