‘সরকার খালি টাকায় নেয়, বাজার কোনার কোনো উন্নতি করে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখেন না হামার গোস্ত হাটিকোনার কী করুণ দশা? টিনটুন খুলি গেইছে, দেওয়াল কোনাও ভাঙ্গি পড়ছে। তাও কায়ও এ্যাটে আইসে না। গোস্ত হাটিটা ঠিক করিবার কথা কইলেও কায়ও শোনে না। খালি হামারটে টাকায় নেয়।’ এ কথাগুলো বলেন রংপুরের তারাগঞ্জ বাজারের মাংস বিক্রেতা মকবুল হোসেন। তারাগঞ্জ উপজেলার ২১টি হাটবাজারের মধ্যে তারাগঞ্জ বাজারটি সবচেয়ে বড়। প্রতি সোম ও শুক্রবার হাটের দিন শত শত গরু এখানে জবাই করে মাংস বিক্রি করা হয়। সরকারও প্রতিবছর এ হাট ইজারা দিয়ে আয় করেন ৭৫-৮০ লাখ টাকা। সেই আয় করা টাকা থেকে বাজারটির উন্নয়ন করার কথা থাকলেও তা হচ্ছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। ১৮ জানুয়ারি বাজারটি ঘুরে দেখা গেছে, জীর্ণ দশা, অব্যবস্থাপনা ও নোংরা। মাংস বাজার বসেছে খোলা জায়গায় নোংরা পরিবেশে। নর্দমাগুলো রক্ত ও পানিতে একাকার। পচা রক্ত ও নোংরা পানি, মাটির দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতা অতিষ্ঠ হয়ে উঠেছে। স্বাধীনতার পর উপজেলা পরিষদ মাংস বাজারের শেডটি নির্মাণ করলেও তা আর সংস্কার করেনি। মাংস শেডটির ওপরের টিন, কাঠ খুলে গেছে, ধসে পড়েছে দেয়ালের ইট, পুরো মাংস বাজারটি জরাজীর্ণ নোংরা হয়ে পড়েছে। এরই মধ্যে বসে ব্যবসায়ীরা মাংস বিক্রি করছেন। কথা হয় মাংস বিক্রেতা আজমল হোসেন, মকমল হোসেন, আ. জলিল, শরীফুল ইসলাম, মোকছেদ আলী, শাহ আলম ও জিন্নুর রহমানের সঙ্গে। তাঁরা জানান, দীর্ঘদিনেও এ মাংস বাজারের উন্নয়ন করা হয়নি। বৃষ্টি এলে এই বাজারের ময়লা রক্ত সারা বাজারে ছড়িয়ে পড়ে। এতে ক্রেতা-বিক্রেতাকে পড়তে হয় দুর্ভোগে। বাজার করতে আসা অনন্তপুর গ্রামের মহসিন আলী, রিপন ও মিনজাহুল ইসলাম জানান, তারাগঞ্জ বাজারের পানি নিষ্কাশনের জন্য নির্মিত নালাগুলোর বেশির ভাগ মাংসহাটির ময়লা আর আবর্জনা পড়ে বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলে পুরো বাজারে হাঁটুপরিমাণ পানি জমে। তারাগঞ্জ ও এ উচ্চবিদ্যালয়ের ছাত্র ভবেশ, মৃণাল চন্দ্র, রফিকুল ইসলাম ও সেকেন্দার জানায়, দুর্গন্ধে মাংস বাজারের কাছ দিয়ে স্কুলে আসা যায় না, সব সময় ওই বাজারে রক্ত ও পানি জমে। মাংস বিক্রেতা আশরাফুল ইসলাম বলেন, ‘ভাইজান সরকার খালি হামারটে টাকায় নেয়; কিন্তু বাজার কোনার কোনো উন্নতি করে না। বাজার কোনা ঠিক না করায় হামাক খোলা জায়গাত দোকান করিবার নাগেছে।’ আবদুর জব্বার নামের আরেক মাংস বিক্রেতা বলেন, ‘হামার কাসাই মাইষের কথা কায়ও শোনে না। এলা দোকান করিবার পাইলেও বৃষ্টির সময় হামরা এটে দোকান করিবার পাই না।’ তারাগঞ্জ বণিক সমিতির সভাপতি অরুণ কুমার দে জানান, জরাজীর্ণ মাংস শেডটি সংস্কার করতে অসুবিধা কোথায় তাঁর জানা নেই। আর কতকাল মাংস বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হবে তাও তাঁর অজানা। কুর্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাছনা বানু বলেন, ‘এডিপির বরাদ্দ পেলে এ বছরেই মাংস শেডটি সংস্কার করে দেব।’ হাটের ইজারাদার সহিদার রহমান বলেন, ‘মাংস শেডটি সংস্কার করে দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানকে অনুরোধ করেছি। উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী দুলাল জানান, এসব পত্রিকায় লেখার দরকার নেই। মাংস শেডটি সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে।