‘সরকার ৩’-এ ঐশ্বরিয়া নেই!
অবশেষে ‘সরকার ৩’ ছবির কাজ শুরু করেছেন রাম গোপাল ভার্মা। ভার্মা শুধু ছবিটির কাজই শুরু করেননি; ছবিসংক্রান্ত একটি বোমা ফাটানো তথ্যও সম্প্রতি এক টুইটার বার্তায় জানিয়েছেন। সরকার ৩ ছবিটিতে অমিতাভ ও অভিষেক বচ্চন অভিনয় করলেও, থাকছেন না ঐশ্বরিয়া রাই। সরকার ৩ ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া—দিন কয়েক আগে প্রকাশিত এমন খবরের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক টুইটার বার্তায় ভার্মা লিখেছেন, ‘সরকার ৩ ছবির কাজ হাতে নিয়েছি। এ মুহূর্তে এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। এ ছবিতে ঐশ্বরিয়ার অভিনয়ের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। এবারের সিক্যুয়েলে অমিতাভ ও অভিষেক বচ্চনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হলেও, ঐশ্বরিয়া অভিনয় করছেন না।’ এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস। উল্লেখ্য, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সরকার’ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং ক্যাটরিনা কাইফ। তিন বছর বাদে মুক্তি পায় ছবিটির সিক্যুয়েল ‘সরকার রাজ’। ছবিটিতে আগের চরিত্রেই অভিনয় করেন অমিতাভ এবং অভিষেক, তবে ক্যাটরিনার স্থলাভিষিক্ত হন ঐশ্বরিয়া। এবারে ছবিটির তৃতীয় সিক্যুয়েলে অমিতাভ ও অভিষেক ফিরলেও, থাকছেন না ঐশ্বরিয়া।