‘সাঈদীকে লুটের মালামাল নিয়ে যেতে দেখেছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা রুহুল আমিন নবীনের (৬১) জবানবন্দি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। জবানবন্দিতে তিনি বলেন, তিনি মুক্তিযুদ্ধকালে সাঈদীকে ঝাঁকায় করে লুটের মালামাল নিয়ে যেতে দেখেছেন।মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রুহুল আমিন গত বুধবার জবানবন্দি দেওয়া শুরু করেছিলেন। এ মামলার প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুল আলম হাওলাদারের মতো তাঁকেও ১১ ডিসেম্বর জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।সাঈদীর বিরুদ্ধে মামলায় বুধবার মাহবুবুল আলমের জবানবন্দির মধ্য দিয়ে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগেই সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।রুহুল আমিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইদুর রহমান। ১৯৭১ সালে ২১ বছরের তরুণ রুহুল আমিন জবানবন্দিতে বলেন, ‘একাত্তরের জুন মাসের মাঝামাঝি একদিন মুক্তিযোদ্ধাদের জন্য চাল, ডাল প্রভৃতি রসদ কিনতে পারেরহাট বাজারে যাই। ওই দিন ছিল বৃহস্পতিবার, হাটের দিন। সকাল সাড়ে ১০টা বা ১১টার দিকে বাজারের মাসুম স্টোরের সামনে অবস্থানকালে দেখি, উত্তর দিক থেকে পাঞ্জাবি-লুঙ্গি পরা, লুঙ্গি একপাশে কোঁচা মারা, বাঁ হাতে একটা ঢেউটিন আর মাথায় একটা ঝাঁকায় কাঁসা-পিতলের প্লেট-গ্লাস-বাটি-জগ-কলসসহ তৎকালীন দেলোয়ার হোসেন শিকদার বাজারের দক্ষিণ দিকে পাঁচ তহবিল নামে খ্যাত দোকানের দিকে যাচ্ছে। আমার পাশে দাঁড়ানো মৌলভি নুরুল হক বলেন, দেখেন, দেলোয়ার সাহেব লুটের মাল নিয়ে যাচ্ছে। নিরাপত্তার জন্য আমার সঙ্গে একটা রিভলবার থাকত। আমি উত্তেজিত হয়ে বলি, ওই লুটেরাকে এখনই গুলি করব। নুরুল হক আমাকে বাধা দিয়ে বলেন, এই মুহূর্তে ঝামেলা করলে পারেরহাটের অবশিষ্ট ঘরবাড়িগুলোও পাকিস্তানি হানাদার বাহিনী জ্বালিয়ে দেবে, নির্বিচারে গণহত্যা চালাবে।’জবানবন্দিতে রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামীর তৎকালীন আমির গোলাম আযম, কেন্দ্রীয় নেতা খুলনা শান্তি কমিটির সভাপতি এ কে এম ইউসুফ, পিরোজপুর মহকুমা শান্তি কমিটির সভাপতি খান বাহাদুর সৈয়দ আফজালের নির্দেশে পারেরহাটে শান্তি কমিটি গঠিত হয়। জামায়াতের নেতা সেকান্দার আলী শিকদার (বর্তমানে মৃত), দানেশ আলী মোল্লা (বর্তমানে মৃত), মাওলানা মোসলেহউদ্দিন, দেলোয়ার হোসেন শিকদার (বর্তমানে দেলাওয়ার হোসাইন সাঈদী)সহ আরও অনেকে শান্তি কমিটিতে ছিলেন। তিনি বলেন, ৭ মে ২৬টি রিকশায় প্রায় ৫২ জন পাকিস্তানি সেনা পারেরহাট বাজারে আসে। শান্তি কমিটির সদস্যরা বাজারে হিন্দু সম্প্রদায়ের ও আওয়ামী লীগের লোকজনদের ঘরবাড়ি দেখিয়ে দেয়। পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজ উর্দুতে ‘লে লো’ বলার সঙ্গে সঙ্গে সেনারা ওই সব ঘরবাড়ি লুট শুরু করে। ওই দিন পাকিস্তানি সেনারা বাজারের ৩০-৩৫টি দোকানও লুট করে।রুহুল আমিন বলেন, ৮ মে পাকিস্তানি সেনারা, রাজাকার ও শান্তি কমিটির লোকজন পারেরহাট বন্দরের পূর্ব পারে বাদুরা ও চিথোলিয়া গ্রামে তৎকালীন ধনাঢ্য ব্যক্তি রইছউদ্দিন পশারী, হেলালউদ্দিন পশারী, শহীদউদ্দিন পশারী ও মানিক পশারীর ঘরসহ সাত-আটটি ঘর লুট করে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, পাকিস্তানি সেনারা এলাকার কয়েকটি হিন্দু মেয়েকে ধর্ষণ করে। শান্তি কমিটির লোকজন শুধু লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, তারা হিন্দু সম্প্রদায়ের ননী সাহা, মাকুম সাহা, গণেশ চন্দ্র রায়, সতীশ চন্দ্র রায়, সুধীর চন্দ্র রায়, গৌরাঙ্গসহ ৫০-৬০ জনকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। দেশ স্বাধীন হওয়ার পর তাঁরা আবার নিজ ধর্মে ফেরেন।জবানবন্দিতে রুহুল আমিন বলেন, বিজয়ের পর ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি পারেরহাটে ফেরেন। সেখানে তাঁরা শান্তি কমিটির কয়েকজনকে আটক করলেও দানেশ মোল্লা, মাওলানা মোসলেহউদ্দিন, দেলাওয়ার হোসাইন সাঈদীকে খুঁজে পাননি। তিনি সব মুক্তিযোদ্ধা ও শান্তিকামী মানুষের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে একাত্তরে মানবতাবিরোধী শান্তি কমিটির সদস্য ও রাজাকারদের বিচারের আবেদন জানান।দুপুর সাড়ে ১২টার দিকে রুহুল আমিনের জবানবন্দি শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন।