‘সরকার যেন হকির দিকে নজর দেয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সঙ্গে চিকিৎসক-ফিজিও নেই। খেলোয়াড় মাত্র ১৬ জন। প্রস্তুতির পেছনে খরচও নগণ্য। তার পরও আন্তর্জাতিক হকিতে সাফল্যের ধারাবাহিকতায় কাল বিশ্ব হকি লিগের নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার হয়তো হকির দিকে সরকার নজর দেবে—সিঙ্গাপুর থেকে টেলিফোনে বাংলাদেশের অধিনায়ক মামুনুর রহমান (চয়ন) জানালেন এই আশাবাদ আপনাদের অভিনন্দন। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে উঠে প্রতিশ্রুতি রেখেছেন...মামুনুর রহমান: আমরা খুশি, দেশে দিয়ে আসা প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। সিঙ্গাপুরে আসার আগে সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম, গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। এবং খুব ভালোভাবেই লক্ষ্যে পৌঁছেছি।  তিনটি ম্যাচের মধ্যে হংকং ও থাইল্যান্ডকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এত সহজে এল কীভাবে এই দুটি জয়?মামুনুর: আসলে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এই পর্যায়ের দলগুলোর চেয়ে আমরা সব সময়ই এগিয়ে থাকি। সামর্থ্য অনুযায়ী নিজেদের কর্তৃত্ব নিয়ে খেলেছি। হংকং-থাইল্যান্ডকে আমরা দাঁড়াতেই দিইনি। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ৪-২ গোলে জিততে আমাদের ঘাম ঝরলেও ভালো হকি খেলেছি। এখানে আয়োজকেরা মাঠের বাইরে অনেক অসহযোগিতা করেছে, তবে মাঠে আমাদের ঠেকাতে পারেনি।  কী ধরনের অসহযোগিতা ছিল আয়োজকদের দিক থেকে?মামুনুর: অনেক, অনেক। এখানে পদে পদেই ওরা আমাদের সমস্যায় ফেলেছে। এয়ারপোর্টে নামার পর যে লিয়াজোঁ কর্মকর্তা এসেছিলেন, তাঁকে আর পাওয়া যায়নি। কেউ আমাদের খোঁজও আর রাখেনি। দু-তিন ঘণ্টা আগে মাঠে এনে ওরা আমাদের নানাভাবে কাবু করার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। ঘরোয়া হকি চলছিল বলে আপনারা খেলার মধ্যে ছিলেন। এটাকে কীভাবে দেখছেন?মামুনুর: ঘরোয়া হকি মাঠে থাকলে জাতীয় দল ভালো করবেই। সম্প্রতি আমরা কয়েক মাস ধরেই খেলছি। আমরা অনেকে ইউরোপে খেলার সুযোগ পেয়েছি। সবকিছুরই ফল এটা। তা ছাড়া আমাদের কোচের পরিকল্পনা ভালো ছিল। আমরা সেই অনুযায়ী মাঠে পারফর্ম করেছি। আমিও তিনটা গোল করেছি। আলাদা করে যদি বলি, জিমি ভাই ভালো খেলেছেন। সব মিলিয়ে ভালো একটা টুর্নামেন্ট কেটেছে আমাদের। আপনাদের দেখে অন্য দলগুলোর মনোভাব কী?মামুনুর: অন্যরা আমাদের সাফল্য দেখে ভীষণ অবাক। এত কম সুযোগ-সুবিধার মধ্যেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি গত কয়েকটা টুর্নামেন্টে। সর্বশেষ ব্যাংককে এশিয়ান হকি ফেডারেশন কাপ জিতেছিলাম (নিচের দিকের দলগুলো নিয়ে আয়োজিত)। এবার অনেকেই এটা দেখে বিস্মিত, তারা যেখানে তাদের দলের প্রস্তুতির পেছনে ৮০-৯০ লাখ টাকা খরচ করেও পারছে না, আর আমরা ২৫-৩০ লাখ খরচ করেই চ্যাম্পিয়ন হচ্ছি। ওসব দেশে সাত-আটটি করে টার্ফ, আর আমাদের দেশে মাত্র একটা। এ সাফল্য ধরে রাখতে এখন কেমন সমর্থন আশা করেন?মামুনুর: আমি চাই, সরকার যেন হকির দিকে একটু নজর দেয়। নইলে এই সাফল্য থাকবে না। সামনে আমাদের অনেক কঠিন দলের সঙ্গে খেলতে হবে। এ জন্য ভালো প্রস্তুতি দরকার। আমাদের দলের সঙ্গে একজন চিকিৎসক-ফিজিও নেই। আমরা খেলোয়াড় এনেছি মাত্র ১৬ জন। অথচ কম করেও ১৮ জন খেলোয়াড় প্রয়োজন। টানা তিন দিনে তিনটি ম্যাচ। তাই সবার ওপর দিয়ে ধকল গেছে।  দেশে ফেরার পর আপাতত কোনো খেলা নেই। এরপর তাহলে কী করবেন? মামুনুর: এটাই তো বড় সমস্যা। তবে ফেডারেশনের কাছে আমার আবেদন, যে করেই হোক দেশে ফিরেই যেন ক্যাম্প শুরু করা হয়। নইলে সবার ফিটনেস আবার শূন্যতে নেমে যাবে। আমরা এ সাফল্যের আনন্দে ভেসে যাচ্ছি না। কারণ আমাদের আরও অনেক কিছু করার আছে।