‘সর্বোচ্চ নেতা’ উন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের তৃতীয় ও ছোট ছেলে কিম জং-উনকে ‘সর্বোচ্চ নেতা’ হিসেবে উল্লেখ করেছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সংবাদপত্র।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি কর্তৃক প্রকাশিত রোডং সিনমুন পত্রিকার বরাত দিয়ে এ কথা জানায়। পত্রিকাটি আজ শনিবার বলেছে, ‘উত্তর কোরিয়ার জনগণ সর্বোচ্চ নেতা হিসেবে কমরেড কিম জং-উনের নেতৃত্বে বিপ্লবের কাজ সমাপ্ত করবে।’কিমের মৃত্যুর এক সপ্তাহ পর রাষ্ট্রীয় কোনো গণমাধ্যমে এই প্রথম উনকে সর্বোচ্চ নেতার স্বীকৃতি দেওয়া হলো। একই সঙ্গে পত্রিকাটি উনকে সামরিক কমান্ডার হিসেবেও উল্লেখ করেছে।উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ গত সোমবার কিমের মৃত্যুর খবর প্রকাশ করে। খবরে বলা হয়, হূদরোগে আক্রান্ত হয়ে কিম জং-ইল গত শনিবার ৬৯ বছর বয়সে মারা যান। কিমের মৃত্যুর সংবাদ প্রকাশের পরপরই রাষ্ট্রীয় গণমাধ্যমে উনকে তাঁর বাবার ‘যোগ্য উত্তরসূরি’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।কিমের মৃত্যুর পর ছেলে উন তাঁর উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বলেই প্রত্যাশা করা হচ্ছে। কিম জং-ইলের তৃতীয় স্ত্রী কো ইয়ং-হুইয়ের সন্তান উন।২০০৯ সালে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপের খবরে ইঙ্গিত দেওয়া হয়, কিম জং-ইলের ছোট ছেলে কিম জং-উন তাঁর উত্তরাধিকারী হবেন। এরপর আলোচনায় উঠে আসেন তিনি। এ ছাড়া সে সময় দেশটির শক্তিশালী জাতীয় নিরাপত্তা কমিশনের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ন্যস্ত করা হয় উনের ওপর। এতে সবাই ধরে নেন, পরবর্তী নেতৃত্ব তাঁর ওপরই বর্তাচ্ছে।জাতীয় নিরাপত্তা কমিশন উত্তর কোরিয়ার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত হয়। কিম জং-ইল এই কমিশনের চেয়ারম্যান পদে থেকেই দেশ শাসন করেছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ২ জুন উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা সর্বপ্রথম কিম জং-ইলের উত্তরাধিকারী হিসেবে কিম জং-উনের নির্বাচিত হওয়ার বিষয়টি দেশটির আইনপ্রণেতাদের অবহিত করে। সে সময় বলা হয়, দেশটির পরবর্তী উত্তরাধিকারী হিসেবে উনকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে কোরীয় কর্মকর্তাদের পক্ষ থেকে। রয়টার্স।