‘সাকা অসুস্থতার ভান করেছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগার থেকে আদালতে নেওয়ার সময় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী অসুস্থতার ভান করেছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। প্রিজন ভ্যান থেকে শোয়া অবস্থায় তাঁকে ছয়-সাতজন পুলিশ কোলে করে এজলাসকক্ষে আনেন। তিনি কাঠগড়ায় বসার পরিবর্তে সারি করে রাখা চেয়ারগুলোতে শুয়ে পড়েন।পরে শুনানি শেষে আদালতের আদেশে বল হয়, আদালতে আনার সময় সালাউদ্দিন কাদের চৌধুরী অসুস্থ হিসেবে নিজেকে প্রদর্শন (পোজিং) করেছেন। কিন্তু তিনি আদালতে খুব উচ্চ স্বরে বক্তব্য দিয়েছেন। এতে মনে হয়েছে, তিনি অসুস্থতার ভান করছেন। অসুস্থ ব্যক্তি এত উচ্চ স্বরে কথা বলতে পারেন না।আদেশের পর চিফ প্রসিকিউটর গোলাম আরিফ সাংবাদিকদের বলেন, সাকা চৌধুরীকে নিয়ে বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। তিনি আদালতে ঔদ্ধত্য আচরণ দেখিয়েছেন। আদালতের প্রতি ন্যূনতম শ্রদ্ধাও দেখাননি। এর পরও আদালত ধৈর্য ধারণ করে বিচারিক দায়িত্ব পালন করেছেন।প্রসিকিউটর জেয়াদ-আল মালুম বলেন, সাকা চৌধুরী আদালতে বিশেষ ভঙ্গিমায় বক্তব্য দিয়েছেন। তাঁর আচার-আচরণ পরিকল্পিত। এটা তাঁর অভ্যাসগত বিষয়। অবশ্য সাকা চৌধুরীর পুত্রবধূ দানিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, উচ্চ স্বরে কথা বললেই একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যান না। তিনি আদালতে তাঁর শরীরের বিভিন্ন নির্যাতনের চিহ্ন দেখিয়েছেন। নির্যাতনের ভয়েই তিনি সেফ হোমে যেতে চাইছিলেন না। গতকাল শুনানিতে প্রসিকিউটরের বক্তব্য উপস্থাপনের পর সাকা চৌধুরী নিজেই তাঁর পক্ষে বক্তব্য দেবেন বলে জানান। ট্রাইব্যুনাল তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তিনি কয়েকটি চেয়ারের ওপর অর্ধশোয়া অবস্থায় উচ্চ স্বরে বক্তব্য দেন। এর আগে শুনানিতে প্রসিকিউটর জেয়াদ-আল মালুম সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের অগ্রগতি তুলে ধরে তাঁকে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আরজি জানান।শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিনজন সদস্যের ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে এক দিনের জন্য ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তাঁকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবে। একই সঙ্গে সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৯ জুন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।শুনানি ও সাকার ১৫ মিনিট: গতকাল শুনানির শুরুতে জেয়াদ-আল মালুম বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে যেসব তথ্য-উপাত্ত, ছবি, ডকুমেন্টস, রিপোর্ট, অডিও-ভিডিও পাওয়া গেছে, তা পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের জন্য নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি সাকা চৌধুরীকে তিন দিন হেফাজতে নিয়ে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আবেদন জানান।ট্রাইব্যুনাল জানতে চান, সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শেষ করতে কত দিন সময় লাগবে। জবাবে প্রসিকিউটর জেয়াদ-আল মালুম বলেন, সম্ভাব্য সময় ৬০ দিন।ট্রাইব্যুনাল বলেন, অপর পক্ষে (সাকা চৌধুরীর) কোনো আইনজীবী নেই। পৌনে ১২টার দিকে কাঠগড়ায় সারি করে রাখা চেয়ারে শুয়ে থাকা সাকা চৌধুরী বলেন, তিনি নিজেই আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেবেন। ট্রাইব্যুনাল অনুমতি দিলে তাৎক্ষণিক উপস্থিত পুলিশ সদস্যরা সাকা চৌধুরীকে বসানোর চেষ্টা করেন। তবে তিনি অর্ধশোয়া অবস্থায় পুলিশ সদস্যদের সহায়তায় বক্তব্য শুরু করেন।সাকা চৌধুরী বলেন, ‘গত বছরের ১৫ ডিসেম্বর আমাকে আটক করা হয়। আটকের পূর্বাবস্থা পর্যন্ত আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলাম। আটকের পর আমাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে ক্যান্টনমেন্ট থানায় হাজির করা হয়। ওই থানায় আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের সময় দুজন চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা বারবার আমার প্রেশার মাপছিলেন। পরে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন আমি সরকারি চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা নিতে অস্বীকার করি।’ এ সময় তিনি জামা তুলে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখান।এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘মি. চৌধুরী, আপনি জিজ্ঞাসাবাদের আবেদনের বিষয়ে বলেন।’ সাকা চৌধুরী উচ্চ স্বরে বলেন, ‘আমাকে বলতে দেবেন না?’ তিনি বলেন, জিজ্ঞাসাবাদের আবেদনের কপি ও কোনো কাগজপত্র তাঁকে দেওয়া হয়নি।এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এভাবে চলতে পারে না। তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর উদ্দেশে বলেন, ‘আপনার আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে। কেন আইনজীবী নিয়োগ দেননি। আপনি রিমান্ড আবেদনের ওপর বক্তব্য উপস্থাপন করুন।’ সাকা চৌধুরী বলেন, ‘আমি চার মাস যাবৎ আটক আছি। এখন আমাকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। কারাগারের গেটে তদন্তকারী সংস্থা আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। গণ-আদালতে যাঁরা ছিলেন তাঁরাও আসতে পারেন। গণ-আদালতে এ অপরাধের বিচার হয়েছে।’ এ পর্যায়ে তিনি উচ্চ স্বরে বলেন, ‘এক খাসি কতবার কোরবানি দেবেন?’এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যেভাবে উচ্চ স্বরে কথা বলছেন, তাতে মনে হয় না তিনি অসুস্থ।জবাবে সাকা চৌধুরী বলেন, ‘আপনি তো ওই গণ-আদালতের সদস্য ছিলেন।’ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ট্রাইব্যুনাল কাঠগড়া থেকে তাঁকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর ছয়-সাতজন পুলিশ সদস্য তাঁকে কোলে করে নিচে নিয়ে যান।শুনানিকালে প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, মোখলেছুর রহমান, আলতাফউদ্দিন আহমেদ এবং সাকা চৌধুরীর স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।