‘সাঁকোটি ঘাম ঝরানো পয়সায় করা’
সাঁকোর সামনে খড়ের ছাউনি দেওয়া ছোট্ট ঘর। বসার জন্য একটি বাঁশের আটাল পাতা। সেখানে বসে সাঁকোর দিকে তাকিয়ে আছেন মানিকুল ইসলাম (৪০)। পরিচয় জানতে চাইলে বলেন, একতা সমবায় সমিতির সদস্য তিনি। সাঁকো তত্ত্বাবধানের ভার তাঁর হাতেই। সাঁকোর ওপর দিয়ে বাইসাইকেল, রিকশা, ভ্যান, মোটরসাইকেল নিয়ে যাঁরা পার হন, তাঁরা খুশি হয়ে যে টাকা দেন, তা সমিতিতে জমা করেন। সেই সঙ্গে যানবাহন যাতে সাঁকো দিয়ে চলতে না পারে, সেদিকেও খেয়াল রাখেন। এ কাজে তাঁকে মাসে ৮০০ থেকে হাজার টাকা দেওয়া হয়। তিনিও সেখান থেকে সপ্তাহে ১০ টাকা হিসাবে সমিতিতে সঞ্চয় করেন সাঁকো রক্ষণাবেক্ষণের জন্য।নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের গাংবের বড়ুয়া গ্রামের খেটে খাওয়া মানুষেরা বহু কষ্ট সহ্য করেছেন। দীর্ঘ দিন ধরে প্রায় ৩০ হাজার মানুষ দ্বারে দ্বারে ধরনা দিয়েছেন। কিন্তু তাঁদের আশা পূরণ হয়নি। শেষে নিজেদের উদ্যোগে চারালকাটা নদীর ওপর ৪২৫ ফুট বাঁশের সাঁকো নির্মাণ করে দুর্দশা ঘুচিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, এলাকাবাসী সাঁকোটি নির্মাণের জন্য একটি সমিতি গঠন করে। ২০০৩ সালে গঠিত সমিতির নাম রাখা হয় ‘বড়ুয়া গাংবের কৃষক বন্ধু সমবায় সমিতি’। এর মাধ্যমেই নির্মাণ করা হয় বড়ুয়া গাংবের ও যাদুরহাট সংযোগ সাঁকো। তিন বছরের অক্লান্ত পরিশ্রমে সাঁকোটি নির্মাণ করা গেলেও সমিতি ভেঙে যায় অল্পদিনের মধ্যেই।সমিতির সদস্য আবদুস সালাম (৪৪) জানান, পরিকল্পনামাফিক ২০০৬ সালে বাঁশের সাঁকোটির নির্মাণকাজ শেষ হয়। ৪০ জন সদস্য এক লাখ ৬৫ হাজার টাকা খরচ করে প্রায় সাড়ে ৬০০ ফুট প্রশস্ত সাঁকোটি নির্মাণ করেন। কিন্তু এর পরপরই টাকা-পয়সার হিসাব নিয়ে বিরোধে কমিটি ভেঙে যায়। সমিতি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙতে থাকে সাঁকোও। আবারও শুরু হয় দুর্গতি।গ্রামবাসী আবারও ঐক্যবদ্ধ হয়ে নতুন করে ১৬০ সদস্যের কমিটি করে। সাঁকোটি আগের অবস্থান থেকে প্রায় ২০০ গজ সরিয়ে নির্মাণকাজ শুরু হয়। অক্লান্ত পরিশ্রমে প্রায় দুই বছর আগে সেখানে প্রায় ৪২৫ ফুট দীর্ঘ আরেকটি সাঁকো নির্মাণ করা হয়। এবার গ্রামবাসী এখানেই ক্ষান্ত দেয়নি। সাঁকো রক্ষণাবেক্ষণের জন্য ১৪ সদস্যের একটি কমিটিও করা হয়। সমিতির সদস্য মানিকুল ইসলাম (৪০) বলেন, ‘আগে বড়ুয়া ও গাংবের এলাকার ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারত না। এখানে একটি সেতুর জন্য অনেক মন্ত্রী-এমপির কাছে ধরনা দিছি। কিন্তু আমাদের কথা কেউ শোনেনি।’বিদ্যালয়ের শিক্ষক এ কে এম ফজলুল হক বলেন, এখন সাঁকোটা পার হয়ে সহজেই কিশোরগঞ্জ, রংপুর, তারাগঞ্জসহ সব জায়গায় যাওয়া যায়। তিনি বলেন, সাঁকোটি পারাপারে তেমন টাকা-পয়সা লাগে না। কেউ দুই টাকা দিলে সারা দিন যাতায়াত করতে পারে।সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, সাঁকোটি সম্পূর্ণ গ্রামের মানুষের ঘাম ঝরানো পয়সায় করা। এখানে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান সহায়তা দেয়নি। সাহায্য-সহযোগিতা পেলে গ্রামবাসীর চাপটা কম হতো। তিনি বলেন, বাঁশের খুঁটি প্রতিবছর নষ্ট হয় বলে পিলার স্থাপন করা হচ্ছে। সভাপতি আরও জানান, সাঁকোটির জন্য গঠিত কমিটিতে ১৪ জন ছাড়াও ১৬০ জন সাধারণ সদস্য রয়েছেন। তাঁরা প্রত্যেকেই প্রথমে এক হাজার টাকা করে দিয়ে সদস্য হয়েছেন। পরে প্রতি সপ্তাহে ১০ টাকা করে দিয়ে তাঁরা সাঁকো নির্মাণের একটি তহবিল গঠন করেছেন। এই সঞ্চয় থেকেই এক লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে সংযোগ সড়ক ও সাঁকোটি নির্মাণ করা হয়। এখনো সংস্কার বাবদ সদস্যেরা সমিতিতে সঞ্চয় করছেন।সাঁকোর কাজে নিয়োজিত রাজমিস্ত্রি আবদুল মজিদ বলেন, ‘সাঁকোটি আমাদের সবার উপকারে আসছে। আমি এখানে মিস্ত্রির কাজ করলেও মজুরি শহরের চেয়ে অনেক কম নিই। অন্য জায়গায় কাজ করলে মজুরি পাই দিনে সাড়ে ৩০০ টাকা। এখানে খুশি হয়ে যা দেয়, তা-ই নিই। কারণ আমি নিজেও সেতু-সমিতির সদস্য।’চাপড়া সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ওটা অনেক বড় সেতু। এডিবির যে বরাদ্দ আসে, তা দিয়ে ওটা করা সম্ভব নয়। তা ছাড়া সাঁকোটি প্রতি তিন মাস পর মেরামত করতে হয়। এলজিইডিতে চেষ্টা করেছি বরাদ্দের জন্য, হচ্ছে না। তিনি মন্তব্য করেন, সাঁকোটি নির্মাণ করে গ্রামবাসী একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।এলজিইডির নীলফামারী সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ওখানে স্থায়ী একটি সেতু করতে কয়েকটি প্রকল্পে প্রস্তাবনা দেওয়া আছে। সেতুটি করতে সাড়ে তিন কোটি টাকা লাগবে।