নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিএনপি। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি চলে। কেন্দ্র থেকে ১৮ দলীয় জোট এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তবে চট্টগ্রামের গণ-অনশন কর্মসূচিতে বিএনপি ছাড়া জোটের অন্য শরিক দলের নেতা-কর্মীদের অংশ নিতে দেখা যায়নি। সকাল সোয়া ১০টায় কর্মসূচি শুরু করেন নেতা-কর্মীরা। এতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, নগর শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন, বিএনপির নেতা আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে দুপুরের দিকে অনশনে যোগ দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা এস এম ফজলুল হক। গতকালের অনশনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সিদ্দিক আহমদ চৌধুরী। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অনশনে সংহতি প্রকাশ করেন। অনশনস্থলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সাংবিধানিক, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আন্দোলনের এ ধারা অব্যাহত থাকবে। আমাদের শন্তিপূর্ণ আন্দোলনে সরকারের নির্যাতনের কারণে কিছু ঘটনা ঘটেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের এ ধারা অব্যাহত রাখতে চাই।’ দেশের মানুষের সব ধরনের মৌলিক অধিকার হুমকির সম্মুখীন উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশরক্ষার সংগ্রাম চালিয়ে যাব। এর মাধ্যমেই সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত হবে।’ অনশন চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তব্যে বিএনপির নেতারা বলেন, সরকার এখন সবকিছুতে ‘জিরো টলারেন্স’ (কঠোর মনোভাব) দেখাচ্ছে। অর্ধাহারে, অনাহারে থাকা শিক্ষকদের আন্দোলনেও নির্যাতন চালানো হয়েছে। টক শোতে কেউ সমালোচনা করলে তা সরকারের সহ্য হচ্ছে না। এভাবে সরকারের ফ্যাসিবাদী আচরণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। জনগণ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। গতকাল রোববার সকালে অনশনের শুরুতে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। তবে বিকেল পৌনে চারটার দিকে নেতা-কর্মীরা অনশন কর্মসূচি শেষ করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফলের রস পান করিয়ে অনশন ভঙ্গ করান। অনশন শেষে নাসিমন ভবনের সামনে যুবদলের কর্মী হুমায়ুন কবিরের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় নগরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। ১৩ মে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষে মাথায় আঘাত পান হুমায়ুন।