ভ্রমণক্লান্তির কারণেই কি না কাল অনুশীলনের জন্য মাঠে নামতে একটু দেরি হয়ে গেল নিউজিল্যান্ড দলের। সংবাদ সম্মেলনটাও তাই শুরু হলো নির্ধারিত সময়ের পরে। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে সংবাদ সম্মেলনে সহকারী অধিনায়ক রস টেলর আর কোচ মার্ক গ্রেটব্যাচ হাজির হলেও তাঁদের প্রশ্ন করার সুযোগ ছিল না। সংবাদ সম্মেলনটাই যে হলো মাত্র পাঁচ মিনিটের! এই সংক্ষিপ্ত সময়েই ড্যানিয়েল ভেট্টোরি জানিয়ে দিলেন, বাংলাদেশ সফরে তাদের সবচেয়ে বড় ভয়টা সাকিব আল হাসানকে নিয়ে— আগেরবার এসে বাংলাদেশের বিপক্ষে একটা ওয়ানডে ম্যাচে হেরেছেন। বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে এবারের সিরিজটাকে কি চ্যালেঞ্জ মনে হচ্ছে?ড্যানিয়েল ভেট্টোরি: আমি মনে করি, বাংলাদেশ অনেক উন্নতি করেছে, বিশেষ করে নিজেদের মাটিতে। কাজেই এটা যে একটা কঠিন সিরিজ হতে যাচ্ছে, সেটা আমরা জানি। তবে হ্যাঁ, আমরা এখানে জিততেই এসেছি। দুই দলের সামর্থ্যের ব্যবধান অনেক। তার পরও কি মনে করেন সিরিজ জিততে সেরা খেলাটাই খেলতে হবে আপনাদের?ভেট্টোরি: অবশ্যই, জানি সিরিজটা খুব সহজ হবে না। তবে দলে ভালো ভালো অনেক খেলোয়াড় থাকায় আমরা আত্মবিশ্বাসী। আমাদের ব্যাটিং লাইনআপে রাইডার আছে, ম্যাককালাম-টেলরও আছে টপ-অর্ডারে। সব মিলিয়ে দলটার কাছে প্রত্যাশাও বেশি। আমাদের চোখ তাই সিরিজ জয়ের দিকেই। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। ৫-০-তে সিরিজ জিততে পারার ব্যাপারে কতটা আশাবাদী আপনি?ভেট্টোরি: দুটি প্রস্তুতি ম্যাচ আছে, আপাতত সেগুলো নিয়েই ভাবছি। আমরা অনেক দিন পর আবার খেলা শুরু করছি। কাজেই কাজটা কঠিন হবে। প্রতিটি ম্যাচ জিততে হলে খুবই ভালো খেলতে হবে। বাংলাদেশ দলে এমন কোনো খেলোয়াড় কি আছে, এই সিরিজে যিনি আপনাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন?ভেট্টোরি: অবশ্যই, বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। এতে কোনো সন্দেহ নেই যে সাকিব আল হাসানই তাদের সেরা খেলোয়াড়। ওকে আটকাতে পারলেই আমরা জয়ের পথে চলে যাব। দারুণ খেলোয়াড়, বিশেষ করে এই কন্ডিশনে অনেকবারই নিজের সামর্থ্য প্রমাণ করেছে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আপনি এখন এক নম্বর বোলার, সাকিব দুই নম্বর। সাকিবের সঙ্গে নিজের তুলনা কীভাবে করবেন?ভেট্টোরি: আমার ধারণা, কিছু ব্যাপারে মিল আছে আমাদের। আমরা দুজনই ব্যাটিং-অর্ডারের নিচের দিকে একই জায়গায় ব্যাট করি, দুজনেই আবার বাঁহাতি স্পিনার। সাকিব কিছুদিন অধিনায়কও ছিল, সব মিলিয়ে তো তুলনা একটা হয়-ই। আমাদের দুজনের মূল ব্যাপারটা হলো, আমরা দুজনই সম্ভবত যাঁর যাঁর দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। ম্যাচ জিততে হলে প্রতিপক্ষকে যত বেশি সম্ভব আউট করার চেষ্টা করতে হবে আপনাকে এবং সাকিবই সম্ভবত আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল এবার বাংলাদেশ দলে নেই। এটা কি একটা স্বস্তি আপনাদের জন্য?ভেট্টোরি: আশরাফুলকে তো বাদ দেওয়া হয়েছে, তাই না? সে নিশ্চয়ই ফর্মে নেই। আর তামিম ইকবাল ইনজুরিতে। বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা ক্ষতি। টপ-অর্ডারে অনেক রান করেছে ও। এই সিরিজে বাংলাদেশ তাকে মিস করবেই। বিশ্বকাপের আগে উপমহাদেশে অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ সুযোগ বলবেন এটাকে?ভেট্টোরি: এই সময়ে এখানে আসার এটাই সবচেয়ে বড় কারণ। দলের বেশ কয়েকজন ক্রিকেটার আগে এখানে আসেনি, তাদের এখানকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হবে। আমরা খুবই সৌভাগ্যবান যে এর আগে আমরা শ্রীলঙ্কা সফরও করতে পেরেছি। এই সিরিজ শেষে যাব ভারতে। কাজেই বিশ্বকাপের আগে বিশ্বকাপের তিন স্বাগতিক দেশেই খেলার সুযোগ পাচ্ছি আমরা। বিশ্বকাপ প্রস্তুতির জন্য এটা খুব ভালো হয়েছে।