‘সাত সমুদ্র তের নদীর’ দূরত্বে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিজীবী জহুর আহমদ পরিবারসহ থাকেন ধরমপাশার বাদশাগঞ্জে। সুনামগঞ্জের মাইজবাড়িতে তাঁদের বাড়ি। বছরে মাত্র এক থেকে দুই বার বাড়িতে আসেন। কারণ যাতায়াত বিড়ম্বনা। জহুর আহমদের ভাষ্য, ‘সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে লন্ডন যেতে যে সময় লাগে, জেলার একটি উপজেলায় যেতে একই সময় লাগে।’ ধরমপাশা সুনামগঞ্জের হাওরবেষ্টিত একটি উপজেলা। ৫০ কিলোমিটার কাঁচা ও ২২ কিলোমিটার পাকা সড়ক। উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন ও নাজুক। বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নবাসীর উপজেলা সদরে যাতায়াতের পথ মহিষখলা থেকে মধ্যনগর বাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রাস্তায় ৮/১০টি কালভার্ট নির্মাণ করা হলেও নেই কোনো সংযোগ সড়ক। দুই ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষকে এজন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার এ করুণ দশার কথা বলতে গিয়ে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের স্কুলশিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, বর্ষাকালে উপজেলা সদরে যাতায়াতের একমাত্র বাহন হলো নৌকা। আর হেমন্তে এবড়োখেবড়ো রাস্তা দিয়ে উপজেলা সদরে আসতে জীবনের সঙ্গে যুদ্ধ করতে হয়। দাপ্তরিক কাজে কাকডাকা ভোরে বাড়ি থেকে রওনা হলেও উপজেলা সদরে পৌঁছাতে দুপুর পেরিয়ে যায়। ফলে দাপ্তরিক কাজ সম্পন্ন হলেও ওই দিন আর ফেরা হয় না। ফলে বাধ্য হয়ে উপজেলা সদরেই রাত যাপন করতে হয়। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কৃষক মো. রাজ্জাক মিয়া (৬০) বলেন, ‘কী আর কইমু বাপজান, ভোটের আগে নেতারা রাস্তার কাজ কইর্যা দিব বইলা বড় বড় বুলি ছাড়েন। কিন্তু কামের বেলা কিচ্ছু হয় না। আল্লাহ জানে বরবাদ রাস্তাডা কখন ভালা অইব।’এলজিইডি সূত্র জানায়, বাংলাদেশ পূর্বাঞ্চলীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহিষখলা থেকে মধ্যনগর পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে। বর্ষা ও হেমন্তে উপজেলার দুই লক্ষাধিক জনগোষ্ঠীকে ইঞ্জিনচালিত নৌকা কিংবা লঞ্চে জেলা সদরে যাতায়াত করতে হয়। উপজেলা সদর থেকে জেলা শহরের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। আর এ পথ পাড়ি দিতে সময় লাগে সাত থেকে আট ঘণ্টা। অথচ ধরমপাশা-জয়শ্রী হয়ে সেলিমগঞ্জ পর্যন্ত মাত্র ২২ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হলেও অত্যাধুনিক যানবাহন যেমন বাস, টেম্পো ইত্যাদির সাহায্যে মাত্র দেড় ঘণ্টায় উপজেলা সদর থেকে জেলা শহরে পৌঁছা সম্ভব। ইতিমধ্যে আড়াই কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ সম্পন্নও হয়েছে। উপজেলা সদরের সঙ্গে জেলা শহরের যোগাযোগ প্রসঙ্গে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুদ্দিন আহমদ বলেন, উপজেলা সদর থেকে ইঞ্জিনচালিত নৌকা কিংবা লঞ্চে জেলা শহরে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়। ধরমপাশা-জয়শ্রী হয়ে সেলিমগঞ্জ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হলে সময় অনেকটা কমে আসত। ফলে উপজেলাবাসী সম্পদের সুষ্ঠু ব্যবহার, শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক দিক দিয়ে উপকৃত হবে।