‘সাইনার সঙ্গে খেলতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার হাতে নিয়ে পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল হাসিমুখে ঘুরছিলেন আচিনিনিমেশিখা রত্নসির। বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে দ্বিমুকুটজয়ী শ্রীলঙ্কার ১৭ বছর বয়সী তরুণী টুর্নামেন্ট শেষে নিজের সম্পর্কে বললেন, বললেন বাংলাদেশের খেলোয়াড়দের নিয়েও দ্বিমুকুট জিতলেন, অনুভূতি কী?রত্নসির: খুবই ভালো লাগছে আমার। এই আনন্দ ঠিক বলে বোঝাতে পারব না। কারণ এই ধরনের টুর্নামেন্টে খেলে নিজেকে প্রমাণ করার অনেক কিছু থাকে। এখানে বিভিন্ন দেশ থেকে অনেক ভালো মানের খেলোয়াড় আসে। ওদের টপকে চ্যাম্পিয়ন হওয়ার মজাটাই আলাদা।  ভিয়েতনামের থু হুভেন লিও তো ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন?রত্নসির: হ্যাঁ। ও এমনিতেই খুব ভালো খেলোয়াড়। গ্রুপ পর্বে ওর কাছে হেরেছিলাম। তাই ফাইনালে যখন হুভেনকে পেলাম মনের মধ্যে একটা বিষয় ভীষণভাবে কাজ করছিল—যেভাবেই হোক ওকে হারাতেই হবে। সেই জন্য একটু বেশি সিরিয়াস ছিলাম। আর হুভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি বলেই আমার আনন্দ একটু বেশি।  এবারই কি প্রথম বাংলাদেশে খেলতে এলেন?রত্নসির: না। গত এসএ গেমসে ঢাকায় এসেছিলাম, এককে রুপা ও দ্বৈতে ব্রোঞ্জ জিতেছিলাম।  ব্যাডমিন্টনে আপনার প্রিয় খেলোয়াড় কে?রত্নসির: আমার প্রিয় খেলোয়াড় ভারতের সাইনা নেওয়াল। ওর খেলা সব সময়ই অনুসরণ করি। সাইনার সঙ্গে কি কখনো খেলার সুযোগ হয়েছে? রত্নসির: না। গত বছর দিল্লি কমনওয়েলথ গেমসের দলে সুযোগ পাওয়ার পরও পরীক্ষার কারণে খেলতে যেতে পারিনি। দিল্লি গেলে হয়তো সাইনার সঙ্গে খেলার সুযোগ পেতাম। ওর সঙ্গে খেলতে চাই, এই স্বপ্নটা অনেক দিনের। আপনি পড়াশোনা করছেন কোথায়?রত্নসির: কলম্বোতেই আমার বাড়ি। সেখানেই কলেজে পড়ছি।  ঢাকায় এসে কোথাও ঘুরতে গিয়েছিলেন। বেড়ানোর ইচ্ছা আছে?রত্নসির: এখানে এসে শুধু ইনডোর আর হোটেল, এই নিয়েই ব্যস্ত ছিলাম। এর বাইরে কোথাও যাওয়ার সুযোগ পাইনি। দেখি, সময় পেলে কোনো শপিংমলে যাব। কেনাকাটা করতে ভীষণ পছন্দ করি আমি। শ্রীলঙ্কায় ক্রিকেট বেশি জনপ্রিয়। ওখানে ব্যাডমিন্টনের চর্চাটা কেমন? রত্নসির: (হেসে) সত্যি বলেছেন, সেখানে ব্যাডমিন্টনের চেয়ে ক্রিকেট অনেক বেশি জনপ্রিয়। ছেলেরা একটু বড় হলেই ক্রিকেট ব্যাট আর বল নিয়ে দৌড়াতে শুরু করে। তবে ব্যাডমিন্টনও মন্দ নয়। দক্ষিণ এশিয়ায় আমরা দুই নম্বরে আছি। সবার ওপরে এখন ভারত, এরপরই আমরা।  দেশে আপনার র‌্যাঙ্কিং কত?রত্নসির: আমি মেয়েদের মধ্যে এক নম্বর।  বাংলাদেশের কারোর বিপক্ষে খেলেছেন?রত্নসির: দ্বৈতে আমরা বাংলাদেশের সঙ্গে খেলেছি। বাংলাদেশের মেয়েরাও যথেষ্ট ভালো খেলে। তবে আমার মনে হয়, ওদের আরও বেশি অনুশীলনের দরকার। আলাদা করে কারও খেলা কি ভালো লেগেছে?রত্নসির: এলিনা, শাপলা...। ওরা দুজন ভালো খেলেছে। বিশেষ করে শাপলার খেলা আমার ভালো লেগেছে।  ওদের জন্য কোনো পরামর্শ?রত্নসির: এখানে এসে দেখলাম ওয়াকওভার দিয়েছে অনেক বাংলাদেশি খেলোয়াড়। ওরা কেন এটা করল জানি না। তবে বেশি বেশি টুর্নামেন্ট খেলতে হবে। বেশি বেশি ম্যাচ খেলতে হবে। ব্যাডমিন্টনে উন্নতি করতে হলে বেশি খেলার কোনো বিকল্প নেই।