সাংবাদিকদের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
‘সরকারের বক্তব্য লিমনের বিচারে প্রভাব ফেলবে’
সরকারের উচ্চ মহলের বিভিন্ন ধরনের বক্তব্য র্যাবের গুলিতে পা হারানো কিশোর লিমনের বিচারের ক্ষেত্রে প্রভাব ফেলবে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান আজ মঙ্গলবার এমন মন্তব্য করেছেন।মিজানুর রহমান বলেছেন, ‘দ্রুত সময়ে লিমনের বিরুদ্ধে করা র্যাবের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে তা প্রশ্নের জন্ম দিয়েছে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল আয়োজিত ‘বাংলাদেশে মানবাধিকারের জন্য স্বচ্ছতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মিজানুর রহমান এ কথা বলেন।মিজানুর রহমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। কোথাও কোথাও সরকারকে ভুল বোঝানো হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে ভুল বার্তা যাচ্ছে। তাঁকে বোঝানো হচ্ছে র্যাব বিলুপ্ত করা হচ্ছে।’ তিনি উল্লেখ করেন, মানবাধিকার কমিশন র্যাব বিলুপ্ত করার কথা বলেনি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘লিমনের বিষয়টি মানবাধিকার কমিশন ভুলে যায়নি। লিমনের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। তাকে আইনি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। হয়তো আমরা আদালতে হেরে যেতে পারি। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, কমিশন প্রত্যেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি চিঠি পাঠাবে। যেকোনো আইনি হেফাজতে কেউ মারা গেলে ২৪ ঘণ্টার মধ্যে তা কমিশনকে অবহিত করার বিষয়টি এ চিঠিতে উল্লেখ করা হবে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ওই ঘটনা কেন ঘটল, কীভাবে ঘটল, নিহতের নাম-পরিচয়-ঠিকানা সব কিছুই জানাতে হবে। ঘটনা সত্যি কি না, কমিশন তা তদন্ত করে দেখবে।কমিশনের পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। মিজানুর রহমান বলেন, ‘কোনো ব্যক্তি অপরাধী বা সন্ত্রাসী কি না, তা দেখার দায়িত্ব কমিশনের নয়। এটা দেখে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লিমন সন্ত্রাসী কি না, তা দেখার দায়িত্ব রাষ্ট্রের ওই সব সংস্থার। তদন্ত করে যদি দেখা যায়, সে সন্ত্রাসী তাহলে তাঁর বিচার হবে। আমরা দেখব তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা আইনসিদ্ধ কি না।’