‘সরকারের নিপীড়নের কথা অতিথিদের জানাবে বিএনপি’
সরকারের গুম-হত্যা ও দমন-নিপীড়নের কথা বিদেশি অতিথিদের জানাবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান আজ শুক্রবার এ কথা জানিয়েছেন। জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মঈন খান। পরে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। চারদলীয় জোট সরকারের সাবেক এই মন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দলের ওপর সরকারের নির্যাতন মাত্রা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, দেশের ভেতরে এর প্রতিবাদ করা হচ্ছে। বিরোধী দলের ওপর অত্যাচার দেশের মানুষ মেনে নেয়নি। তারা নিন্দা জানিয়েছে।মঈন খান বলেন, বাংলাদেশে খুব অল্প দিনের ব্যবধানে তিনজন অতিথি আসছেন। তাঁদের কাছে সরকারের গুম-হত্যা ও দমন-নিপীড়নের কথা বিএনপি অবহিত করবে। তিনি বলেন, সরকারই এসব সমস্যা তৈরি করেছে। সরকারকেই এর সমাধান করতে হবে। তবে আন্তর্জাতিক চাপে রাখার জন্য বিএনপি বিদেশি অতিথিদের এসব কথা জানাবে। বিএনপি বিদেশিদের কাছে নালিশ জানাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নালিশ জানানো নয়, অবহিত করা।জাপানি উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা বাংলাদেশে দুই দিনের সফর শেষে আজ দুপুরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে রওনা হয়েছেন। আগামীকাল শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশে আসছেন।