বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটনের প্রাথমিক প্রমাণ পেয়েছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গতকাল রোববার তদন্ত সংস্থা সাংবাদিকদের এ তথ্য জানায়।সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তের বিষয়ে জানাতে গতকাল বেলা তিনটায় তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে সাংবাদিকদের ডাকা হয়। এ সময় তদন্ত সংস্থা জানায়, প্রায় এক বছর তিন মাস তদন্ত শেষে সাকা চৌধুরীর বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে আজ সোমবার এ প্রতিবেদন দেওয়া হবে।সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, তদন্তে সাকা চৌধুরীর বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২)-এর এ, সি ও জি ধারায় ৩২টি ঘটনার অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও এ ধরনের অপরাধে সহায়তা করা। প্রতিবেদনে ১৪৬ জনের সাক্ষ্য রয়েছে। ১১৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে রয়েছে প্রায় আট হাজার পৃষ্ঠার বিভিন্ন দলিল, তদন্ত-সংশ্লিষ্ট কাগজপত্র ও কেস ডায়েরি। সোমবার (আজ) তদন্ত প্রতিবেদনসহ এসব নথি রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর কাছে দাখিল করা হবে।নুরুল ইসলাম আরও বলেন, সাকা চৌধুরীর অপরাধ সংঘটনের স্থানগুলো বৃহত্তর চট্টগ্রামে। তদন্তকালে এসব এলাকায় মানবতাবিরোধী অপরাধের প্রত্যক্ষদর্শী, ঘটনার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের জবানবন্দি নেওয়া হয়। এসব এলাকার খসড়া মানচিত্র এবং প্রয়োজনীয় ছবি ও ভিডিওচিত্র ধারণ করা হয়। তদন্তের জন্য মুক্তিযুদ্ধের আগে ও পরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ, মুক্তিযুদ্ধভিত্তিক বই ও সরকারি দলিলের সাহায্য নেওয়া হয়েছে।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান, তদন্ত সংস্থার সদস্য সানাউল হক, আবদুর রাজ্জাক খান, মো. হেলালউদ্দিন ও মনোয়ারা বেগম এ সময় উপস্থিত ছিলেন।সাকা চৌধুরী গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক আছেন। তদন্ত সংস্থার সূত্র জানায়, যে ৩২টি ঘটনার সঙ্গে সাকা চৌধুরীর সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে, সেগুলোর বেশির ভাগ গণহত্যার।তদন্ত সংস্থার সমন্বয়ক বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয় গত বছরের ২৬ জুলাই। অন্য মামলায় গ্রেপ্তার থাকা সাকা চৌধুরীকে ১৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি বলেন, তদন্ত শেষ হলেও পরে নতুন কোনো তথ্য-প্রমাণ পাওয়া গেলে সেগুলোও ট্রাইব্যুনালে দাখিল করা হবে।জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত কোন পর্যায়ে রয়েছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আবদুল হান্নান খান বলেন, ‘তাঁর বিষয়ে জাতির অনেক জিজ্ঞাসা। সবার মুখে এক প্রশ্ন—তাঁকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না।’ তিনি বলেন, ‘হয়তো এক মাসের মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’তদন্ত সংস্থার এক সদস্য পরে প্রথম আলোকে বলেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে যেসব সীমাবদ্ধতা ছিল, সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে সেগুলো কাটিয়ে ওঠা গেছে। এ বছরের ১ মে সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়।ট্রাইব্যুনাল গত ১ আগস্ট সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবরের (আগামীকাল মঙ্গলবার) মধ্যে ট্রাইব্যুনালে জমা দেওয়ার আদেশ দেন।