‘সাংগঠনিক মাসে’ সংগঠন গোছাতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের ঘোষিত ‘সাংগঠনিক মাসে’ও সংগঠন গোছাতে পারেনি প্রধান বিরোধী দল বিএনপি। উল্টো মূল দল ও অঙ্গসংগঠনে কোন্দল বেড়েছে। কেন্দ্রীয় নেতাদের মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে বলে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।ঈদের পর ‘কঠোর’ আন্দোলনের প্রস্তুতি নিতে রোজার মাসকে সাংগঠনিক মাস ঘোষণা করে বিএনপি। এর প্রধান লক্ষ্য ছিল, এই এক মাসে আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের ঢাকা মহানগর কমিটি গঠন ও এর কার্যক্রমকে শক্তিশালী করা। একই সঙ্গে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কমিটি গঠন করে দলকে সুসংগঠিত ও নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত করা। কিন্তু বাস্তবে এর কোনোটিই করতে পারেনি বিএনপি। কেবল রোজার মাসে চেয়ারপারসন খালেদা জিয়ার কয়েকটি মতবিনিময় সভা আর ইফতার অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল দলটির কার্যক্রম। অন্যদিকে এ মাসে দলের যুক্তরাজ্য শাখার কমিটি ভেঙে দিতে হয়েছে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। রোজার মধ্যে ড্যাবের দুই পক্ষের মধ্যে দুই দফা হাতাহাতি ও সংঘাত হয়।দলীয় সূত্রগুলো জানায়, বিএনপিতে অনেক দিন ধরে বিদ্যমান অন্তঃকোন্দলও সামান্যতম মেটেনি; বরং কেন্দ্রীয় নেতাদের মধ্যে মতবিরোধের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। উদাহরণ হিসেবে সূত্রগুলো দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য মওদুদ আহমদের পরস্পরবিরোধী বক্তব্য তুলে ধরেছে। মওদুদ আহমদ এক আলোচনা সভায় বলেন, ত্রয়োদশ সংশোধনীর আলোকে নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি। এর এক দিন পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, এই বক্তব্য মওদুদের ব্যক্তিগত, দলীয় নয়। নির্দলীয় সরকার নিয়ে দলের মধ্যে কেবল আলোচনা চলছে। কোনো প্রস্তাব তাঁরা চূড়ান্ত করেননি।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, দল যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তখন দুই শীর্ষ নেতার মতবিরোধের ঘটনা ভালো ইঙ্গিত বহন করে না। এতে দলের মধ্যে বিভেদ বাড়বে। এর প্রভাব মাঠপর্যায়ে পড়বে। কেন্দ্রীয় আরেক এক নেতা বলেন, খালেদা জিয়া স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনকালীন সরকার বিষয়ে হুটহাট কোনো মন্তব্য না করতে দলের নেতাদের সতর্ক করেছিলেন। তার পরও এ নিয়ে সমস্যা তৈরি হলো। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেছেন, বড় দলে কিছু সমস্যা থাকে। তবে সবাই খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। তিনি বলেন, যেসব কমিটি হওয়ার কথা ছিল, তা অচিরেই হয়ে যাবে। বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়া সৌদি আরবে থাকাকালে দলের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা তিনি নিরসন করবেন। পাশাপাশি শিগগিরই ছাত্রদল ও ঢাকা মহানগর কমিটি গঠনের উদ্যোগ নেবেন। এরপর যুবদল ও কৃষক দলের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।জানতে চাইলে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, মহানগর বিএনপির কমিটি গঠনের কাজ চলছে। অনেক ওয়ার্ড ও থানার কমিটি হয়েছে। এগুলো শেষ হলে মূল কমিটি হবে।