‘সরকারের অনুরোধে আজকের হরতাল স্থগিত করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের নাটকীয়তার পর অবশেষে আজ রোববারের হরতাল কর্মসূচি স্থগিত করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। পরিষদ দাবি করেছে, সরকার শিক্ষানীতি সংশোধনসহ তাদের বিভিন্ন দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে। এ কারণে তারা হরতাল স্থগিত করেছে। তা ছাড়া খ্রিষ্টান সম্প্রদায় যাতে তাদের সবচেয়ে বড় উৎসব বড়দিন নির্বিঘ্নে উদ্যাপন করতে পারে, সেটাও বিবেচনা করেছেন পরিষদের নেতারা।গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে হরতাল স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘আমাদের দাবি মেনে নিতে সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম। বলেছিলাম, এর মধ্যে দাবি মানা না হলে ২৬ ডিসেম্বর হরতাল করা হবে। এরপর সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে ও সরকারের অনুরোধে ২৬ ডিসেম্বরের হরতাল স্থগিত করেছি। এ ছাড়া খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব উদ্যাপন যেন বিঘ্নিত না হয়, সে বিবেচনাও এসেছে।’ তিনি বলেন, ‘সরকার আমাদের দাবি বিবেচনা করার যে আশ্বাস দিয়েছে, আশা করি, তারা সেটা পালন করবে। পালন করা না হলে আবার হরতাল করব।’শিক্ষানীতি সংশোধনসহ বিভিন্ন দাবিতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ৮ ডিসেম্বর হরতাল কর্মসূচি ঘোষণা করে। আজ রোববার কর্মসূচি পালনের সময় ঘনিয়ে এলে বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম পরিষদের নেতাদের সঙ্গে পাঁচ দফা বৈঠক করে সমঝোতা করার চেষ্টা করেন। এই প্রক্রিয়ার কারণে হরতাল হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। গতকালের সংবাদ সম্মেলনে সব সংশয় দূর হলো।সংবাদ সম্মেলনে হরতাল স্থগিত করার ঘোষণা দিলেও দাবি আদায়ে সরকারকে সময় দেওয়া নিয়ে পরিষদের পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য দেওয়া হয়। একবার বলা হয়, দাবি পূরণে সরকারকে এক মাস সময় দেবে পরিষদ। আগামী ২৫ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আবারও হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে পরে পরিষদের নেতারা বলেন, তাঁরা কোনো সময় বেঁধে দিচ্ছেন না।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগও দেননি পরিষদের নেতারা। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মজুমদার সূচনা বক্তব্যে হরতাল আহ্বান থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন ঘটনাপ্রবাহ বর্ণনা করেন। তিনি পরিষদের বাইরে ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে বলেন, ‘দেশে অনেক ধর্মীয় দল আছে। তাদের দায়িত্ব ছিল আন্দোলনের সূচনা করা। তারা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছে, সেটা আপনারা জানেন। পরিষদ তার সীমাবদ্ধতার মধ্যেও কাজ করার চেষ্টা করেছে।’আলমগীর মজুমদার বলেন, ‘হরতাল আহ্বানের পর আমাদের নিয়ে নানা কটূক্তি করা হয়েছে। আমাদের কুখ্যাত রাজাকার, আল-বদর, আল-শামস বলা হয়েছে। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আপনারা একা আনেননি। আমাদেরও ভূমিকা ছিল।’ তবে তাঁদের কী ভূমিকা ছিল, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি তিনি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না থাকায় আলমগীর মজুমদারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়াও যায়নি।পরিষদের কেন্দ্রীয় নেতা মমতাজ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আমাদের দাবির বিষয়ে সরকার একটি বিবৃতি দেবে এবং পর্যায়ক্রমে সব দাবি মেনে নেওয়া হবে।’