‘সরকার লাইফসাপোর্ট দিয়ে বেঁচে আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার লাইফসাপোর্ট দিয়ে বেঁচে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম। জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দল আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। কাকরাইল, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রা উপলক্ষে দুপুর থেকেই নয়াপল্টন এলাকায় আসতে থাকেন নেতা-কর্মীরা। বেলা আড়াইটার দিক থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় (নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার পথে) যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পাঁচটা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ থাকে। শোভাযাত্রা চলাকালে নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এর কারণে চাপ পড়ে আশপাশের রাস্তাগুলোতে। ফলে আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। শোভাযাত্রা উদ্বোধনকালে তরিকুল বলেন, ‘দেশ যে অবস্থায় চলছে, তাতে বোঝা যায় সরকার লাইফসাপোর্ট দিয়ে বেঁচে আছে। আর চিত্কার করে বলছে আমরা বেঁচে আছি।’ তিনি দেশকে ‘নারকীয়’ অবস্থা থেকে বাঁচাতে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান। রাশিয়ার সঙ্গে চুক্তির সমালোচনা করে তরিকুল বলেন, একাত্তরের রাশিয়া আর এখনকার রাশিয়া এক নয়। আজকের রাশিয়ার সঙ্গে আমেরিকার কোনো পার্থক্য নেই। বিএনপির এই নেতা বলেন, ‘জানি না কী উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী সংবাদ সম্মেলন করে অস্ত্র কেনার বিষয়টি জাস্টিফাই করল। আবার কী ঘটল যে প্রধানমন্ত্রীকে দেশে এসে আবার সংবাদ সম্মেলন করে এসব কথা বলতে হলো।’ এই চুক্তির কোনো জায়গায় কোনো সংশয় আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তরিকুল অভিযোগ করেন, দেশে এখন কারও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। রাষ্ট্রের সবগুলো স্তম্ভ দলীয়করণের চোরাবালিতে ডুবে গেছে। সংবিধান নিজেই নিরাপত্তা চাইছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে শোভাযাত্রা-পূর্ব সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকতউল্লা প্রমুখ বক্তব্য দেন।